‘কেউই কিন্তু সুপারম্যান নয়’
ওয়ানডে সিরিজজুড়ে ছিল মাশরাফি-বিতর্ক। টেস্ট সিরিজের আগে হঠাত্ অবসর নিয়ে সেই খোরাক দিয়ে গেলেন রকিবুল হাসান। কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনের প্রায় পুরোটাই হলো সর্বশেষ এ ঘটনা নিয়ে রকিবুল অবসর নিয়ে চলে গেলেন। ব্যাপারটা কীভাবে নিয়েছেন?সাকিব আল হাসান: মাঠ থেকে ফেরার সময় বাসেই ও প্রথম কথাটা বলে। যখন বলল, ও ক্রিকেট থেকে অবসর নিচ্ছে, আমরা খুবই অবাক হয়েছি। সবাই ওকে বোঝানোর চেষ্টা করেছি। আমার মনে হয়, ও বড় একটা ভুল করছে। তবে আমরা চাই না এর কোনো প্রভাব আমাদের খেলায় পড়ুক। এখন কালকের (আজ) ম্যাচের দিকেই তাকিয়ে সবাই। আজ (গতকাল) প্র্যাকটিসের শুরুতে এ নিয়ে কথা হয়েছে। আমার ধারণা, দলে আর কেউ বিষয়টা নিয়ে তেমন আলাপ করবে না। রকিবুলের মুখে প্রথম অবসরের কথা শুনে আপনার তাত্ক্ষণিক কেমন লেগেছিল?সাকিব: রকিবুল সেঞ্চুরি করে দলে ফিরেছে। বাসে যখন কথা বলতে দাঁড়াল, ভেবেছিলাম ও হয়তো আমাদের খাওয়াবে। এ রকম ক্ষেত্রে দলের মধ্যে সেটাই রেওয়াজ...আমরা টিম ডিনার দিই বা সবাইকে কিছু একটা খাওয়াই। আমিও ভেবেছিলাম সে হয়তো এ রকমই কিছু একটা বলবে। কিন্তু হঠাত্ করে এটা বলেছে। আমার তো প্রথমে বিশ্বাসই হয়নি। ঠিক কী কারণে তাঁর এই সিদ্ধান্ত তা কি জানতে পেরেছেন?সাকিব: তার সঙ্গে কথা বলে যে ধারণা পেয়েছি, তাতে কারণগুলোকে কোনো কারণই মনে হয়নি আসলে। এ নিয়ে তাই কোনো মন্তব্য করতে চাই না। এটা সম্পূর্ণ তার ব্যাপার। যতবারই বোঝানোর চেষ্টা করেছি, সে বলেছে আমার মন উঠে গেছে। আমি আর খেলব না। সতীর্থদের সঙ্গে কোনো সমস্যা হয়নি তো?সাকিব: আমার মনে হয় না সতীর্থদের সঙ্গে কখনো তার কোনো সমস্যা ছিল। তবে এর বাইরে ওর মনে অন্য কোনো কথা থাকতেও পারে, সেটা বলতে পারব না। ওকেই জিজ্ঞেস করতে হবে। ওয়ানডে সিরিজের মধ্যে মাশরাফি চলে গেলেন। এখন রকিবুল। আপনার কি মনে হয় রকিবুলের ঘটনায় আগের ঘটনার কোনো প্রভাব আছে?সাকিব: আমার মনে হয়, আগের ঘটনাটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলে ভালো হতো। ওটাই হয়তো একটা বড় ভুল হয়ে গেছে বোর্ডের পক্ষ থেকে। এসব ঘটনাই কিন্তু শৃঙ্খলাভঙ্গের মতো। এর আগে শাহরিয়ার নাফীসেরও একটা ব্যাপার ছিল, অনেকটা এ রকমই। দল ঘোষণার পর উনি বলেছেন উনি খেলবেন না। এসবের একটা প্রভাব তো আছেই। আমি জানি না কী সিদ্ধান্ত হবে, এটা পুরোপুরি ক্রিকেট বোর্ডের ব্যাপার। তবে তারা এ ব্যাপারে আরও কঠোর হলে ভালো হবে। মাঠের পারফরম্যান্সটা যখন আপনাদের ভালো, মাঠের বাইরে দলের মধ্যে এসব ঘটনা কি অধিনায়কের কাজটাকে কঠিন করে তোলে না?সাকিব: মাঝেমধ্যে মনে হয় হয়তো আমারই কিছু ভুল ছিল। তখন চেষ্টা করি ভুলটা বের করার, যদি কিছু মনে আসে সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করি। আর যদি মনে হয় আমি আমার জায়গায় ঠিক ছিলাম, তখন আমার আর কিছু করার থাকে না। দলের ম্যান ম্যানেজমেন্টে কি কোনো সমস্যা আছে বলে মনে করেন?সাকিব: এই জায়গায় আমাদের একটু সমস্যা হলেও হতে পারে। আমরা খুব বেশি আবেগপ্রবণ। এত আবেগ দিয়ে আসলে ক্রিকেট খেলা সম্ভব না। আপনি একটা সিরিজে বাদ পড়তেই পারেন। আর এমন না যে রকিবুলের বাদ পড়াটা ঠিক হয়নি বা সে বাদ পড়তেই পারবে না! কেউই কিন্তু সুপারম্যান নয়। সব ক্রিকেটারের জীবনেই এ রকম সময় যায়। ওই সময়টাতে মন থেকে চিন্তা না করে মাথা দিয়ে চিন্তা করাই ভালো। ও যদি ক্রিকেট খেলত ওর জন্যই ভালো হতো। এতে আর কারও কোনো সমস্যা হবে বলে মনে হয় না এক রকিবুল ছাড়া। বাংলাদেশ দলের খেলোয়াড়দের গড় বয়স ২২-২৩। এমন অপরিণত সিদ্ধান্ত আসার পেছনে এটাও কি একটা কারণ?সাকিব: হতে পারে। তবে আমাদের বয়স কম হলেও আমরা কিন্তু দেড়-দুই বছর থেকে আড়াই বছর-তিন বছর ধরে ক্রিকেট খেলছি। এত দিনে আমাদের অবশ্যই এতটুকু পরিণত হওয়া উচিত যে ক্রিকেট খেলতে গেলে উত্থান-পতন আসবে, কঠিন সময় আসবে কিংবা ভালো সময়ও আসবে। এসব কীভাবে সামলাতে হবে সেটা সবারই জানা উচিত। কোচ জেমি সিডন্স বলেছেন, রকিবুল দলে ফিরলে তাঁকে স্বাগতই জানানো হবে। আপনি কী বলেন?সাকিব: এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। যদি দলের সবাই স্বাগত জানায় আমার কোনো সমস্যা নেই। তবে আমরা চাই না এ ব্যাপার নিয়ে আর বেশি ভাবতে। আমি এটাও চাচ্ছি না এ ব্যাপার নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করেন (হাসি)।