'কোয়ার্টার ফাইনালের সম্ভাবনা ২০ ভাগ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস ফন গাল
লুইস ফন গাল

আয়াক্স, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের মতো দলের দায়িত্বে ছিলেন। বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ারে জিতেছেন সম্ভাব্য সবকিছুই। লুইস ফন গালের এবারের চ্যালেঞ্জটা আরও বড়—বিশ্বকাপ। ওয়ার্ল্ড সকারকে দেওয়া ডাচ কোচের সাক্ষাৎকারের মূল উপজীব্য ছিল হল্যান্ডের বিশ্বকাপ সম্ভাবনাই
 ড্র নিয়ে আপনার ভাবনা কী?
লুইস ফন গাল: এটা কঠিন ও শক্ত একটা গ্রুপ। স্পেনকে দিয়ে শুরু করছি বলে সঙ্গে সঙ্গেই বোঝা যাবে আমাদের সামর্থ্য আসলে কতটুকু। চিলি খুবই শক্তিশালী দল। ওদের খেলার ধরনটাও আমার পছন্দের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ তিনটি ম্যাচে আমরা জিততে পারিনি। এটা কঠিন হবে।
 স্পেনের সঙ্গে ম্যাচটা তো গত বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি। এটা তো গুরুত্বপূর্ণ, তাই না?
ফন গাল: অবশ্যই এটি কঠিন শুরু। ওরা বিশ্বচ্যাম্পিয়ন, বাছাইপর্বেও ভালো খেলেছে। শুধু তিনটি গোল খেয়েছে। যাহোক, ওদের কাছে হার মানেই আমরা বাদ পড়ে যাব, এমন নয়। গ্রুপ থেকে উতরানোটাই বড় কথা, সেটা যেভাবেই হোক। প্রতিপক্ষগুলোর শক্তিমত্তা বিচারে বলা যায়, সম্ভবত সব দলই পয়েন্ট হারাবে।
 ব্রাজিলের আবহাওয়া ও শহরগুলোর মধ্যে দূরত্বের কারণে এটি কি আগের বিশ্বকাপগুলোর চেয়ে বেশি প্রভাব ফেলবে?
ফন গাল: অবশ্যই। ড্রয়ের আগে তো সম্ভাব্য প্রতিপক্ষদের চাইতে পারিপার্শ্বিকতা নিয়েই বেশি কথা হচ্ছিল। আর এটি ভালো কোনো লক্ষণ নয়। সৌভাগ্যক্রমে আমরা দেশটির সবচেয়ে উষ্ণ অঞ্চলে টুর্নামেন্ট শুরু করছি না। আমাদের ভেন্যুগুলোর দূরত্বও খুব বেশি নয়। রিওর বেস ক্যাম্প থেকেই আমরা সবকিছু সামলাতে পারব। এটা খুবই গুরুত্বপূর্ণ।
 এটার মানে কি স্কোয়াড বেছে নেওয়ার সময় আপনি একটু ভিন্ন পথে হাঁটবেন?
ফন গাল: যে মুহূর্তে আমি নিয়োগ পেলাম, তখনই আমি ঘোষণা করেছিলাম ফিটনেসটা হবে প্রধান মানদণ্ড। আমি সত্যি সত্যি মনে করি, দীর্ঘ ও কঠিন মৌসুমের পর এই ব্যাপারটাই সেখানকার কন্ডিশনে ব্যবধান গড়ে দেবে। এমনকি অভিজ্ঞতা থেকেও সেটি গুরুত্বপূর্ণ হবে। আমার দলে বুড়োদের চেয়ে তরুণদের সংখ্যাই বেশি হবে।
 এ জন্যই কি এতজন খেলোয়াড়কে পরখ করে দেখেছেন? কারা ব্রাজিল যাচ্ছে, শেষ সময়ের আগে সেটাও অনিশ্চিত থাকবে?
ফন গাল: আমি এত অপেক্ষা করছি, কারণ ফিটনেস এমন একটা জিনিস, যা পরিবর্তন হতে পারে। শেষ মুহূর্তের আগে অনেক কিছুই বদলে যেতে পারে। একই কথা গোলরক্ষকের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি এখনো ঠিক করিনি, এক নম্বর গোলরক্ষক কে হবে।
 ডাচ ফুটবল ফেডারেশন দলকে সেমিফাইনালের লক্ষ্য বেঁধে দিয়েছে। এটা কি বাস্তবসম্মত?
ফন গাল: এটা তো অনেক বড় লক্ষ্য! আমি আগেই বলেছি, আট থেকে দশটা দল আমাদের চেয়ে ভালো। ফিফা র্যাঙ্কিং দেখুন, হল্যান্ড কিন্তু শীর্ষ দশে নেই। এটা বলছে, আমরা ফেবারিট নই। আমরা অনেক নতুন মুখকে দলে এনেছি। আমি হিসাব করে দেখেছি, আমাদের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা শতকরা ২০ ভাগ।
 আপনার চোখে ফেবারিট কোন দল?
ফন গাল: ব্রাজিল। আমি ওদের কনফেডারেশনস কাপে খেলতে দেখেছি। শুরুটা মন্থর ছিল, কিন্তু সময়ের সঙ্গে ওরা আরও ভালো খেলেছে। নিজেদের দেশে খেলা, পারিপার্শ্বিকতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, দর্শকদের বিপুল সমর্থন, সবকিছু মিলে ওরা ফেবারিট। আর্জেন্টিনা, জার্মানি, স্পেনও চ্যাম্পিয়ন হতে পারে।
 আগে বলেছিলেন জাতীয় দলের কোচ হওয়াটা আপনার পছন্দ নয়। কেন?
ফন গাল: সবাই আমার কাছে জানতে চেয়েছিল, বিশ্বকাপের পর আরও দুই বছর আমি চালিয়ে যাব কি না। আমি ‘না’ বলেছিলাম। কারণ, আমি ক্লাব ও কোচদের মুখাপেক্ষী হয়ে থাকতে চাই না। আমার লক্ষ্য ছিল অন্তত একবার বিশ্বকাপে দলকে কোচিং করানো। ব্রাজিলে আমার সেই লক্ষ্য পূরণ হয়ে যাবে।