'কোনো কোচই এটা মেনে নেবেন না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরওয়ার ইমরান
সরওয়ার ইমরান

অভিষেক টেস্টে বাংলাদেশ দলের কোচ ছিলেন তিনি। বাংলাদেশ দলের সঙ্গে বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন এর পরও। কাজ করার অভিজ্ঞতা আছে শেন জার্গেনসেনের সঙ্গেও। অস্ট্রেলিয়ান কোচের পদত্যাগের সিদ্ধান্ত একটা ধাক্কা হয়েই এসেছে সরওয়ার ইমরানের কাছে
 শেন জার্গেনসেন পদত্যাগ করেছেন। খবরটা শুনে আপনার প্রতিক্রিয়া কী?
সরওয়ার ইমরান: আমার কাছে বিস্ময়কর লাগে, যাঁকে বোর্ড একবার ২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্ব দিয়ে দিল, দায়িত্ব পালনের মাঝপথে কীভাবে তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে! কীভাবে মিডিয়ায় সমালোচনা করে! কোনোভাবেই এটা করা উচিত না। আর করলে আত্মমর্যাদাসম্পন্ন কোনো কোচই এটা মেনে নেবেন না, এটাই স্বাভাবিক। বোর্ড পরিচালকদের কারও কোনো কথা থাকলে মিডিয়ায় না বলে কোচকে সামনাসামনি বলা উচিত ছিল।
 জার্গেনসেনের সঙ্গে তো আপনিও কাজ করেছেন। কেমন দেখেছেন তাঁকে?
ইমরান: জাতীয় দলের বোলিং কোচ থাকাকালে ২০১২ সালে ব্রিসবেনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও বোলিং কোচ হিসেবে গিয়েছিলেন জার্গেনসেন। আমি ছিলাম হেড কোচ। অন্য বিদেশি কোচদের সঙ্গে তাঁর অনেক পার্থক্য। খেলোয়াড়দের সঙ্গে, আমাদের সঙ্গে তাঁর ব্যবহারই ছিল অন্য রকম। খুব সহজ-সাধারণ মানুষ। দলের প্রয়োজনে যেকোনো কাজ করতেই রাজি।

l বিশ্বকাপের মাত্র ১০ মাস আগে কোচের চাকরি ছেড়ে দেওয়ার কী প্রভাব পড়তে পারে দলের ওপর?

ইমরান: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও আমরা দেখেছি কীভাবে দল গড়ার প্রক্রিয়াটা নষ্ট করা হলো। হঠাত্ করে নতুন নতুন মুখ আনা শুরু হলো। জার্গেনসেনের চলে যাওয়া ২০১৫ বিশ্বকাপের আগেও একইভাবে নাড়িয়ে দিতে পারে দলকে। নতুন কোচ এলে বুঝতে বুঝতেই অনেকটা সময় চলে যাবে। তবে যদি মূল খেলোয়াড়েরা যদি ফর্ম ফিরে পায়, হয়তো আমরা এই ধাক্কা কাটিয়ে উঠতে পারব।

l এই নিয়ে টানা তিনজন বিদেশি কোচই মেয়াদ পূর্ণ না করে চলে যাচ্ছেন। বাংলাদেশে বিদেশি কোচরা থাকতে চান না কেন?

ইমরান: প্রথমত, আমাদের দেশের জীবনযাত্রার সঙ্গে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের জীবনযাত্রার মিল নেই। তার ওপর যদি বোর্ড থেকে যথেষ্ট সমর্থন না থাকে, তাহলে তাঁদের রাখা তো কঠিন হবেই।

l আপনি তো অনেক বিদেশি কোচের সহকারী হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ দলকে কোচিং করানোটাও কি চ্যালেঞ্জিং মনে হয় তাঁদের কাছে?

ইমরান: আমার তা মনে হয় না। বাংলাদেশ দলের সঙ্গে কাজ করা মোটেও কঠিন নয়। তবে একটা জিনিস মনে রাখা দরকার—কোচকে পুরো ক্ষমতা দিতে হবে। বাংলাদেশে কোচদের হাতে পুরো ক্ষমতা থাকে না। সব দেশে অনুশীলনের মাঠে কোচই সর্বেসর্বা। কোচ যা বলে তাই হয়। অনুশীলন শেষ না করে কেউ কথা পর্যন্ত বলতে পারে না। আর আমাদের এখানে প্রায়ই অনুশীলন থেকে মাপ পেয়ে যায় সিনিয়র খেলোয়াড়েরা। প্রতিষ্ঠিত খেলোয়াড়েরা অনুশীলনে ফাঁকিও দেয়।

l বাংলাদেশের মতো দলের সাফল্যে কোচের ভূমিকা কতটুকু থাকে?

ইমরান: সবার আগে কোচকে একটা টিম তৈরি করতে হবে। অধিনায়ক ও সহ-অধিনায়কের সঙ্গে একটা সেতুবন্ধ তৈরি করতে হবে তাঁকে। কোচ সেটা ভালোভাবে করতে পারলেই কেবল একটা দলে টিম স্পিরিট বজায় থাকে। একজন কোচ সবাইকে সমান চোখে দেখবেন। দু-চারজনকে সুবিধা দিয়ে বাকিদের অন্য চোখে দেখলে দল কখনোই সফল হবে না।

l জার্গেনসেন যদি আর কাজ না-ই করেন, বিসিবির কেমন কোচ খোঁজা উচিত বলে মনে করেন?

ইমরান: আমাদের সমস্যা হলো, আমরা পেশাদার কোচ খুঁজি না। বোর্ড কর্মকর্তাদের প্রায়ই বলতে শুনি সাবেক ক্রিকেটারদের আনার কথা। কিন্তু সাবেক ক্রিকেটার এক জিনিস আর পেশাদার কোচ আরেক জিনিস। আমাদের মতো দলের জন্য পেশাদার কোচই দরকার।