‘ক্রিকেট দুর্নীতির সঙ্গে অনেক বিখ্যাতই জড়িত’
ক্রিকেট দুর্নীতিতে নিজেকে জড়াবেন না-এমন অভিপ্রায়ের নিজের অভিষিক্ত সিরিজেই ক্রিকেটকে বিদায় জানিয়ে লন্ডনে চলে গিয়েছিলেন উইকেটরক্ষক জুলকারনাইন হায়দার। ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে মুখ খুললে তাঁর জীবননাশের হুমকিও দিয়েছিল জুয়ারিরা। নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য ইংল্যান্ডে রাজনৈতিক আশ্রয়ও প্রার্থনা করেছেন তিনি। বলেছেন, স্পট ফিক্সিং দুর্নীতির দায়ে সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের বহিষ্কারাদেশ এখনো জলের ওপর ওড়াউড়ি কিন্তু জল স্পর্শ নয়। অর্থ্যাত্, এই তিন ক্রিকেটেরারের বহিষ্কারাদেশে ক্রিকেটে ম্যাচ ফিক্সিং দুর্নীতির কোনো উনিশ-বিশ হবে না। বাট, আমির ও আসিফের চেয়েও অনেক বড় বড় ক্রিকেটার,অনেক বড় বড় নাম ক্রিকেট জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট।পাকিস্তানের একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাত্কারে জুলকারনাইন বলেছেন, ‘ক্রিকেট জুয়ার সঙ্গে যেসব বড় বড় “নাম” জড়িত রয়েছে, তাঁরা সবসময়ই প্রমাণের অভাবে পার পেয়ে যান। তাঁদের বিরুদ্ধে তদন্তও তেমন জোড়ালো হয় না।’এবারের বিশ্বকাপ হবে দুর্নীতিমুক্ত-আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাতের এই মন্তব্যও উড়িয়ে দিয়েছেন জুলকারনাইন। তিনি বলেছেন, ‘লরগাত সাহেবের এই কথাগুলো ঠিক নয়। ক্রিকেটে দুর্নীতি আগেওছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দলে এমন অনেক খেলোয়াড় রয়েছে, যারা সক্রিয়ভাবে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত।গত নভেম্বরে আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের অভিষেক সিরিজ চলাকালে হঠাত্ই পাকিস্তান দলের সঙ্গ ত্যাগ করে লন্ডন চলে যান জুলকারনাইন। লন্ডন থেকেই তিনি জানান, তাঁকে জনৈক ব্যক্তি ম্যাচ ফিক্সিংয়ে সহায়তা করার কথা বলছে। তাঁর কথা মতো কাজ না করলে, জুলকারনাইনকে নাকি জীবননাশেরও হুমকি দেওয়া হয়েছিল। তবে এসব অভিযোগ করে আইসিসিতো দূরের কথা নিজ দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকেও কোনো সাহায্য বা আশ্রয় পাননি তিনি। উল্টো, পিসিবির এক তদন্তে তাঁকে ‘দায়িত্বজ্ঞানহীন’ খেলোয়াড় হিসেবে অভিহিত করা হয়।আজ তিনমাস হয়ে গেলেও, ব্যাপারটির কোনো সুরাহা না হওয়ায় হতাশা অনুভব করেন জুলকারনাইন। তবে হতাশা থাকলেও একেবারেই হাল ছেড়ে দেননি তিনি। তিনি বলেছেন, ‘ক্রিকেটের দুর্নীতিবাজেরা নানা কৌশলে কাজ করছে। এরা ধীরে ধীরে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজকর্মও জটিল করে তুলছে। আমি অনেকেরই নাম বলতে পারবো, যারা এসব দুর্নীতির সঙ্গে জড়িত।’একটা সুন্দর ক্রিকেট ক্যারিয়ারের স্বপ্ন দেখেছিলেন জুলকারনাইন। তবে, আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে এসে ম্যাচ ফিক্সিংয়ের নোংরামি নিজ চোখে দেখে সে স্বপ্ন বিসর্জন দিয়েছেন তিনি। তাতে তাঁর কোনো আফসোস নেই বলেই জানিয়েছেন তিনি। বলেছেন, ‘আমার সুন্দর ক্রিকেট ক্যারিয়ার আমি বিসর্জন দিয়েছি, এটা নিয়ে আমার মনে কোনো ক্ষেদ নেই। আমার এখনকার মিশন ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করা।’ দ্য নেশন।