'কোচ কখনো গোয়েন্দা কখনো গুরু বা মনোবিদ'

২০১১ সালের অক্টোবরে বাংলাদেশে এসেছিলেন জাতীয় দলের বোলিং কোচ হয়ে। পাকেচক্রে ভারপ্রাপ্ত প্রধান কোচ, গত জুলাইয়ে দায়িত্ব পেয়েছেন ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত। নিজের এই উত্তরণ, কোচিং-দর্শন, বাংলাদেশ দল নিয়ে ভাবনা ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে শেন জার্গেনসেনের সঙ্গে সম্প্রতি কথা বলেছেন আরিফুল ইসলাম
l প্রধান কোচ হিসেবে সময়টা কেমন কাটছে?
শেন জার্গেনসেন: দারুণ উপভোগ করছি। প্রতি সপ্তাহে, প্রতিদিনই অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। কিছুদিন ধরে তো খুবই ব্যস্ত সময় কাটছে। তিনটি দল বিদেশ সফরে গেল, এখানে ক্যাম্প হলো। সবকিছু সামলানো, আলাদা করে ছেলেদের দিকে নজর রাখা, সঙ্গে সামনের ব্যস্ত ছয় মাসের পরিকল্পনা...।
l শোনা যায়, স্বল্প মেয়াদের দায়িত্বে অস্বস্তি বোধ করছিলেন, এ জন্যই বিসিবি দীর্ঘ মেয়াদে দায়িত্ব দিয়েছে?
জার্গেনসেন: দেখুন, এ কাজটা সংক্ষিপ্ত মেয়াদে করা কঠিন। প্রধান কোচদের একটা দূরদর্শী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকতে হয়। এমনিতে আমি দূর ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবি না। কিন্তু সংক্ষিপ্ত মেয়াদে দায়িত্বটা অস্বস্তিকর ছিল, কারণ জানতাম এই দলের প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা। স্বল্পময়াদি পরিকল্পনা এখানে কার্যকর হবে না। সৌভাগ্যবশত, আমার সংক্ষিপ্ত মেয়াদের দায়িত্বে ছেলেরা ভালো করেছে, পরে যা আমার দীর্ঘ মেয়াদে দায়িত্ব পাওয়ায় সাহায্য করেছে। ছেলেদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই হয়।
l ৩৭ বছর বয়সেই একটি টেস্ট দলের প্রধান কোচ আপনি, নিজেরও অবাক লাগে না?
জার্গেনসেন: বিস্ময়কর তো বটেই...মাত্র ১০টি টেস্ট খেলুড়ে দেশের একটির কোচ আমি। এখনো মাঝেমধ্যে রাতে বিছানায় শুয়ে ভাবলে অবাক লাগে। সত্যি বলতে, খানিকটা গর্বও হয়। সেদিন অ্যাশেজ দেখতে দেখতে ভাবছিলাম, আমিও এই দলগুলোর মতোই একটি টেস্ট খেলুড়ে দেশের কোচ! এটাও মনে পড়ে যে দায়িত্বটা কত বড়। তবে আমি এটি উপভোগ করি। আমি আড়ালে থেকে কাজ করতেই বেশি পছন্দ করি। ‘লাইমলাইট’ ক্রিকেটারদেরই বেশি প্রাপ্য। আমার কাজ ওদের যতটা ভালোভাবে সম্ভব তৈরি করে দেওয়া। ক্রিকেটারদের জন্যই সবকিছু, আমার জন্য নয়। কোচ হিসেবে এটাই আমার সবচেয়ে বড় দর্শন।
l এই প্রসঙ্গেই আসতাম, আপনি খুব শান্ত, ধীরস্থির চরিত্রের। বাংলাদেশের কোচের জন্য ব্যক্তিত্বের এ ধরনটা কতটা যায়? কোচদের তো কখনো কখনো রাগী হেডমাস্টারও হতে হয়...
জার্গেনসেন: আন্তর্জাতিক ক্রিকেট এমনিতেই অনেক চাপের একটা ব্যাপার। রাগী হেডমাস্টার হয়ে সেটি আরও বাড়াতে চাই না। এমন একটা পরিবেশ তৈরি করতে চেয়েছি বা সেই বার্তাটা ছেলেদের দিতে চেয়েছি যে অন্তত খেলার আগে, খেলার সময় বা পরপর ভুলত্রুটি নিয়ে রাগারাগি হবে না। মাঠের পারফরম্যান্সের মতো আচরণেও ধারাবাহিক থাকা জরুরি। ‘ভালো খেলেছ’ বা ‘হার্ড লাক’ জাতীয় কথাগুলো আমি নিয়ম করে বলার চেষ্টা করি। কঠিন ব্যবহারটাও ভেবেচিন্তে করতে হয়। ছেলেরা যাতে এটা বোঝে, কঠিন আচরণ করছি তাদের ভালোর জন্যই, এখানে ব্যক্তিগত কিছু নেই।
l একজন কোচের জন্য শিষ্যদের বিশ্বাস অর্জন কতটা জরুরি?
জার্গেনসেন: সবচেয়ে জরুরি। এ জন্য ছেলেদের প্রতি আন্তরিক ও যত্নশীল হতে হবে। সবারই শক্তির জায়গা আছে, সেটা মনে করিয়ে দিতে হবে। বিশ্বাস অর্জনের জন্য ওদের প্রতি বিশ্বাস রাখাটাও জরুরি। সবার প্রতি সৎ থাকতে হয়। ব্যক্তিগত সম্পর্কটাও জরুরি। সবাই যেন ভাবে, কোচ তার কথা ভাবে। আমার ধারণা, ছেলেদের বিশ্বাস অর্জন আমি ভালোই করতে পেরেছি। খেলোয়াড়দের বোঝাটাও জরুরি। কারও হয়তো এক দিন মন খারাপ, অকারণেই মুড অফ। হয়তো সকালটা ভালোভাবে শুরু হয়নি। বান্ধবী বা স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে বা পারিবারিক কোনো সমস্যায় আছে। কোচকে তাই কখনো কখনো গোয়েন্দাও হতে হয়, আবার কখনো গুরু বা মনোবিদ।
l দলীয় সংস্কৃতি বোঝা বা মানিয়ে নেওয়াটাও তো খুব গুরুত্বপূর্ণ? বিশেষ করে যদি আপনার মতো পুরো উল্টো সংস্কৃতি থেকে আসা একজন হয়...
জার্গেনসেন: এটা আসলে আর দশটা কাজ বা পেশার মতোই। আমার ব্যাকগ্রাউন্ড কী বা কোত্থেকে এসেছি এসব আসলে কোনো ব্যাপার নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চারপাশের মানুষেরা কেমন আর তাদের সঙ্গে কতটা মিশতে পারছি। আর দলীয় সংস্কৃতি ব্যাপারটি আসলে দলের কাছ থেকেই আসে। আমি সেটাকে খুব বেশি বদলে দেওয়ায় বিশ্বাসী নই। আর আমাদের এই দলটাই মোটামুটি বেশ কিছুদিন ধরে খেলছে। ওরা পরিণত হয়ে উঠছে। মুশফিকের মতো অসাধারণ একজন দল-অন্তঃপ্রাণ অধিনায়ক আছে। দেশের জন্য, দেশের ক্রিকেটের জন্য যার সত্যিকারের আবেগ আছে। শুধু মাঠের ভেতরে নয়, অনেকেই জানে না মুশি বা অন্য সিনিয়ররা পর্দার আড়ালে কত কিছু করে। খেলার বাইরের এই ব্যাপারগুলোও দলীয় সংহতির জন্য খুব গুরুত্বপূর্ণ।
l কোচ হিসেবে আপনার শক্তির দিক বলে মনে করেন কোনটিকে?
জার্গেনসেন: কোচিং করাচ্ছি খেলোয়াড়ি জীবন থেকেই, তবে ২০০৪ সাল থেকে সিরিয়াসলি শুরু করেছি। শুরুতে ক্রিকেটারদের ব্যক্তিগত কোচ হিসেবে অনেক কাজ করেছি। তখন টেকনিক্যাল ব্যাপারগুলোই বেশি থাকত। কোচ হিসেবে ক্রিকেটারদের মনোজগতের একটা ধারণাও হয়েছে তখন। প্রাথমিকভাবে তাই সবচেয়ে শক্তির জায়গা ছিল টেকনিক্যাল দিকগুলো। আস্তে আস্তে কোচ হিসেবে যখন অনেক কিছু শিখেছি, বেড়ে উঠেছি, তখন ভালো ম্যান-ম্যানেজার হয়ে উঠেছি। এই পর্যায়ে এসে আসলে পরিকল্পনা, ম্যাচের জন্য সম্ভব-সেরা প্রস্তুতি আর ম্যান-ম্যানেজমেন্টই গুরুত্বপূর্ণ।
l বাংলাদেশের মতো দেশে জাতীয় দলেও বা টেস্ট ক্রিকেটারকেও অনেক মৌলিক ব্যাপার শেখাতে হয়। প্রধান কোচের দায়িত্বের যা ব্যাপ্তি, তাতে এই কাজগুলো কত কঠিন?
জার্গেনসেন: এই অভিজ্ঞতা আমার নিউজিল্যান্ডেও হয়েছে। ঘরোয়া ক্রিকেট-কাঠামো যেহেতু খুব শক্ত নয়, জাতীয় দলে আসার পর অনেক মৌলিক ব্যাপার শেখাতে হয়। দেশের ক্রিকেটের জন্য এটা সমস্যা অবশ্যই। তবে আমার কাছে খুব একটা নয়। আমার যা কোচিং ব্যাকগ্রাউন্ড তাতে এ ধরনের টেকনিক্যাল ব্যাপারগুলো সামলাতে ভালোই লাগে। বাড়তি পরিশ্রমেও আমার সমস্যা নেই। তবে বাড়তি কিছু সময় তো নষ্ট হয়ই। অন্যদিকে মন দেওয়ার সময় কমে যায়। একটা উদাহরণ দিই, আমাদের বেশ কজন পেসার বাঁহাতি ব্যাটসম্যানকে রাউন্ড দ্য উইকেট বোলিংয়ে অস্বস্তি বোধ করে। কারণ ঘরোয়া ক্রিকেটে ওরা এটা খুব বেশি করেনি। এসব ঠিকঠাক করতে কিছু সময় তো লাগেই।
l মেয়াদ শেষে দলকে কোথায় দেখতে চান?
জার্গেনসেন: উন্নতিটা যেন চোখে পড়ে মাঠে ও র্যাঙ্কিংয়ে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ে ওপরে ওঠা। টেস্টে আরও বেশি ড্র করা এবং জেতা। আর বিশ্ব টুর্নামেন্টগুলোতে ভালো করা। ক্রিকেট-বিশ্ব তাহলে আমাদের উন্নতিটা দেখতে পারবে। এ জন্যই ২০১৫ বিশ্বকাপে গ্রুপ পর্ব পেরোনো আমাদের জন্য খুব জরুরি। আমার মনে হয়, আমরা সেটা পারব।
l ভিত্তি কী এই বিশ্বাসের...বিশেষ করে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে?
জার্গেনসেন: বিশ্বকাপ আরও দেড় বছর পর, ছেলেরা আরও পরিণত হবে, আরও অভিজ্ঞ হবে। তখন বেশির ভাগের বয়সই হবে ২৬-২৭ কিংবা ২৮। শারীরিক দিক থেকে তখনই সবচেয়ে ভালো অবস্থায় থাকবে। আর যে ভেন্যুগুলোতে আমরা খেলব, সেসবও খুব বড় বাধা হবে না। গ্যাবা, ক্যানবেরা, অ্যাডিলেড, মেলবোর্ন, হ্যামিল্টন, নেলসন—সবগুলোই খুব ভালো ক্রিকেট উইকেট। ওয়াকার মতো বাউন্সি, দ্রুতগতির উইকেট নয়।
l বাংলাদেশ সর্বশেষ অস্ট্রেলিয়ায় গিয়েছে ২০০৮ সালে, বিশ্বকাপের আগেও আর কোনো সফর নেই। মানিয়ে নেওয়াটা কঠিন হবে না?
জার্গেনসেন: সুযোগ হলে ‘এ’ দলের সফর আয়োজন করা যায় অস্ট্রেলিয়ায়। আমরা চেষ্টা করব কিছু ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার বিভিন্ন টুর্নামেন্টে খেলাতে। তামিম, সাকিব যেমন অনায়াসেই বিগ ব্যাশে খেলতে পারে। আরও কজনকে ক্লাব ক্রিকেট বা গ্রেড ক্রিকেটে খেলানোর ব্যবস্থা করানো যেতে পারে। চার-পাঁচজন পেসারকে আমরা হয়তো কুইন্সল্যান্ডে পাঠালাম ট্রেনিংয়ের জন্য। সেন্টার অব এক্সিলেন্সে আমাদের সাবেক কোচ স্টুয়ার্ট ল আছেন। আমি অনেককে চিনি অস্ট্রেলিয়ায়, এখানে স্টুয়ার্ট কার্পিনেন আছে, ম্যাকিন্স আছে। সবাই চেষ্টা করলে হয়তো ব্যবস্থা করা যাবে।
l কোচ হিসেবে আদর্শ বা অনুপ্রেরণা জোগায় এমন কেউ আছেন?
জার্গেনসেন: সে অর্থে আদর্শ নেই। তবে জন রাইট আমাকে নিউজিল্যান্ডে নিয়ে গিয়েছিলেন, তাঁর প্রতি আমি কৃতজ্ঞ। ডানকান ফ্লেচার নিউজিল্যান্ডে এসেছিলেন দুই সপ্তাহের জন্য কনসালটেন্ট হিসেবে। তাঁর সঙ্গে আমার দর্শন, ভাবনা অনেক মিলে গেছে। গ্রাহাম ফোর্ডের সঙ্গে ভালো একটা সম্পর্ক আছে। ডেভ হোয়াটমোরের সঙ্গে ই-মেইল আদান-প্রদান হয় নিয়মিতই। সবার সঙ্গে যোগাযোগটা আমি নিয়ম করে করি, কারণ কোচের চাকরিটা মাঝেমধ্যে খুব নিঃসঙ্গ।
l দুই বছর হয়ে গেল এখানে এসেছেন, বাংলাদেশ কেমন লাগছে?
জার্গেনসেন: খারাপ না। গত বছর আমরা যখন জিম্বাবুয়ে, ত্রিনিদাদ ও শ্রীলঙ্কায় লম্বা সফর করে এলাম, সত্যি বলতে তখন বাংলাদেশকে মিস করেছি। এই দেশটায় কী যেন একটা আছে! সবচেয়ে ভালো লাগে এখানকার মানুষ। এই তো সেদিনও নিউজিল্যান্ড থেকে ভেন্যু পরিদর্শনে আসা হিথ মিলসের সঙ্গে কথা হচ্ছিল, উপমহাদেশের হয়েও বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কা-পাকিস্তানের লোকজনের মাঝে কত পার্থক্য। একটা ব্যাপারে আমরা একমত, সবচেয়ে উপকারী, হূদয়বান, এত সমস্যার মধ্যেও সবচেয়ে হাসিখুশি মানুষ বাংলাদেশের। যেখানেই যান, সবার মুখে হাসি। যানজটটার সঙ্গে মানিয়ে নিতে পারলে কোনো সমস্যা নেই। গত দুই বছরে বাংলাদেশ যেভাবে বিকশিত হয়েছে, সেটা দেখাও দারুণ। বিশেষ করে ফ্লাইওভারগুলো তো দুর্দান্ত।