‘ক্রিকেটটা ল্যাপটপে খেলা হয় না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোলিং কোচ চাই—বিজ্ঞাপনটিতে মোটা অক্ষরে লেখা ছিল, ‘আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।’ যোগ্য একজনকে খুঁজে পেতে ছয় মাস অপেক্ষা করেছে পিসিবি। এত কিছুর পর দায়িত্ব দেওয়া হলো কিনা এমন একজনকে, যার না আছে কোনো অভিজ্ঞতা, না আছে নামডাক! তবে আলোচিত সেই একজন কিন্তু ভরসা জোগাচ্ছেন। মোহাম্মদ আকরামের দাবি, খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতাই তাঁকে পাকিস্তানের বোলিং কোচ হিসেবে সফল হতে সাহায্য করবে।স্বীকৃত কোনো পর্যায়েই কোচ হিসেবে কাজ করেননি। ইংল্যান্ডের কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে টুকটাক উপদেষ্টার কাজ করেছেন, অভিজ্ঞতা বলতে এটুকুই। অভিজ্ঞতা নেই বলে শুরুতে তাঁকে সম্ভাব্য তালিকা থেকে বাতিলও করে দিয়েছিল পিসিবি। শেষ পর্যন্ত ইয়ান পন্ট, স্টুয়ার্ট বার্নসদের টপকে ভাগ্যের শিকে ছিঁড়েছে তাঁরই। পাকিস্তানের হয়ে মাত্র নয়টি টেস্ট ও ২৩টি ওয়ানডে খেলেছেন। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে আছে দীর্ঘ অভিজ্ঞতা, পাকিস্তানের পাশাপাশি দীর্ঘদিন ইংলিশ কাউন্টি খেলেছেন বিভিন্ন দলের হয়ে। নিজের ওপর বিশ্বাসের তাই কমতি নেই আকরামের, ‘আমি অনেক ক্রিকেট খেলেছি, মাঠের ভেতরে ও বাইরে থেকে অনেক কিছু শিখেছি। খেলোয়াড়ি জীবনে গ্রাহাম গুচ, স্টিভ রিক্সন, জাভেদ মিয়াঁদাদদের সঙ্গে কাজ করেছি, তাঁদের কোচিং-কৌশল কাছ থেকে দেখেছি। ক্রিকেট কিন্তু শেষ পর্যন্ত ল্যাপটপের খেলা হয় না, মাঠে গিয়েই খেলতে হয়। কথার তুবড়ি ছুটিয়ে তাই লাভ নেই। আমি পার্থক্য গড়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।’আকরামের দাবি, স্বদেশি কোচ হওয়াটাও একটা বড় সুবিধা, ‘আমি একজন পাকিস্তানি, রাওয়ালপিন্ডি থেকে ভাওয়ালপুর পর্যন্ত দেশজুড়ে ক্রিকেটে খেলেছি। ক্রিকেট বুঝি, জানি সমস্যাগুলো কী এবং কী কী করতে হবে। মানিয়ে নিতে শুধু কিছু সময় দরকার, আর ১২ মাস অনেক লম্বা সময়।’ আকরামের দাবির মধ্যে একটা ফাঁক অবশ্য আছে। অ্যাংলো-পাকিস্তানি স্ত্রীর সুবাদে বছর দশেক হলো ইংল্যান্ডে থিতু আকরাম। যদিও তাঁর দাবি, দূর থেকেই পাকিস্তানের ক্রিকেট অনুসরণ করেছেন। কিন্তু বড় এক চ্যালেঞ্জই অপেক্ষা করছে ৩৭ বছর বয়সী সাবেক পেসারের জন্য। ওয়েবসাইট।