'কেউই নাগালের বাইরে নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
Untitled-6
Untitled-6

বিশ্বকাপের কোচদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্বে আছেন। ‘এল মায়েস্ত্রো’ ডাকনামের অস্কার তাবারেজ গত বিশ্বকাপে উরুগুয়েকে নিয়ে গিয়েছিলেন শেষ চারে। ওয়ার্ল্ড সকারকে দেওয়া সাক্ষাত্কারে ৬৭ বছর বয়সী কোচ বললেন দলের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে
l কোস্টারিকা, ইতালি ও ইংল্যান্ডের সঙ্গে এক গ্রুপে থাকার বিপদটা কেমন?
অস্কার তাবারেজ: প্রতিযোগিতার আগে দলগুলো যখন আপনি বিশ্লেষণ করবেন, তাদের ইতিহাস, তাদের অর্জন এসবের দিকেই আপনি বেশি তাকান। এখন তারা কেমন ফর্মে, সেটির দিকে কিন্তু অতটা নয়। কোস্টারিকার একটা নিজস্ব ধরন আছে। তারা দক্ষ, ফিট ও দ্রুতগতির। গত বিশ্বকাপের প্লে-অফে আমরা ওদের সঙ্গে খেলেছিলাম। তারা আমাদের বিস্তর ভুগিয়েছিল। কিন্তু আমরা গত কয়েক বছর দেখিয়েছি কোনো দলই আমাদের নাগালের বাইরে নয়।
l গ্রুপ ডি কি মৃত্যুকূপ?
তাবারেজ: আমরা সহজ গ্রুপ আশা করিনি। কারণ সেটা কখনোই পাওয়া হয়নি আমাদের। দক্ষিণ আফ্রিকার কথাই ধরুন, গ্রুপ অব ডেথ নিয়ে অনেক কথাই হয়েছিল। অনেকেই আমাদের বিদায় দেখে ফেলেছিল। আমরা কিন্তু গ্রুপটা জিতেছিলাম। সত্যিটা হচ্ছে, আমাদের ভালো কিছু দলের সঙ্গে খেলতে হবে, যাদের সমৃদ্ধ ইতিহাস আছে। বিশেষ করে ইতালি, চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন। ওদের অসাধারণ একটা ফুটবল ঐতিহ্য আছে। ইংল্যান্ডের খেলোয়াড়েরাও দারুণ প্রতিযোগিতামূলক লিগে খেলে, সবকিছুই বলছে আমাদের খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এটা একই সঙ্গে আপনাকে বাড়তি তাড়নাও দেবে।

l কনফেডারেশনস কাপে খেলাটা তো আপনাদের সাহায্য করেছে...

তাবারেজ: কোপা আমেরিকা (আর্জেন্টিনায় ২০১১ সালে) জিতেছিলাম বলেই আমরা ব্রাজিলে কিছু ম্যাচ খেলার ও ওখানকার অভিজ্ঞতাটা পাওয়ার সুযোগ পেয়েছি। এটা দারুণ ব্যাপার। কিছু ব্যাপার খুব ভালো ছিল, পরিবহনব্যবস্থা ছিল অসাধারণ। আমার মনে হয় বিশ্বকাপে তার চেয়ে ভালো না হোক, সে রকম ব্যবস্থা অন্তত থাকবে।

l গত বিশ্বকাপের অনেক খেলোয়াড়ই এবারের দলেও আছে। কিন্তু তাদের বয়স চার বছর বেড়েছে। নতুন মুখ আনা কি কঠিন ছিল?

তাবারেজ: উরুগুয়েতে শীর্ষ পর্যায়ের কয়েকটি দল গড়ার মতো যথেষ্ট খেলোয়াড় নেই। সম্প্রতি আমরা এমিলিয়ানো ভাসকেস, গাসটন সিলভা, হোসে মারিয়া জিমেনেজ—এ রকম বেশ কিছু তরুণদের সুযোগ দিয়েছি। তারা ভালো করছে।

l লুইস সুয়ারেজের ওপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ার কোনো বিপদ কি আছে?

তাবারেজ: হ্যাঁ, আসলেই তা-ই। তবে যেকোনো দলের প্রতিভাবান খেলোয়াড়ের ক্ষেত্রেই কথাটা সত্যি। যখনই সে এখানে (উরুগুয়ে দলে) এসেছে, সে নতুন কিছু অর্জন করেছে। কাজেই কে বলতে পারে, আগের বিশ্বকাপের মতো সে আরেকটি চ্যালেঞ্জে জয়ী হতে পারবে না? তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে, সুয়ারেজ, কাভানি, কাসেরেস (মার্টিন) নিজেদের আদর্শ সময়ে আছে। তারা পরের বিশ্বকাপেও খেলতেই পারে। হয়তো শারীরিকভাবে আরও ভালো হবে না, কিন্তু তারা আরও অভিজ্ঞ হবে।

l ডিয়েগো ফোরলান গত টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন। তিনি এখন কম খেলছেন কিন্তু দলের তারকাদের একজন। ব্রাজিলে তাঁর ভূমিকাটা কী হবে?

তাবারেজ: কনফেডারেশনস কাপে সে ভালোই করেছে। নিজের মানটা ধরে রেখেছে। বয়সের সঙ্গে আপনি হয়তো শারীরিক অনেক সক্ষমতা যেমন গতি হারিয়ে ফেলবেন, কিন্তু আবার অভিজ্ঞতার মতো কিছু জিনিস বাড়বেও। সবচেয়ে বড় প্রশ্ন হলো, সে কি জাতীয় দলে ফিরতে পারবে? আমার মনে হয়, পারবে।

l ১৯৫০ সালে ব্রাজিলে উরুগুয়ে বিশ্বকাপ জিতেছিল। সেই প্রত্যাশা কি আপনাকে উদ্বিগ্ন করে?

তাবারেজ: মুখে মুখে ফিরে এমন হয়েছে যে, এটি উরুগুয়ের লোকগাথার অংশই হয়ে গেছে। তবে সেটা তো আর এখনকার উরুগুইয়ান ও ব্রাজিলিয়ান ফুটবলের বর্তমান বাস্তবতাকে বদলে দিতে পারবে না। তখন যুগটা ছিল ভিন্ন। উরুগুয়ে ব্রাজিলের চেয়ে মোটেই পিছিয়ে ছিল না। আমরা দক্ষিণ আফ্রিকায় চতুর্থ হয়েছিলাম, কিন্তু ভক্তদের হাবভাবে মনে হচ্ছিল আমরা যেন টুর্নামেন্ট জিতে ফেলেছি! আমরা এই উচ্ছ্বাসে ভেসে যেতে পারি না। যদিও আবেগটা আমি বুঝতে পারি।