'ক্যারিয়ারের সবচেয়ে বাজে হার'

এমন পরাজয় খুব কমই এসেছে পেপ গার্দিওলার জীবনে। কাল রিয়ালের বিপক্ষে ৪-০ গোলের হারটিকে তাই তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বাজে পরাজয় হিসেবেই অভিহিত করেছেন তিনি।
নিজেদের মাঠে এই হারে কোনো অজুহাত খোঁজেননি তিনি। তাঁর একটাই কথা, ‘আমরা খুব বাজে খেলেছি। প্রচণ্ড বাজে না খেললে এমনভাবে হারা সম্ভব নয়। আমাদের সত্যিই কোনো অজুহাত নেই। অজুহাত খুঁজতেও চাই না।’
ফুটবলে অনেক কিছু হয়। একটি দলের পারফরম্যান্সেও ছন্দপতন ঘটতে পারে। কিন্তু তাই বলে ছন্দপতনের এমন চেহারা যে তাঁকে দেখতে হবে এমন কিছু বোধ হয় স্বপ্নেও ভাবেননি তিনি, ‘ফুটবলে অনেক কিছুই হতে পারে। আমার জীবনে আমি অনেক বাজে পরাজয়ের মুখোমুখি হয়েছি। কিন্তু এমন কখনো হয়নি।’
হজম করা গোলগুলোকে কিছুতেই ‘হজম’ করতে পারছেন না গার্দিওলা। দলের এই করুণ অবস্থার জন্য দুষেছেন দলের খেলোয়াড়দেরই, ‘গোলগুলো সেট পিস থেকে খেয়েছি। কিন্তু এমনটা হবে কেন? বাজে না খেললে এই গোলগুলো আমরা খেতাম না। আজ দলের খেলোয়াড়েরা খুব বাজে খেলেছে।’
সান্তিয়াগো বার্নাব্যুর প্রথম লেগে বরং অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা গড়েছিল বায়ার্ন। সেই ম্যাচে ১-০ গোলে হারের পর আলিয়াঞ্জ অ্যারেনায় বাজিমাত করতে পুরো দলই মুখিয়ে ছিল কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা গেল না। গার্দিওলার দুঃখ সেটাই, ‘আমরা এই ম্যাচে বিশেষ কিছু করতে মুখিয়ে ছিলাম। গোলের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারলে অনেক কিছুরই সম্ভাবনা ছিল। কিন্তু বাস্তবে আমরা খুব বাজে খেলেছি। বাজে খেলেছি বলেই কোনো কিছুই কাজে আসেনি।’ রয়টার্স।