‘ক্যানসার জয় করে ছেলের সঙ্গে খেলছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের খেলাধুলার জগতে কত গল্প যে ছড়িয়ে আছে! এই যেমন নীরবে কাবাডি খেলে চলেছেন বগুড়ার বাবা-ছেলে। জাতীয় কাবাডির মঞ্চে কাল তাঁদের পাওয়া গেল পল্টন কাবাডি স্টেডিয়ামে। সেখানে দাঁড়িয়েই বাবা-ছেলের একসঙ্গে কাবাডি খেলার গল্প শোনালেন ৪৮ বছর বয়সী বাবা মোহাম্মদ নাজিম উদ্দিন আপনার গ্রামের বাড়ি কোথায়?নাজিম উদ্দিন: গ্রাম—জামগ্রাম, ইউনিয়ন—জামগ্রাম, পোস্ট—জামগ্রাম, উপজেলা—কাহালু, জেলা বগুড়া। কবে থেকে কাবাডি খেলছেন?নাজিম উদ্দিন: ১৯৮২ সাল থেকে। তখন থেকেই বগুড়া জাতীয় দলে খেলি। রাজশাহী বিভাগে আমাদের জেলাই চ্যাম্পিয়ন। বিভাগে কেউ আমাদের হারাতে পারে না। তবে আমি কখনো জাতীয় দলে খেলিনি।  আপনার ছেলে কীভাবে কাবাডি খেলায় এল?নাজিম উদ্দিন: আমার খেলা দেখতে দেখতে শিখে গেছে। ওর নাম মাহবুব জামান মিঠুন। বগুড়ার লোকজন ওকে দেখে বলল, বাবা যখন খেলে তুমিও খেল। ও খেলছে ২০০২ থেকে। শুরু থেকেই আমরা বাপ-বেটা বগুড়া জেলার হয়ে খেলছি বিভাগের হয়ে। এখনো অপরাজিত আছি। ছেলে কোথায় পড়ছে?নাজিম উদ্দিন: এই তো মাস দুয়েক পর মাস্টার্স দেবে আজিজুল হক কলেজ থেকে (পাশেই দাঁড়ানো ছেলে জানালেন, ব্যবস্থাপনা নিয়ে পড়ছেন)।  তা আপনি রেইডার নাকি ডিফেন্ডার?নাজিম উদ্দিন: আগে রেইডার ছিলাম। ডিফেন্সও করতাম। বলতে পারেন অলরাউন্ডার। ছেলেও আমার মতো অলরাউন্ডার।  শুনলাম, আপনি অসুস্থ ছিলেন বেশ কিছুদিন। কী হয়েছিল?নাজিম উদ্দিন: ২০০২ সালে আমার ক্যানসার হয়। অপারেশন করে কেমো দিয়ে সুস্থ হই। ২০০৬ থেকে আবার শুরু করি খেলা। খেলতে গিয়েই শরীরের একটা অংশে ব্যথা পাই। সেখানে টিউমার হয়ে যায়। পরে সেটা ক্যানসারে রূপ নেয়। ভয়াবহ একটা সময় গেছে তখন আমার। ডাক্তাররা বলেছিল, বাঁচব না। আল্লাহর রহমতে অপারেশন করে বেঁচে গেছি।  এই যে এত বড় বিপদ থেকে উঠে আবার খেলায় ফিরলেন। এখন বাবা-ছেলে একসঙ্গে খেলার অভিজ্ঞতাটা কেমন?নাজিম উদ্দিন: ছেলের সঙ্গে খেলার অভিজ্ঞতাটা খুব ভালো। আগেই বলেছি ২০০৬ থেকে আমরা বাপ-বেটা হারিনি। আমরা থাকলে দলের শক্তি বাড়ে। মাঠে বহু উইন করেছি। সঙ্গে আছে তিন ভাই (পাশেই দাঁড়ানো তিন ভাই শামসুজ্জামান, মাসুদ রানা, মানিককে দেখিয়ে)। আমাদের একই গ্রামে বাড়ি। বগুড়ায় আমাদের জামগ্রামকে কেউ হারাতে পারে না। খেলায় খেলায় জীবনটাই কাটিয়ে দিচ্ছেন। তা জীবনের প্রাপ্তি কী? নাজিম উদ্দিন: প্রাপ্তি বলতে সবাই চেনে-জানে, এটাই। জীবনে আসলে কিছুই পাইনি। সংসারটা ধ্বংস হয়ে গেছে। অসুস্থতার সময় বহু টাকা খরচ হয়েছে। ক্যানসারে খুবই কষ্ট পেয়েছি। ইনজেকশন করলে মনে হতো মাটির সঙ্গে মিশে যাই। এত কষ্ট পেতাম। পা ভেঙেছি একবার। তবে ক্যানসার জয় করে ছেলের সঙ্গে খেলাও একটা প্রাপ্তি। কাবাডিতে তো টাকা তেমন নেই। জীবিকা চলছে কীভাবে? নাজিম উদ্দিন: কিছু জমিজমা আছে, ওই দিয়ে চলে যায়। ক্যানসার হওয়ার পর অনেক টাকা খরচ হয়। সেই অবস্থা কাটিয়ে উঠেছি। আমার এক ছেলে, এক মেয়ে। মেয়ের বিয়ে দিয়েছি অনেক আগেই। স্ত্রী আছেন, তবে এখন অসুস্থ। স্ট্রোক করেছে। আর কত দিন খেলার ইচ্ছা আছে?নাজিম উদ্দিন: আর খেলার ইচ্ছা নেই। খেলে কিছু পাওয়া যায় না। এবার তো ঢাকায় আসতামই না। কিন্তু সবাই মিলে ধরল, তাই চলে এলাম। এসেই আজ (কাল) প্রথম ম্যাচে বরিশালের সঙ্গে জিতলাম বিশাল ব্যবধানে। তরুণ বয়সের কথা বলুন। তখন বুঝি খুব খেলাপাগল ছিলেন?নাজিম উদ্দিন: ১৫-২০ বছর আগে কখনো বাড়ি থাকতাম না। নানা জায়গায় হায়ারে খেলতে যেতাম। দুই-চার শ টাকা করে পেতাম।