‘ক্রিকেটার জীবনটাই বেশি রোমাঞ্চকর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটার থেকে ক্রিকেট সাংবাদিক হয়ে যাওয়ার উদাহরণ অনেকই আছে ইংল্যান্ডে। তাঁদেরই একজন ইংল্যান্ডের হয়ে ৩০টি টেস্ট আর ৪৪টি ওয়ানডে খেলা ডেরেক প্রিঙ্গল। তবে দ্য টেলিগ্রাফের হয়ে ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ কাভার করতে ঢাকায় আসা সাবেক এই মিডিয়াম পেসার ক্রিকেটার জীবনটাকে মিস করেন এখনো ক্রিকেট সাংবাদিকতায় কীভাবে এলেন?ডেরেক প্রিঙ্গল: ক্রিকেট সাংবাদিকতা শুরু করেছি ১৯৯৩ সালে। তার আগে খেলোয়াড়ি জীবনেও ডেইলি টেলিগ্রাফে নিয়মিত কলাম লিখতাম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার রবিবাসরীয় সংখ্যায় চাকরি নিই, সেখান থেকে ইন্ডিপেন্ডেন্টে। ডেইলি টেলিগ্রাফে আসি ২০০২ সালে।  কেন সাংবাদিকতাকে পেশা করলেন?প্রিঙ্গল: খেলোয়াড় থাকার সময় থেকেই লেখালেখিটা উপভোগ করতাম। অবসরের পর মনে হয়েছে আমার পরবর্তী কাজ এটাই হওয়া উচিত। (হাসতে হাসতে নিজের বিশাল বপু দেখিয়ে) আর শরীরটাও ক্রিকেটের জন্য বেশ বড় হয়ে গিয়েছিল। ইংল্যান্ডের অনেক সাবেক ক্রিকেটারই এখন এ পেশায় আসছে...প্রিঙ্গল: হ্যাঁ, সাবেকদের অনেকেই আছে। আমার মনে হয় ইংল্যান্ডে পেশা হিসেবে নেওয়ার মতো খেলাগুলোর মধ্যে ক্রিকেটটাই শিক্ষিত লোকদের বা বিশ্ববিদ্যালয়ে যাওয়া মানুষদের বেশি আকৃষ্ট করে। সে জন্যই হয়তো এটা হয়েছে, আমাদের প্রজন্মের ক্রিকেটাররাই বেশি বেশি মিডিয়ায় এসেছে। কোন জীবনটা বেশি উপভোগ্য মনে হয়? ক্রিকেটারের নাকি ক্রিকেট সাংবাদিকের?প্রিঙ্গল: ক্রিকেটারের মতো হালকা-পাতলা থাকাটাই বেশি উপভোগ্য...হা হা হা। সত্যি বলতে কি দুটোই উপভোগ্য আমার কাছে। একসময় ক্রিকেট খেলাটা যেমন উপভোগ করেছি, এখন সাংবাদিকতাও উপভোগ করছি। কখনো কখনো তো দুটোকেই একই রকম মনে হয়। তবে হ্যাঁ, ম্যান অব দ্য ম্যাচ হওয়া, বল হাতে ম্যাচ জেতানো স্পেল করা বা ব্যাটিংয়ে নেমে উইনিং শট খেলা—এসবের তো আলাদা তৃপ্তি ছিলই। সেদিক দিয়ে ক্রিকেটার জীবনটাই বেশি রোমাঞ্চকর। তবে ভালো একটা রিপোর্ট লিখতে পারাও কিন্তু কম আনন্দের নয়। আপনাদের সময়ের তুলনায় এখন আন্তর্জাতিক ক্রিকেট অনেক বেশি ব্যস্ত। ক্রিকেট সাংবাদিক হিসেবে এর সঙ্গে তাল মেলাতে সমস্যা হয় না?প্রিঙ্গল: ঠিক তা নয়। আমাদের সময়ে কেন্দ্রীয় চুক্তি না থাকায় কাউন্টি ক্রিকেটে আমরা প্রচুর ম্যাচ খেলতাম। সে তুলনায় ইংল্যান্ড দলের বর্তমান খেলোয়াড়েরা কাউন্টি ক্রিকেট কমই খেলে। তবে আপনার কথাও ঠিক, আন্তর্জাতিক সূচি এখন খুব ঠাসা। আজ থেকে ১৭-১৮ বছর আগে এটা চিন্তাও করা যেত না। টেস্ট ম্যাচের মধ্যেও রোববার থাকত বিশ্রামের দিন। আর এখন টানা পাঁচ দিন খেলতে হয়, একটা টেস্ট শেষ হওয়ার মাত্র তিন দিন পরই আরেকটা টেস্ট! কোনো বিশ্রামের দিন নেই, ব্যাক টু ব্যাক টেস্ট—এখনকার ছেলেরা ক্লান্ত তো হবেই। সাংবাদিক হিসেবে কয়টা টেস্ট আর কয়টা ওয়ানডে কাভার করেছেন এ পর্যন্ত?প্রিঙ্গল: আমি জানি না। অনেক...অনেক...হা হা হা। অন্তত যতটা ম্যাচ খেলেছি তার চেয়ে বেশি তো হবেই। বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে কী ধারণা আপনার?প্রিঙ্গল: বাংলাদেশে এবারই প্রথম এলাম। ওরা (বাংলাদেশ) কী রকম খেলে, কেমন করে সেটা দেখার অপেক্ষায় আছি।  টেলিভিশনে বাংলাদেশের খেলা দেখেছেন? কার খেলা ভালো লাগে?প্রিঙ্গল: (একটু ভেবে) বাঁহাতি স্পিনার...অধিনায়ক...কী যেন নাম, সাকিব...সাকিব। টেলিভিশনে তার বোলিং দেখেছি। ভালো বল করে। আরেকজন আছে...সাত বা আট নম্বর ব্যাটসম্যান...অলরাউন্ডার...নাম সম্ভবত মাহমুদউল্লাহ, ভারতের বিপক্ষে সিরিজে তার ব্যাটিং ভালো লেগেছে। টেলিভিশনে আমি খুব বেশি খেলা দেখি না। কাজেই বাংলাদেশের খেলাও বেশি দেখা হয়নি। তোমাদের (বাংলাদেশ) খেলা দেখতে সে কারণেই এখানে আসা। এই সিরিজে বাংলাদেশ কেমন করবে মনে হয়?প্রিঙ্গল: আমি চাই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ড্র করুক তারা। কেন পারবে না? আর ওয়ানডেতে বাংলাদেশ ভালো দল। অন্যদিকে ইংল্যান্ড দলের সমস্যা ধারাবাহিকতার অভাব। কোনো কোনো দিন তারা খুব ভালো খেলে, আজ (গতকাল) যেমন ভালো ব্যাটিং করল। তবে এটা নাও থাকতে পারে। কাজেই আমার ধারণা ওয়ানডে সিরিজটা জমবে।