অ্যান্থনি শিল্ড ইভেন্স বেরি—পুরো নামটা অচেনা লাগতে পারে, তবে শিল্ড বেরি বললে চিনতে অসুবিধা হওয়ার কথা নয়। ‘ক্রিকেটের বাইবেল’খ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক-এর সম্পাদক এবং সানডে টেলিগ্রাফ-এর ক্রিকেট প্রতিনিধি বাংলাদেশে এসেছেন বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ কাভার করতে। প্রথম আলো অফিসে ঘুরতে এসে শিল্ড বেরি কাল কথা বললেন তাঁর ৩৩ বছরের সাংবাদিকতা ক্যারিয়ার ও বাংলাদেশের ক্রিকেট নিয়ে...‘সানডে টেলিগ্রাফ’-এর ক্রিকেট প্রতিনিধি আর ‘উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক’-এর সম্পাদক—আপনার কাছে কোন পরিচয়টা আগে?শিল্ড বেরি: দুটোই আমার কাছে সমান, কোনোটাই আগে নয়। সানডে টেলিগ্রাফ-এ কাজ করছি ৩০ বছর হয়ে গেল, আর উইজডেন সম্পাদক হিসেবে তিন বছর। দুটোই আমি উপভোগ করি। সানডে টেলিগ্রাফ হলো বর্তমান, উইজডেন অতীত ও একই সঙ্গে ভবিষ্যত্ও। দুটোই দারুণভাবে একসঙ্গে যায়।উইজডেনের কাজটা কীভাবে হয়?বেরি: উইজডেন হলো অনেকের অবদানের ফসল। আমাদের মূল স্টাফ ৩-৪ জন, কিন্তু ইংল্যান্ড এবং ইংল্যান্ডের বাইরে অনেক প্রতিনিধি আছে। সব মিলিয়ে প্রায় শ-দুয়েক হবে। উইজডেনকে তাই শত মানুষের অবদান।সব রিপোর্টই কি আপনি পড়েন?বেরি: হ্যাঁ, প্রতিটি রিপোর্টই আমাকে পড়তে হয়, একবার নয়, কমপক্ষে দু-তিনবার। ধরুন, গত জানুয়ারিতে বাংলাদেশ-ভারত টেস্টের কথা। বাংলাদেশ প্রতিনিধি হয়তো রিপোর্ট পাঠাল, আমি পড়ে জানালাম যে মাহমুদউল্লাহর ইনিংসটার আরেকটু বিস্তারিত থাকলে ভালো হয়। কিংবা চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম দিনে ভারতীয় ব্যাটসম্যানদের মানসিকতা কেমন ছিল, খুব বেশি শট খেলেছে কি না। তামিম ভারতের বিপক্ষে ১৫১ রান করেছে, আমি হয়তো বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ স্কোরারদের একটা তালিকা দিতে বলব। প্রতিনিধিরা লেখা পাঠানোর পর এই জিনিসগুলো উপসম্পাদক আবার খতিয়ে দেখে। তারপর সম্পাদকের দেখার পালা।এই যে বিশাল কর্মযজ্ঞ, আপনার কাছে এটা কি চাপ না প্রশান্তি?বেরি: হা...হা...অবশ্যই প্রশান্তি। আমি যেটা পড়তে চাই, সেটা আর একজনকে দিয়ে লেখিয়ে নেওয়াটা মনে হয় খারাপ না!সব ধরনের ক্রিকেট মিলিয়ে কতগুলো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ কাভার করেছেন?বেরি: ১৯৭৭ থেকে শুরু, নির্দিষ্ট সংখ্যাটা নিজেরও জানা নেই। টেস্ট সাড়ে তিন শ থেকে চার শর মতো হবে। ওয়ানডে কতগুলো কাভার করেছি কোনো ধারণাও করতে পারব না।সেই সময় থেকে ক্রিকেট লেখায় কতটা পরিবর্তন এসেছে?বেরি: এখন লেখা অনেক সংক্ষিপ্ত হয়ে গেছে। কারণ ইংল্যান্ডে ব্রডশিট পত্রিকাগুলো সব ট্যাবলয়েড আকারের হয়ে গেছে। আমি ভাগ্যবান, কারণ সানডে টেলিগ্রাফ-এর খেলার পাতা এখনো ব্রডশিট। আমি তাই হয়তো এক হাজার শব্দের ম্যাচ রিপোর্ট লিখতে পারি। কিন্তু অন্যদের হয়তো ২০০ শব্দ কম লিখতে হয়। এই ২০০ শব্দ লেখার মানে একটা প্রভাব ফেলেই। কারণ লেখার উপাদানও বেড়েছে এখন—দর্শক, পরিবেশ নানা বিষয় আসে এখন লেখায়। সবচেয়ে আশঙ্কার কথা, ইংল্যান্ডের বাইরে ক্রিকেট সাংবাদিকের সংখ্যা কমে যাচ্ছে। গত অ্যাশেজে ইংল্যান্ডে এসেছিল মাত্র তিনজন অস্ট্রেলিয়ান সাংবাদিক। নিউজিল্যান্ড যখন ইংল্যান্ডে এল, একজনও নেই। ভারত, বাংলাদেশ আর ইংল্যান্ড ছাড়া ক্রিকেট সাংবাদিকের সংখ্যা কমে যাচ্ছে। পুরো ক্যারিয়ারে ক্রিকেট ছাড়া অন্য কোনো খেলা কাভার করেননি, কেন জানতে পারি?বেরি: কারণ সোজা, ক্রিকেটের মতো ইন্টারেস্টিং খেলা আর নেই! আর কোনো খেলায় সময়ের সঙ্গে সঙ্গে এত পরিবর্তন এসেছে? ৬০ ওভার থেকে ৫৫-৫০ ওভারের ক্রিকেট, সেটা থেকে আবার ২০ ওভার—হকি, রাগবি বা অন্য কোনো খেলায় এমন পরিবর্তন দেখেছেন কখনো? রিভার্স সুইং, রিভার্স সুইপ, স্কুপ, সুইচ হিট, স্লোয়ার বাউন্সার-দারুণ সব নতুন নতুন ব্যাপার, অন্য খেলায় কেন যাব!বাংলাদেশের ক্রিকেট অনেক দিন থেকেই অনুসরণ করছেন, কেমন দেখছেন এই দলকে?বেরি: আমার মনে হয়, বাংলাদেশের এখন শুধু ওয়ানডে আর টি-টোয়েন্টিটাই বেশি খেলা উচিত। হয়তো কিছু টেস্ট খেলল, কিন্তু ওয়ানডে ও টি-টোয়েন্টিটাই বেশি। কারণ ওখানে ব্যবধানটা কম। টেস্টে অন্যান্য দেশের যে অভিজ্ঞতা, তাতে বাংলাদেশ অনেক পিছিয়ে। বাংলাদেশ হয়তো উন্নতি করছে, কিন্তু অন্যান্য দেশও তো বসে নেই। কিন্তু টেস্ট না খেললে তো ব্যবধানটা থাকবেই...বেরি: এ জন্য অন্যান্য দেশের ‘এ’ দলের বিপক্ষে দেশে-বিদেশে প্রচুর ম্যাচ খেলতে হবে। এতে অনেক অভিজ্ঞতা হবে, ‘এ’ দলের বিপক্ষে ম্যাচে এত চাপ থাকবে না। সবাই শিখতে পারবে, মনে করুন, আশরাফুল আর আফতাব যদি শেখে কীভাবে সারা দিন ব্যাটিং করতে হয়, কী দারুণ ব্যাপারই না হবে! বাংলাদেশকে কেউ হারাতেই পারবে না।