মাঠে ইয়ান বেলকে জড়িয়ে ধরলেন জো রুট। ড্রেসিংরুমে লাফিয়ে উঠলেন অ্যালিস্টার কুক, জড়িয়ে ধরলেন ম্যাট প্রায়রকে। অ্যান্ডি ফ্লাওয়ারের আলিঙ্গনে গ্রাহাম গুচ। পরস্পরকে আলিঙ্গন, হাইফাইভ, পিঠ চাপড়ে দেওয়ার পালা চলল অনেকক্ষণ ধরে। কেভিন পিটারসেনের গায়ে দলের সব ক্রিকেটারের অটোগ্রাফ নেওয়া জার্সি। খানিক পর দলের সিরিজ জয়ের ট্রফি, নিজের সিরিজ-সেরার ট্রফি, চেক সব সামলাতে হিমশিম খাওয়ার সময় কুকের মুখে তৃপ্তির হাসি। টুকরো টুকরো প্রতিটি ছবি যেন একেকটি প্রতীকী দৃশ্য!সপ্তাহ তিনেক আগেও কি এই ছবিগুলোর কথা ভাবতে পেরেছিল কেউ? ইংল্যান্ডকে তখন তো মনে হচ্ছিল ছন্নছাড়া এক দল। প্রথম টেস্টে হারার পর তো সবচেয়ে স্পষ্ট ছবি ছিল, গত বছরের ৪-০ লজ্জার নির্মম প্রতিশোধ নিচ্ছে ভারত। কিসের প্রতিশোধ, উল্টো সেই ভারতই সিরিজ হারল বিব্রতকরভাবে। আর বিস্ময় উপহার দিল কুকের ইংল্যান্ড। দ্বিতীয় টেস্ট থেকেই যে ঘুরে দাঁড়ানোর শুরু, সেটারই অবিস্মরণীয় সমাপ্তি কালকের ড্রয়ে। ইংল্যান্ডের অপেক্ষার হলো অবসান, ২৮ বছর পর তারা ভারতের মাটিতে সিরিজ বিজয়ী। পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ, দক্ষিণ আফ্রিকার কাছে দেশের মাটিতে শীর্ষস্থান হারানো, দলের তারকা ব্যাটসম্যানকে নিয়ে বিতর্ক, কাদা ছোড়াছুড়ি, দলের ভেতর দলাদলি, জনপ্রিয় অধিনায়কের আকস্মিক অবসর, টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে ব্যর্থ, এই সিরিজেও প্রথম টেস্টে উড়ে যাওয়া—এই প্রেক্ষাপটকে মনে রাখলে ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসেরই অন্যতম স্মরণীয় জয়। পিটারসেন-বিতর্কে মধুর সমাপ্তির মতো ড্রেসিংরুমকেও এককাট্টা করেছেন কুক ও প্রায়র, সাফল্যের নেপথ্যে ফ্লাওয়ার ও গুচ—উদ্যাপনের সেই ছবিগুলো এ জন্যই যেন প্রতীকী। আর ভারতীয় ক্রিকেটে যেন ক্রান্তিকাল। এত হাঁকডাক, হুমকি, পছন্দের টার্নিং উইকেট, একগাদা স্পিনার নিয়ে খেলা, সবকিছুর পরও এই হার জানান দিচ্ছে দুঃসময়ের। ইঙ্গিত মিলছে বড়সড় পালাবদলের।পরশু বিকেলের অবিচ্ছিন্ন জুটিতেই কাজ অনেক দূর এগিয়ে রেখেছিলেন জোনাথন ট্রট ও ইয়ান বেল। সেই জুটিই কাল একটু একটু করে পিষে ফেলল ভারতের সামান্য আশাটুকুও। প্রতীকী বলা যায় এই শেষটাকেও। সিরিজে সবচেয়ে নিষ্প্রভ দুই ইংলিশ ব্যাটসম্যান শেষ ইনিংসে গড়লেন ২০৮ রানের জুটি। দুজনই পেলেন ভারতের বিপক্ষে প্রথম সেঞ্চুরি। আর ভারতকে মনে হলো আরও অনুজ্জ্বল, মলিন, যেন শুধু শেষের অপেক্ষা!ব্যাটসম্যানদের দায় দিয়ে মহেন্দ্র সিং ধোনি আবার স্বীকার করলেন, বেশির ভাগ জায়গাতেই ইংল্যান্ডের কাছে পাত্তা পায়নি তাঁর দল। আর ‘ক্যাপ্টেন’ কুক? নিজের ব্যাটে রানের ফোয়ারা, দলের অবিস্মরণীয় জয়—নেতৃত্বের এমন শুরুতে তাঁর উচ্ছ্বাস যেন বাঁধনহারা, ‘বিশেষ একটা দিন আজ, বিশেষ এক সফর এটি। এই স্মৃতি আজীবন আমাদের সঙ্গী থাকবে। অবিশ্বাস্য একটা অর্জন!’ ওয়েবসাইট।