‘কোয়ার্টার ফাইনাল ভিন্ন মেজাজের’
‘অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টা দারুণ একটি ব্যাপার। বিশ্বকাপের গ্রুপ পর্বে আমরা শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়েছি। কোয়ার্টার ফাইনালের আগে কোনো দলের জন্য এর চেয়ে ভালো প্রস্তুতি আর হতে পারে না।’ বিশ্বকাপে অসিদের টানা ৩৪ ম্যাচের জয়যাত্রা স্তব্ধ করে দেওয়ার পর আনন্দে আত্মহারা না হয়ে খাঁটি পেশাদারি নেতার মতোই কথাগুলো বলেছেন ওয়াকার ইউনুস। বলেছেন, গ্রুপ পর্বের চেয়ে কোয়ার্টার ফাইনাল ভিন্ন মেজাজের।২৩ মার্চ ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান। শ্রীলঙ্কায় দারুণ সমর্থন পাওয়ার পর বাংলাদেশের সমর্থন পাকিস্তানকে আরো বেশি অনুপ্রাণিত করবে বলে মনে করেন ওয়াকার। উইকেটের কন্ডিশনের ব্যাপারেও ঢাকার মাঠে খেলাটা পাকিস্তানের জন্য আশীর্বাদ হিসেবেই দেখা দেবে বলে ওয়াকার বিশ্বাস করেন। তিনি বলেন, ‘ঢাকার মিরপুরের উইকেট শ্রীলঙ্কার চেয়ে ভালো ও ব্যাটিং উপযোগী। এই উইকেটে আমাদের ব্যাটসম্যানরা অনেক বেশি স্বাচ্ছন্দ্যে খেলতে পারবে। শ্রীলঙ্কায় প্রতিটি উইকেটই ছিল কিছুটা কঠিন। লঙ্কান উইকেটগুলোতে টান ও বাউন্স অনেক বেশি অসমান। সেখানে ব্যাটসম্যানদের শট খেলতে অসুবিধা হয়।’অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের জন্য ব্যাটসম্যানদের চেয়ে বোলারদেরই বেশি কৃতিত্ব দিয়েছেন পাকিস্তানি কোচ। তিনি বলেন, বোলাররা অস্ট্রেলিয়াকে ১৭৬ রানে বেঁধে ফেলাতেই জয়টা সহজে এসেছে। তবে উমর আকমল ও আসাদ শফিক শেষ দিকে দুর্দান্ত মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে বড় ভূমিকা রেখেছেন।উমর গুলের প্রশংসায় পঞ্চমুখ ওয়াকার ইউনুস তাঁকে একজন দুর্দান্ত বোলার হিসেবে আখ্যায়িত করেছেন। ‘গুল প্রতিনিয়তই নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। তাঁর লাইন ও লেংথ এখন অনেক বেশি সুসংহত। সেই সঙ্গে গতিও তাঁর বোলিংকে অনেক বেশি কার্যকর করেছে।’কোয়ার্টার ফাইনালে খেলতে নামার আগে গ্রুপ পর্বের হিসেব-নিকেশের কোনো মূল্য নেই বলেই মনে করেন ওয়াকার। তাঁর মতে, ‘গ্রুপ পর্ব এখন অতীত। আমাদের কোয়ার্টার ফাইনাল নিয়ে একেবারে নতুন চিন্তা করতে হবে। কারণ, এখানে একটি ভুলই আমাদের লড়াই থেকে ছিটকে দেওয়ার জন্য যথেষ্ট।’ দি নেশন, পাকিস্তান।