‘ক্রিকেট খেলব না, মেনে নেওয়া কঠিন’
অবসরের ঘোষণা দেওয়ার পর স্কাই স্পোর্টস নিউজকে একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অ্যান্ড্রু ফ্লিনটফ। সেই সাক্ষাৎকারের চুম্বক অংশ অনুবাদ করে তুলে দেওয়া হলো এখানেসপ্তাহের শুরুতে আমি হাঁটুতে একটা স্ক্যান করিয়েছিলাম। স্ক্যান রিপোর্ট আমার শঙ্কাটাকেই সত্যি প্রমাণ করে—আমার হাঁটুর অবস্থা ভালো নয়। গ্লাসগোতে শল্যবিদের সঙ্গে দেখা করলাম। মনেপ্রাণে চাইছিলাম, তিনি বলবেন ‘তুমি ভালো হয়ে উঠবে, পুনর্বাসন চালিয়ে যাও, আগামী জানুয়ারিতেই মাঠে ফিরতে পারবে’, নিদেনপক্ষে এটা বলবেন ‘হাঁটুর অবস্থা ভালো নয়, অন্য পথে এগোতে হবে।’ কিন্তু তিনি জানালেন, ১২ মাস আগে যে অস্ত্রোপচারটা করিয়েছিলাম সেটা ভালোই ছিল, তবে আমার হাঁটু আবার ক্রিকেট শুরু করার অবস্থায় নেই। কয়েক সপ্তাহ আগেও আমি ল্যাঙ্কাশায়ারের দ্বিতীয় দলে খেলার আশা করছিলাম, কিন্তু আমার ভাবনা ছিল ভুল।সিদ্ধান্ত নেওয়াটা ছিল খুব কঠিন। এটা এমন একটা জিনিস, ১৭ বছর ধরে আমি যা করে আসছি। ছেলেবেলা থেকে আমি শুধু ক্রিকেটটাই খেলতে চাইতাম। আমি সত্যিই ভেবেছিলাম অন্তত ল্যাঙ্কাশায়ারের হয়ে আরও দু-তিন বছর খেলতে পারব। কিন্তু সেটা আর হচ্ছে না। মাঠে ফেরার আশাটা সব সময়ই ছিল। গত পাঁচ বছরের তিন বছরই আমি পুনর্বাসন-প্রক্রিয়ায় কাটিয়েছি শুধু এ জন্যই যে আবার ড্রেসিংরুমে ফিরতে পারব, ফিরব ক্রিকেট মাঠে, নামব ল্যাঙ্কাশায়ারের হয়ে, ইংল্যান্ডের হয়ে। কিন্তু সে স্বপ্ন ভেঙে গেছে। আমি এখন আর ক্রিকেটার নই। মেনে নেওয়া খুব কঠিন, কিন্তু মেনে নিতেই হবে। এমন যদি হতো আমার মাঠে ফেরার সম্ভাবনা ৫০-৫০ বা ৬০-৪০, তাহলে সিদ্ধান্ত নেওয়াটা আরও কঠিন হতো। কারণ জীবনের এই পর্যায়ে এসে কোনো কিছুর জন্য অপেক্ষা করা কঠিন। তা ছাড়া দলও আমার জন্য আজীবন অপেক্ষা করে থাকতে পারে না।ক্যারিয়ারে অনেক স্মরণীয় মুহূর্ত আছে, কোনো একটিকে বেছে নেওয়া কঠিন। সেই নয় বছর বয়সে প্রথম ল্যাঙ্কাশায়ারের ক্যাপ পাওয়ার মুহূর্তটা আমার এখনো মনে পড়ে। মনে পড়ে কাউন্টি ক্যাপ পাওয়া বা ইংল্যান্ডের হয়ে অভিষেকের মুহূর্তটাও। মাইকেল ভনের নেতৃত্বে সম্ভবত আমি আমার সেরা খেলা খেলেছি। তিন বছরের একটা সময়কাল ছিল, যখন আমরা অস্ট্রেলিয়াসহ প্রায় সব দলকেই হারিয়েছি। আমি ছিলাম সেই দলের একটা গুরুত্বপূর্ণ অংশ। অধিনায়কত্বের অভিজ্ঞতা অবশ্য মিশ্র। ভারতে খুব ভালো করেছিলাম, অস্ট্রেলিয়ায় বাজে। তবে নিশ্চিতভাবেই অধিনায়কত্বটা এমন একটা বিষয় এক দিন যা আমি নাতিনাতনিদের কাছে গল্প করতে পারব। অধিনায়কত্বের সৌভাগ্য খুব বেশি লোকের হয় না।সত্যি বলছি, ক্যারিয়ারে আক্ষেপ খুব একটা নেই। আমি বরং নিজেকে ভাগ্যবানই মনে করি। একের পর এক চোটের পরও ফিরে এসেছি এবং কাউন্টি ও দেশকে প্রতিনিধিত্ব করেছি সেটা কম নয়। ৭০টির মতো টেস্ট খেলেছি, সেটাই বা কম কী! এভাবে যেতে হলো বলে দুঃখ করার লোক আমি নই। মাঝেমধ্যে অবশ্য খারাপ লাগতে পারে। দুটি অ্যাশেজ ও ল্যাঙ্কাশায়ারের হয়ে তিনটি ঘরোয়া শিরোপা জিতেছি। আর ক্রিকেট খেলব না, মেনে নেওয়াটা তাই কঠিন। তবে খেলা শুরুর সময় কেউ যদি বলত আমার ক্যারিয়ারে এই অর্জনগুলো থাকবে, আমি খুশি মনেই মেনে নিতাম। এখানে বসে আমি তাই বলতে পারি, সত্যিকার অর্থেই আমার ক্যারিয়ার নিয়ে আমি গর্বিত।ল্যাঙ্কাশায়ারের সঙ্গে আমি আমৃত্যু যুক্ত থাকতে চাই। সামনে ক্লাবের অনেক পরিকল্পনা আছে, সেসবের অংশ হতে পারলে আমার ভালো লাগবে। আমাকে ছাড়াও ইংল্যান্ড ভালো করবে। পেশাদারি জগৎটা খুব দ্রুত এগিয়ে যায়। আমাকে ছাড়াই দল অনেক দিন ধরে খেলছে এবং খুব ভালো করছে। আশা করি, এই শীতে অস্ট্রেলিয়াকে সহজেই হারিয়ে ইংল্যান্ড অ্যাশেজ জিতবে।আপাতত দুবাই ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাব। আমার সামনের বিকল্পগুলো ভেবে দেখব, অপেক্ষা করব, সময় আমাকে কোথায় নিয়ে যায়। আমাকে এখন মনোযোগ দিতে হবে অন্যদিকে, এই ৩২ বছর বয়সে আমাকে নতুন ক্যারিয়ার গড়ে তুলতে হবে। হয়তো এটাই হবে আমার জীবনের দীর্ঘতম ক্যারিয়ার।