‘কুৎসিত’ ম্যাচের পর মরিনহোর ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল-বার্সা দ্বৈরথের আঁচ শুধু ‘এল ক্লাসিকো’তেই টের পাওয়া যায়, এমন নয়। প্রতি সপ্তাহেই একটা অদৃশ্য প্রতিদ্বন্দ্বিতা উত্তাপ ছড়িয়ে চলে দুই দলের মধ্যে। বার্সেলোনা এই করেছে, দেখি রিয়াল কী করে—শুধু স্পেনই নয়, তাকিয়ে থাকে ফুটবল-বিশ্বই।বড়দিনের ছুটির আগের সপ্তাহে একেবারে ভিন্ন দুই অভিজ্ঞতা উপহার দিল বার্সেলোনা ও রিয়াল। গত শনিবার নগর প্রতিপক্ষ এসপানিওলের মাঠে গিয়ে চোখ জুড়ানো ফুটবল খেলে ৫-১ গোলে জিতে এসেছে বার্সেলোনা। পরদিন নিজেদের মাঠে রিয়াল ‘কুৎসিত’ এক ম্যাচে কোনোমতে ১-০ গোলে হারাল সেভিয়াকে।৭৬ মিনিটে দুরূহ কোণ থেকে অ্যাঙ্গেল ডি মারিয়ার গোল বার্সেলোনার ২ পয়েন্ট পেছনে রেখেছে রিয়ালকে। তবে এই ম্যাচ যাঁরা দেখেছেন, এই গোল ছাপিয়ে তাঁদের চোখে ভাসবে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বারবার লেগে যাওয়া, রেফারির দুবার লাল কার্ড ও ৯ বার হলুদ কার্ড উঁচিয়ে ধরার দৃশ্য। বিরতির সময় তো দুই দলের ডাগ-আউটের সীমানাও মুছে গেল হাতাহাতিতে।কুৎসিত সব দৃশ্য! ম্যাচটা সম্পর্কে এই ‘কুৎসিত’ শব্দটা ব্যবহার করেছেন হোসে মরিনহোই। ম্যাচ শেষে রিয়াল কোচ প্রচণ্ড বিরক্তি নিয়ে বলেছেন, ‘এই ম্যাচ ভুলে যাওয়াই ভালো। এটা ছিল খুব কুৎসিত। এটি দেখার জন্য আমি এক পয়সাও খরচ করতাম না। বাড়িতে থাকলেও ইউরোস্পোর্টে ভিয়েতনামে যে খেলাটা হচ্ছে (এএএফ সুজুকি ফুটবল), সেটি দেখতাম।’মরিনহোর বিরক্তির আসল কারণ রেফারিং। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে একটি কাগজ নাড়াতে নাড়াতে বলেছেন, ‘রেফারি ১৩টি গুরুতর ভুল করেছে।’ রেফারি যে ভুলগুলো করেছেন বলে মরিনহোর দাবি, সেই ঘটনাগুলো লেখা ছিল ওই কাগজে।রেফারিংয়ের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে কিংস কাপে লাল কার্ড দেখেছেন মরিনহো, ডাগ-আউটে দুই ম্যাচ নিষিদ্ধও থেকেছেন এ কারণে। চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের বিপক্ষে ম্যাচে রামোস ও আলোনসো মরিনহোর নির্দেশমতো ইচ্ছে করে লাল কার্ড দেখেছেন—এই অভিযোগেও জরিমানার পাশাপাশি এক ম্যাচ নিষিদ্ধ হতে হয়েছে। আবার শাস্তি এড়াতেই রেফারির ভুলের তালিকাটা অন্য কেউ করে দিয়েছেন জানিয়েছেন মরিনহো। একই সঙ্গে রিয়াল ক্লাব কর্তৃপক্ষকে বাজে রেফারিংয়ের ব্যাপারে সোচ্চার হতে বলেছেন, ‘আমি এটি নিয়ে একেবারে ক্লান্ত হয়ে পড়েছি। কিন্তু আমার দলকে তো বাঁচাতে হবে। আমি যা ভাবছি তা বললে কাল সেটি প্রথম পৃষ্ঠার খবর হবে এবং আমাকে বহিষ্কার করা হবে। তাই আমি চাই, ক্লাব আমার দলকে অবিচারের হাত থেকে বাঁচানোর ব্যবস্থা নিক।’ এ ব্যাপারে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন।ডাগ-আউটে দাঁড়িয়ে কখনো অবিশ্বাসের, কখনো বা বিদ্রূপের হাসি হেসে রেফারিংয়ের ব্যাপারে নিজের মনোভাব পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন মরিনহো। রেফারির যে ১৩টি ভুলের কথা বলেছেন, তার মধ্যে কারভালহোর দ্বিতীয় হলুদ কার্ড দেখাটা অবশ্যই থাকার কথা। ৬৩ মিনিটে হেড করতে লাফিয়ে ওঠা কারভালহোর মাথা ঠোকাঠুকি হয়েছিল প্রতিপক্ষের সঙ্গে। এ জন্য দ্বিতীয় হলুদ কার্ডটা অন্যায়ই মনে হয়েছে। কিছুক্ষণ পর ডি মারিয়ার পায়ে মেরে সেভিয়ার মোহাম্মদু দাবোর সরাসরি যে লাল কার্ডটা দেখেছেন, এটি নিয়ে অবশ্য কোনো প্রশ্ন নেই। তথ্যসূত্র: এএফপি ও টেন অ্যাকশন।