‘ক্রিকেট উৎসবের’ জন্য প্রস্তুত হচ্ছে খুলনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ভেন্যু হিসেবে ক্রিকেট ইতিহাসে নাম লেখানোর অপেক্ষায় দিন গুনছে খুলনা। সিরিজের দ্বিতীয় টেস্ট ছাড়াও ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে এখানে, ওয়েস্ট ইন্ডিজ খুলনায় পৌঁছাবে ১৮ নভেম্বর। গত পরশু খুলনা নগর ভবনে স্থানীয় সাংগঠনিক কমিটির এক সভায় ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ দলের খেলোয়াড়দের নগরের সিটি ইন হোটেলে আবাসনব্যবস্থা নিশ্চিত করা, যশোর বিমানবন্দর থেকে শেখ আবু নাসের স্টেডিয়াম পর্যন্ত মহাসড়ক মেরামত, মাঠে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দুটি লাইন স্থাপন, ইলেকট্রনিক স্কোরবোর্ড সংস্কার, স্টেডিয়াম এবং হোটেলে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হোটেলে খেলা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ, স্বাস্থ্যসেবার জন্য খেলার মাঠ ও হোটেলে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স ও চিকিৎসক প্রস্তুত রাখা, হাসপাতালে নিবিড় পরিচর্যা বিভাগকে সর্বদা প্রস্তুত রাখা, স্টেডিয়াম ও হোটেলে সার্বক্ষণিক অগ্নিনির্বাপক দল নিয়োজিত রাখা, খুলনা মহানগরকে আলোকসজ্জিত করা ও খেলোয়াড়দের বিএনএস তিতুমীর ও খুলনা ক্লাবের সুইমিংপুল ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।শেখ আবু নাসের স্টেডিয়ামে টেস্টের জন্য ভিআইপি পূর্ব ও পশ্চিম গ্যালারির টিকিটের দাম ৫০০ টাকা, ক্লাব হাউস পূর্ব ও পশ্চিম গ্যালারি ৭৫ এবং সাধারণ গ্যালারি ২০ টাকা। ওয়ানডেতে ভিআইপি পূর্ব ও পশ্চিম গ্যালারি এক হাজার টাকা, ক্লাব হাউস পূর্ব ও পশ্চিম গ্যালারি ২০০, আন্তর্জাতিক পূর্ব ও পশ্চিম গ্যালারি ৩০০ ও সাধারণ গ্যালারি ৫০ টাকা। আবু নাসের স্টেডিয়ামে আসনসংখ্যা ১০ হাজার ৮৫১।খুলনা সিটি করপোরেশনের মেয়র ও স্থানীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক তালুকদার আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় ক্রীড়া সংগঠক, বিসিবির পরিচালক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা অংশ নেন।