‘ক্রিকেটে কখনোই স্টাইলিশ ব্যাটসম্যানের অভাব হবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়ের সঙ্গে সঙ্গে অন্য অনেক কিছুর মতো ক্রিকেট অঙ্গনও অনেক বদলে গেছে। পাঁচ দিনের ধৈর্য-কৌশলের টেস্ট লড়াই থেকে এসেছে এক দিনের ক্রিকেট। যেখানে দ্রুতগতিতে ব্যাট চালিয়ে রান সংগ্রহই থাকে প্রতিটা দলের মূল লক্ষ্য। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণটি খুব দ্রুতই জনপ্রিয় হয়ে গেছে। এরপর এসেছে ক্রিকেটের আরও ক্ষুদ্রতম সংস্করণ। টি-টোয়েন্টি ক্রিকেট, যেখানে ‘বুম বুম’ ব্যাটিংয়েরই জয়জয়কার। ক্রিকেট বিশ্বের এ অভাবনীয় বদলের ফলে খেলার ধরন নিশ্চিতভাবেই অনেক বদলে গেছে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো ক্রিকেটারদের মন-মানসিকতারও বদল ঘটেছে।যেমন ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় বা মার্ক ওয়াহদের মতো স্টাইলিশ ব্যাটসম্যান ইদানীং আর দেখাই যাচ্ছে না বলে মন্তব্য করেছেন অনেক ক্রিকেট বোদ্ধা। ব্যাটিংটাকে তাঁরা নিয়ে গিয়েছিলেন একটা শিল্পের পর্যায়ে। তাঁরা যেন ব্যাটটাকে তুলি বানিয়ে ছবি এঁকে চলেন ক্রিকেট মাঠে। কিন্তু এখন যেকোনেভাবে, যেনতেন উপায়ে রান করাটা, চার-ছয় মারাটাই মুখ্য হয়ে উঠছে। অনেকেই আশঙ্কা করছে, ব্যাটিংয়ের নান্দনিকতা ক্রমশই হারিয়ে যাচ্ছে।সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে আলাপ করেছেন এ সময়ের অন্যতম স্টাইলিস্ট ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। অনেকেই জয়াবর্ধনেকে আখ্যায়িত করেছেন ক্রিকেটের শেষ নান্দনিক ব্যাটসম্যান হিসেবে। শ্রীলঙ্কার এ ডানহাতি ব্যাটসম্যান যেভাবে হাঁটু গেড়ে বসে কবজির জোরে কাভারের ওপর দিয়ে বল বাউন্ডারির বাইরে পাঠান, তেমনটা আর দর্শক দেখতে পাবে না বলে মনে করছেন অনেকেই। তবে ব্যাটিং থেকে নান্দনিকতা মুছে যাবে এটা একেবারেই মেনে নিতে পারছেন না শ্রীলঙ্কার সহ-অধিনায়ক। তিনি বলেছেন, ‘মানুষ যখন আমার ব্যাটিংয়ের স্টাইল নিয়ে কথা বলে, তখন খুব ভালোই লাগে। কিন্তু স্টাইলিশ ব্যাটসম্যানরা আর থাকবে না এটা আমি একেবারেই মানতে পারছি না। ভবিষ্যতেও এমন ব্যাটসম্যান আসবে যারা ক্রিকেটের তিন ধরনের ফরম্যাটের সঙ্গেই খাপ খাইয়ে নেবে এবং খুব নান্দনিক ব্যাটিং করবে।’ টাইমস নিউজ নেটওয়ার্ক।