‘কোনো সন্দেহ নেই, মেসিই সেরা’
বিশ্বকাপে চারটি ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা। সব কয়টি ম্যাচেই খেলেছেন, কিন্তু এখনও পর্যন্ত গোলের দেখা পাননি। তবে ম্যারাডোনার দলের অপ্রতিরোধ্য হয়ে ওঠার পেছনে বেশির ভাগ কৃতিত্বই তাঁর। যাঁরা বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচগুলো দেখেছেন, ওপরের কথাগুলো পড়ার পর নিশ্চয়ই বুঝে ফেলেছেন, কার কথা বলা হচ্ছে। আর্জেন্টিনার এই স্ট্রাইকার গোল পাচ্ছেন না বলে আপনি নিজের মতো করে তাঁর মূল্যায়ন করতে পারেন। তবে আপনার জ্ঞাতার্থে বলছি, পর্তুগালের সাবেক তারকা ফুটবলার ইউসেবিও কিন্তু মেসিকে ‘নিঃসন্দেহে সেরা’ বলে ঘোষণা দিয়েছেন।১৯৬৬ সালের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ইউসেবিও গতকাল বৃহস্পতিবার জোহানেসবার্গে রয়টার্সকে বলছেন, ‘কোনো সন্দেহ নেই, মেসিই সেরা। আর্জেন্টিনার এই তারকাই প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাবেন।’বিশ্বকাপে দলকে ওপরে তুলতে না পারায় সমালোচনার বাণে বিদ্ধ হচ্ছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ও ইংল্যান্ডের ওয়েইন রুনি। তবে এই দুই ফুটবলারের প্রতি এতটা কঠোর না হওয়ার জন্য সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। ইউসেবিও বলছেন, ‘ওঁরা চেষ্টা করেছে। কিন্তু দক্ষিণ আফ্রিকায় নিজেদের সেরাটা দিতে পারেনি। দলের হারের দায় পুরোপুরি তাদের ওপর দেওয়া ঠিক হবে না।’পর্তুগালের হয়ে খেলেছেন বলে ক্রিস্টিয়ানোর রোনালদোর কথা আলাদা করে বলছেন ইউসেবিও, ‘এই প্রতিযোগিতায় ভালো করতে পারেনি ক্রিস্টিয়ানো। এটা পর্তুগালের জন্য দুর্ভাগ্যের। কিন্তু এর জন্য আমি তাঁকে দায়ী করব না।’ এরপর বলছেন, ‘অতীতে আমিও খেলেছি। তাই খেলোয়াড়দের ভালো ও খারাপ ফর্মটা বুঝতে পারি।’