‘কেপির জন্য এক সাকিবই যথেষ্ট’
টেস্ট সিরিজের জন্য দল ঘোষণার পরই প্রথম একাদশের একটা ছবি পাওয়া গিয়েছিল। নাঈম ইসলাম ও শাহাদত হোসেনের বাইরে থাকাটা একরকম নিশ্চিতই ছিল। এনামুল জুনিয়র না আবদুর রাজ্জাক—আগ্রহ ছিল সেটি নিয়েই। আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা হয়নি, তবে কাল জেমি সিডন্স জানিয়ে দিলেন, তাঁর পছন্দ রাজ্জাক। ২০০৬ সালে যে মাঠে টেস্ট অভিষেক হয়েছিল রাজ্জাকের, ১৬ মাস পর আবার টেস্ট ক্রিকেটে ফিরছেন সেই মাঠেই।‘রাজ্জাক ওয়ানডেতে ভালো করেছে, তা ছাড়া ও খেলার মধ্যেই আছে। আমি রাজ্জাককেই নেওয়ার পক্ষে’—কাল সরাসরিই জানালেন সিডন্স। ওয়ানডে সিরিজের পারফরম্যান্সেই কোচের ভোট পেয়েছেন রাজ্জাক। প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যানের দুঃসময়টা দীর্ঘায়িত করতে চান বাংলাদেশের কোচ। ওয়ানডে সিরিজে কেভিন পিটারসেনকে দুবার আউট করা বোলারকে তো আর বাইরে বসিয়ে রাখা যায় না। ওয়ানডে বোলারের তকমাটা খসিয়ে ফেলার আরেকটা সুযোগ পাচ্ছেন রাজ্জাক। দেশের মাটিতে আর বিদেশের মাটিতে এনামুলের পারফরম্যান্সের এমন আকাশ-পাতাল ব্যবধান যে শুধু বাংলাদেশের মাটিতে টেস্ট হলেই ডাক পড়ত তাঁর। গত ওয়েস্ট ইন্ডিজ সফরে একটি টেস্ট খেলে ৬ উইকেট নিয়ে জয়ে বড় অবদান রাখার পাশাপাশি বিদেশের মাটিতে নিজের দুর্নাম ঘোচানোর ইঙ্গিত দিয়েছেন। কিন্তু তারপর থেকে যে দেশের মাটিতেই খেলার সুযোগ হচ্ছে না! ভারত সিরিজের পর এই সিরিজেও প্রথম টেস্টে বাইরে বসে থাকতে হচ্ছে, নিজেকে তাই দুর্ভাগাই ভাবতে পারেন এনামুল।পছন্দমতো উইকেটই সাকিবরা উপহার পাচ্ছেন এটা নিশ্চিত। তবে ভয়ও একটা আছে। গ্রায়েম সোয়ানের ইংল্যান্ডের বিপক্ষে এটা না আবার বুমেরাং হয়ে যায়? প্রস্তুতি ম্যাচে ৮ উইকেট নিয়ে জেমস ট্রেডওয়েল এমন ইঙ্গিতই দিয়েছেন। আশঙ্কাটা মেনে নিয়ে সিডন্স তাকিয়ে আছেন নিজেদের মূল শক্তির দিকে, ‘স্পিনে দুদলের ব্যাটসম্যানদেরই একই ধরনের সমস্যায় পড়তে হবে। এমনকি ভারত পর্যন্ত বাংলাদেশে এসে স্পিনে ঝামেলায় পড়েছে। আমাদের শুধু নিশ্চিত করতে হবে, আমরা যত কম রানই করি, ওদের যেন তার চেয়ে কমে আটকাতে পারি।’ বাংলাদেশের বিপক্ষে এই দলের একমাত্র যাঁর টেস্ট খেলার অভিজ্ঞতা আছে, সেই ইয়ান বেলও মানছেন স্পিন তাঁদের জন্য এবার হবে বড় একটা চ্যালেঞ্জ, ‘বাংলাদেশের এখন বেশ কয়েকজন বিশ্বমানের ক্রিকেটার আছে, র্যাঙ্কিংয়ের দিকে তাকালেও এটা বোঝা যায়। বিশেষ করে স্পিনারদের খেলা অবশ্যই বড় একটা চ্যালেঞ্জ হবে।’অতীত বলছে, দীর্ঘদেহী পেসারদের বাড়তি বাউন্সও বাংলাদেশকে যথেষ্ট ঝামেলায় ফেলেছে। সিডন্স অবশ্য এসব নিয়ে একটুও চিন্তিত নন, তাঁর চিন্তা বরং রহস্যময় রানখরায় পড়া পিটারসেনকে নিয়েই। ‘কেপির জন্য এক সাকিবই যথেষ্ট’ এই হুঙ্কার যেমন দিচ্ছেন, আবার এটাও বলছেন, ‘ও গ্রেট ক্রিকেটার, আগামী চার ইনিংসের একটিতে হয়তো বড় রান করবেই। আশা করব, সেটা আমাদের খুব বেশি ক্ষতি করবে না।’ এই সিরিজেই আশরাফুল-মাশরাফিকে ছাড়া অনেক দিন পর একটা ওয়ানডে খেলেছে বাংলাদেশ, এবার টেস্টেও হতে যাচ্ছে এর পুনরাবৃত্তি। ‘আশরাফুল ফর্মে থাকলে তো আমাদের জন্যই ভালো। প্রস্তুতি ম্যাচেও সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত রান পায়নি। রান না পেলে অভিজ্ঞতার আর কী মূল্য আছে! কে কত রান করতে পারল বা কত উইকেট নিতে পারল এটাই গুরুত্বপূর্ণ কে কত অভিজ্ঞ তা নয়’—সিডন্স জানালেন তাঁর কাছে পারফরম্যান্সটাই আসল।