'কোনো গুঞ্জন-ফিসফাস নেই'

৪৮ ঘণ্টার বাক-নিষেধাজ্ঞা চলছে জাতীয় দলে। অনুশীলনের আগ পর্যন্ত সাংবাদিকদের সঙ্গে কোচ, খেলোয়াড়, কর্মকর্তা সবারই কথা বলা নিষেধ। ঠিক এ রকম একটা অবস্থায় কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দেখা গেল ব্যতিক্রমী এক ঘটনা। বাংলাদেশ দলের অনুশীলনের শুরুতে ব্যাকড্রপের সামনে কথা বলতে দাঁড়ালেন টিম ম্যানেজার আবদুল আউয়াল চৌধুরী।
ম্যানেজাররা যে সংবাদমাধ্যমে কথা বলেন না, ব্যাপারটা তা নয়। তবে দলের প্রতিনিধি হয়ে কথা বলার ঘটনা বোধ হয় খুবই কম আছে। আউয়াল চৌধুরী অবশ্য নিজ থেকে এসে কথা বলেননি। সাংবাদিকদের অনুরোধে প্রথমে চেষ্টা করলেন দলের কোনো খেলোয়াড়কে সাংবাদিকদের সামনে আনতে। শর্ত থাকল, শুধু খেলা নিয়েই প্রশ্ন করা যাবে। অধিনায়কত্ব-বিতর্ক নিয়ে নয়। সাংবাদিকেরা শর্তটা মেনে নেওয়ার পরও কোচ শেন জার্গেনসেনের কাছ থেকে তিনি খেলোয়াড়দের কাউকে সংবাদমাধ্যমের সামনে আনার অনুমতি পাননি। অগত্যা সাংবাদিকদের অনুরোধে নিজেই দাঁড়িয়ে গেলেন মাইক্রোফোনের সামনে।
তামিম ইকবাল সহ-অধিনায়কের পদ ছেড়ে দেওয়ার পর দলের মধ্যে অস্বস্তিকর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে ম্যানেজারের দাবি, ‘ড্রেসিংরুমের অবস্থা ভালো। কোনো গুঞ্জন-ফিসফাস নেই। সব কিছুই ফাইন।’ যদি তাই হবে, খেলোয়াড়দের ওপর বাক-নিষেধাজ্ঞা কেন? আউয়াল চৌধুরীর উত্তর, ‘কোচ খেলোয়াড়দের টি-টোয়েন্টি সিরিজে মনোনিবেশ করতে বলছেন। টেস্ট সিরিজ ওরা (শ্রীলঙ্কা) জিতেছে। টি-টোয়েন্টি সিরিজ যেন আমরা ভালো করতে পারি, জিততে পারি।’
ব্যাটিং প্র্যাকটিস করতে গিয়ে আগের দিন ঘাড়ে টান পড়েছে তামিমের। কাল আক্রান্ত স্থানে টেপ লাগিয়ে মাঠে এলেও কোনো অনুশীলনই করেননি। ম্যানেজার অবশ্য বললেন, ‘তামিমের চোট গুরুতর কিছু নয়। আশা করি খেলতে পারবে।’ অনুশীলনে তামিমসহ সবাই এলেও আসেননি শামসুর রহমান। নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন, সামান্য জ্বর হয়েছে তাঁর। সে জন্য বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। খেলার আগে শামসুরও সুস্থ হয়ে যাবেন, এমনটাই আশা মিনহাজুলের।