'কোনো দলকে নিয়ে ভীত নই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিজারে প্রানদেল্লি
সিজারে প্রানদেল্লি

পাঁচ বছর ফিওরেন্টিনার কোচ থাকার পর ২০১০ সালে দায়িত্ব নিয়েছিলেন ইতালির। অপ্রত্যাশিতভাবে আজ্জুরিদের ২০১২ ইউরোর ফাইনালেও নিয়ে গিয়েছিলেন। ইতালি কোচ সিজারে প্রানদেল্লি পরিচিত দারুণ বুদ্ধিদীপ্ত একজন কোচ হিসেবে। ওয়ার্ল্ড সকারকে দেওয়া সাক্ষাৎকারেও থাকল এর প্রমাণ
গত গ্রীষ্মে কনফেডারেশনস কাপের জন্য আপনি ব্রাজিলে গিয়েছিলেন। দেশটির বিশ্বকাপ প্রস্তুতিটা কেমন দেখেছিলেন?
সিজারে প্রানদেল্লি: আমার মনে হয়েছিল, আমরা এমন একটা দেশে এসেছি যেখানে বিশ্বকাপটা দারুণ সাড়া জাগাবে। তবে দেশটা এতই বিশাল, আমি ঠিক নিশ্চিত নই তারা সবকিছু ঠিকঠাক সামলাতে পারবে কি না। আমি আশা করব সেটা তারা পারবে। একটা ব্যাপার নিশ্চিতভাবে বলা যায়, ব্রাজিলে ভালো ফুটবল খেললে আপনি দর্শকদের সমর্থন পাবেন।
আপনি বিশ্বকাপে খেলার মধ্যে পানি-বিরতি দিতে বলেছিলেন। ফেব্রুয়ারিতে ফিফার প্রধান চিকিৎসক সেটার সঙ্গে একমতও হয়েছিলেন। কনফেডারেশনস কাপের অভিজ্ঞতার কারণেই এই প্রস্তাব?
প্রানদেল্লি: হ্যাঁ, অবশ্যই। আবহাওয়ার জন্য সমস্যা তো হবেই। আমি বলতে চাইছি, কিছু কিছু ভেন্যুতে তাপমাত্রা ও আর্দ্রতা দুশ্চিন্তা করার মতোই হবে। সে জন্যই আমি পানি-বিরতি চেয়েছিলাম। আমরা যদি খেলোয়াড়দের সেরাটা দেখতে চাই, তাহলে আমার পরামর্শ খেলার প্রতি অর্ধে দুই মিনিট করে দুবার বিরতি দেওয়ার।
২০১৩ সালটা ইতালির জন্য ইতিবাচকই গেছে। এই বছর আপনার প্রত্যাশা কী?
প্রানদেল্লি: গত বছরটা দারুণ কেটেছে, খুবই ইতিবাচক ছিল। আমরা দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছিলাম। ইতালি আগে কখনো এটা করতে পারিনি। অনেকেই বলবে স্পেনের সঙ্গে সেমিফাইনালের ম্যাচটা ছিল আমাদের সেরা ম্যাচ (কনফেডারেশনস কাপে)। সেই ম্যাচের দ্বিতীয়ার্ধে স্পেন প্রাধান্য বিস্তার করতে পারেনি। আমরা ওদের যথেষ্টই ভুগিয়েছিলাম। ব্রাজিলের সঙ্গে দ্বিতীয়ার্ধটাও ছিল দারুণ। সবকিছু বলছে, আমরা ভালো করব। কিন্তু বাস্তবতা হচ্ছে, পৃথিবীর সেরা দলগুলোর বিপক্ষে আমরা শুধু নিজেদের চেনানোর চেষ্টাই করতে পারি। মাঝেমধ্যেই আমরা সেটা করতে পারি, কারণ আমাদের প্রস্তুতিটা ভালো থাকে। কাজটা কঠিন হবে জেনেই আমরা মাঠে নামি।
প্রথম রাউন্ডের ড্র নিয়ে আপনার ভাবনা কী?
প্রানদেল্লি: আমাদের গ্রুপে তিনটি সাবেক চ্যাম্পিয়ন (ইতালির সঙ্গে ইংল্যান্ড ও উরুগুয়ে) আছে। গ্রুপটা কঠিন। কিন্তু আমাদের ঐতিহ্য হলো, কঠিন গ্রুপে থাকলে আমরা সে রকম মানসিক প্রস্তুতি নিয়েই যাই। আবার, সবার ধারণা অনুযায়ী ‘সহজ’ গ্রুপে পড়লেই অনেক সময় সব সমস্যা জেঁকে ধরে। এটাই ইতালিয়ান ফুটবলের ইতিহাস। আমরা কোনো দলকে নিয়ে ভীত নই। তার পরও এটা খুব কঠিন একটা গ্রুপ। আমাদের ন্যূনতম লক্ষ্য পরের রাউন্ডে যাওয়া, সবচেয়ে ভালো হয় শীর্ষে থেকে যেতে পারলে। আমরা গত ইউরোতে ইংল্যান্ডের সঙ্গে দুর্দান্ত খেলেছিলাম। তবে গোল করতে পারিনি, পেনাল্টিতে উঠে গিয়েছিলাম। কনফেডারেশনস কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের দ্বিতীয়ার্ধে উরুগুয়ে আমাদের ভালোই ভুগিয়েছিল। সেবারও আমরা পেনাল্টিতে জিতেছিলাম। কেউ কোস্টারিকাকে নিয়ে কিছু বলছে না। কিন্তু আমার চোখে ওরা টেকনিক্যালি ভালো তো বটেই, শারীরিকভাবেও শক্তিশালী।
স্বাগতিক ব্রাজিল কি চাপটা সামাল দিতে পারবে?
প্রানদেল্লি: আমার মতে, ব্রাজিল এমন একটা দল, যারা নিজেরাই নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করে। ঘুরিয়ে বললে, বিশ্বকাপ জেতা বা হারাটা ওদের ওপরেই নির্ভর করছে। কনফেডারেশনস কাপের প্রস্তুতি থেকেই পরিষ্কার তারা স্কলারিকে দলটা গড়ে তুলতে সময় দিয়েছে। বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য ওরা ৪৫ দিনের মতো সময় পাবে, আমরা পাব মাত্র দুই সপ্তাহ। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে ব্রাজিলের জয়ী হওয়াটাই ভবিতব্য।
 মারিও বালোতেল্লির কী অবস্থা? কোন বালোতেল্লিকে দেখা যাবে—দুর্দান্ত ফুটবলার নাকি বিতর্কিত সুপারস্টার?
প্রানদেল্লি: রবার্তো মানচিনি বালোতেল্লিকে নিয়ে একটা কৌতুক বলেছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল বালোতেল্লির মনোবিদ দরকার কি না। ‘না, বরং তার ক্লাব ম্যানেজারেরই মনোবিদ দরকার’—উত্তর দিয়েছিলেন মানচিনি। আমি আগেও বলেছি, এখনো বলছি, মারিও জাতীয় দলে সব সময়ই সুবোধই ছিল। সে বেখাপ্পা বা খামখেয়ালি কিছু করেনি। সে অবশ্যই বিশেষ একজন, কিন্তু আসলে সে খুবই সংবেদনশীল একজন মানুষ। অসাধারণ একজন শতভাগ ইতালিয়ান ফুটবলার। যেদিন সে নিজের সামর্থ্যটা বুঝতে পারবে, ইতালি ও মিলানের জন্য সেটা হবে খুশির একটা দিন। আশা করি, সেটা ব্রাজিলেই হবে।