‘কোনো আক্ষেপ নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩২ ওয়ানডেতে ৩১ আর ১৩ টেস্টে ৪১ উইকেট, পরিসংখ্যান সাদামাটা। তবে ভারতের ক্রিকেট ইতিহাসে তাঁর একটা আলাদা জায়গা আছে, প্রথম ভারতীয় স্পিনার হিসেবে পেয়েছিলেন ওয়ানডেতে ৫ উইকেট। ১৯৮৮ এশিয়া কাপে সেই ৫ উইকেট আবার এই ঢাকাতেই। আরশাদ আইয়ুব আবার এসেছেন বাংলাদেশে, এবার ভারতীয় দলের ম্যানেজার হিসেবে। আবার এই দেশে আসা, নিজের খেলোয়াড়ি ক্যারিয়ার, নতুন ক্যারিয়ারসহ কথা বললেন বাংলাদেশ নিয়েও... আবার ঢাকায় এসে কেমন লাগছে?আরশাদ আইয়ুব: ভালো লাগছে। ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট নেওয়ায় ঢাকাকে নিয়ে এমনিতেই আমার একটা সুখের স্মৃতি আছে। আবার এখানে এসে তাই খুব ভালো লাগছে। আপনি তো প্রথম ভারতীয় স্পিনার হিসেবে ৫ উইকেট পেয়েছিলেন...আইয়ুব: হ্যাঁ, সে সময় ভারতের পক্ষে ওয়ানডেতে সেরা বোলিংয়ের রেকর্ডও ছিল সেটাই। রেকর্ডটি টিকেও ছিল বেশ কিছুদিন। পরে রবি (শাস্ত্রী) ৫ উইকেট পেল, আরও কিছুদিন পরে তো কুম্বলেও ছাড়িয়ে গেল। খুব একটা খারাপ তো করছিলেন না, কিন্তু তারপরও ক্যারিয়ার থেমে গেল মাত্র ৩২ ওয়ানডেতেই। খারাপ লাগে না বা কোনো আক্ষেপ নেই?আইয়ুব: আক্ষেপ তেমন নেই। মানুষের চাওয়ার তো শেষ নেই, যত বেশিই পান না কেন, মনে হয় আরও তো কিছু পেতে পারতাম। একদিক থেকে চিন্তা করলে এই ৩২ ম্যাচও তো কম নয়, সে সময় এখনকার মতো এত খেলা হতো না। হয়তো আরও বেশি খেলতে পারতাম, তবে কোনো আক্ষেপ নেই। টেস্ট তো খেলেছেন আরও কম (১৩টি)...আইয়ুব: হ্যাঁ, আমার তো মনে হয় ওয়ানডের চেয়ে আমি টেস্টেই বেশি ভালো করেছি। অভিষেকে ৪ উইকেট নিয়েছিলাম, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তো দারুণ করেছিলাম (৩ টেস্টে নিয়েছিলেন ২১ উইকেট)। ওয়েস্ট ইন্ডিজেও খারাপ করিনি (৩ টেস্টে ১৪ উইকেট)। আমি আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেছি। হয়তো নির্বাচকরা অন্যরকম কিছু ভেবেছিলেন, তাই আর খেলা হয়নি। তবে ওই যে বললাম, কোনো আক্ষেপ নেই। আবার ভারতীয় দলের সঙ্গে যুক্ত হতে পেরে কেমন লাগছে?আইয়ুব: ভালো, দারুণ উপভোগ করছি। ড্রেসিংরুমের পরিবেশটা দারুণ, মাঠে দলও ভালো করছে। সব মিলিয়ে সময়টা খুবই ভালো কাটছে। কী মনে হয়, এবারের ক্যারিয়ারটা আরও একটু দীর্ঘ হবে?আইয়ুব: হা...হা...হা...আশা তো করছিই। আমার তো খারাপ লাগছে না, এখন দেখা যাক কী হয়। বাংলাদেশ দলকে কেমন দেখলেন?আইয়ুব: খারাপ না, খুবই তরুণ দল। আস্তে আস্তে উন্নতি করছে। দল হিসেবে এখনো সেভাবে গুছিয়ে উঠতে পারেনি, তবে প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই। মাহমুদউল্লাহ, সাকিব, মুশফিক, তামিম...অনেক সম্ভাবনা আছে। কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। একদিনে তো আর হবে না, ভুল থেকে শিক্ষা নিতে হবে। আর আমার মনে হয়েছে, মাহমুদউল্লাহর আরও ওপরে ব্যাট করা উচিত, সাকিবেরও। তবে এটা স্রেফ আমার ব্যক্তিগত অভিমত, বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে। আর বাংলাদেশ কেমন লাগে?আইয়ুব: ভালো, ভালো দেশ, ভালো মানুষ।