‘কোনো কষ্টই অনুভব করিনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক পা নেই। ক্রাচে ভর দিয়ে জাতীয় ক্রীড়া পুরস্কার নিতে এলেন। আপ্লুত তখন গোটা মিলনায়তন। ৫৭ বছরে পা দেওয়া জাহাঙ্গীর আলম চৌধুরীর আবেগটা আরও বেশি। কালকের দিনটির জন্য যে জাতীয় কাবাডি দলের সাবেক অধিনায়কের ছিল দীর্ঘ প্রতীক্ষা প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় ক্রীড়া পুরস্কার নিলেন। অনুভূতি কেমন?জাহাঙ্গীর আলম চৌধুরী: অনেক আগেই আমার এই পুরস্কার পাওয়ার কথা। পাঁচ বছর আগে নাম ঘোষণা হয়েছিল। কিন্তু এত দিনেও যখন পুরস্কার দেওয়া হচ্ছিল না, একপর্যায়ে ভেবেছিলাম হয়তো আর পাবই না। আজ পেয়ে শান্তি লাগল।  ক্রাচে ভর দিয়ে মঞ্চে ওঠার ওই সময়টা কেমন লাগছিল?জাহাঙ্গীর আলম: সত্যি কথা বলতে, কোনো কষ্টই আমি অনুভব করিনি। আমার একটা পা নেই, সিঁড়ি ভাঙতে সমস্যা হয়। আরেকজনের সাহায্য নিতে হয়। কিন্তু পুরস্কার নিতে মঞ্চে ওঠার সময় কীভাবে যেন সিঁড়ি ভাঙলাম। টেরই পাইনি।  কীভাবে এই দুর্ভাগ্যের শিকার হলেন? জাহাঙ্গীর আলম: পায়ে আলপিন ঢুকেছিল। পরে গ্যাংরিন হয়ে যায়। এটা ’৮৯ সালের কথা। ওই বছরই পা কেটে ফেলতে হয়। জীবনে এত বড় দুর্ঘটনার শিকার হব, ভাবিনি। কিন্তু নিয়তিকে মেনে নিয়েছি। সেই থেকেই ক্রাচই আমার চলার সঙ্গী। তবে ক্রাচে চলতে তেমন সমস্যায় পড়ি না। কখন আশা করেছিলেন আপনার জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া উচিত?জাহাঙ্গীর আলম: আমি যখন খেলা ছাড়ি, তখনই আশা ছিল পাব। কিন্তু পাইনি। তারপর দীর্ঘদিন পার হয়েছে, আমার সমকালীন খেলোয়াড়েরা অনেকেই অনেক আগেই পেয়ে গেছেন। যেমন আমির হোসেন পাটোয়ারিসহ আরও দু-তিনজন। এ জন্য দুঃখ লাগত। আপনারা যে কাবাডির ভিত গড়ে গিয়েছিলেন, এখন তো তা অনেক দুর্বল হয়ে পড়েছে। খারাপ লাগে না? জাহাঙ্গীর আলম: খুব খারাপ লাগে। এমন হওয়ার কথা ছিল না। অনেক কথা বলতে চাই, আবার বলতে ইচ্ছাও করে না। তবু এটুকু বলব, কাবাডির এ অবস্থার জন্য ফেডারেশনের নেতৃত্বই দায়ী। জেলা পর্যায়ে উদ্যোগ নেই। খেলোয়াড় তৈরি হচ্ছে না। কাবাডি গ্রামের খেলা। গ্রাম থেকে খেলোয়াড় আনতে হবে। এখন সার্ভিসেস দলে কিছু খেলোয়াড় আছে। তা দিয়ে আর চলছে না। গ্রামে যেতে হবে। দুঃখজনক ব্যাপার, গ্রাম থেকে খেলোয়াড় আনার কোনো উদ্যোগ নেই।  এমনিতে খেলাধুলার খোঁজখবর রাখেন? জাহাঙ্গীর আলম: যতটুকু পারি রাখি। এখন আর সব সময় যেতে পারি না, মাঝেমধ্যে যাই। মাস চারেক আগে সর্বশেষ গিয়েছিলাম কাবাডি মাঠে। আসলে দুঃখ লাগে এই ভেবে, কাবাডিতে আমাদের যে অবদান, কেউ তো এখন আর জিজ্ঞাসাও করে না। সময় কীভাবে কাটে? জাহাঙ্গীর আলম: ব্যাংকে চাকরি করতাম, ছেড়ে দিয়েছি বছর দুয়েক আগে। ওয়ারী ক্লাবে অবসর কাটাই। এই ক্লাবের হয়ে ফুটবল-ভলিবল খেলেছি, এখন ওয়ারী ক্লাবের আজীবন সদস্য। আপনি ক্রীড়া পুরস্কার পেলেন, পরিবারের লোকজন নিশ্চয়ই খুব খুশি?জাহাঙ্গীর আলম: ভীষণ খুশি। আমার দুই ছেলে, দুই মেয়ে। ওরা সবাই আমার চেয়েও বেশি খুশি। স্ত্রীও খুশি। ফেলে আসা খেলোয়াড়ি জীবন কতটা দোলা দেয় আপনাকে?জাহাঙ্গীর আলম: সেই দিনগুলোর কথা ভুলতেই পারি না। ১৯৭৪ সালে বাংলাদেশ-ভারত প্রথম কাবাডি সিরিজে খেলেছি। ১৯৮০ সালে ভারতের প্রথম এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অধিনায়ক ছিলাম। জাতীয় দলের অধিনায়কত্ব করেছি অনেক দিন। কোচ, রেফারি, ম্যানেজার হিসেবে ছিলাম কাবাডির সঙ্গে। সেসব দিন কি আর ভোলা যায়?