বিশ্বকাপ ক্রিকেটে রেফারেল পদ্ধতির প্রয়োগ ইতিমধ্যেই বিতর্কের ঝড় তুলেছে। বেঙ্গালুরুতে ভারত-ইংল্যান্ড ম্যাচে ইয়ান বেলের আউট দেওয়া না দেওয়া নিয়েই শুরু যতো আলোচনা, বিতর্ক। ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি টাই হওয়ার পরপরই সংবাদ সম্মেলনে বেলকে আউট না দেওয়া নিয়ে নিজের অসন্তোষ চেপে রাখতে পারেননি। কোড অব কন্ডাক্টে বিচ্যুতি ঘটায় আইসিসির মৃদু ধমকও খেতে হয়েছে ধোনিকে।তবে এই ব্যাপারে ধোনির পক্ষে দাঁড়িয়েছেন সাবেক পাকিস্তানি গ্রেট ওয়াসিম আকরাম। ধোনির পক্ষাবলম্বন করে তিনি বলেছেন, ‘সত্যিই এই রেফারেল পদ্ধতি আমার জন্য জটিল হয়ে দেখা দিয়েছে। বুঝতে পারছি না এই পদ্ধতি ক্রিকেটের কি উপকার করছে।’আকরামের মতে, এই রেফারেল পদ্ধতি সাধারণ ক্রিকেটামোদীতো বটেই, খোদ খেলোয়াড়দেরও ঝামেলায় ফেলে দিয়েছে। কেউই বুঝতে পারছে না, কখন কি হবে।’ তিনি ক্রিকেটের যাবতীয় আইন-কানুনকে সহজ করে মানুষের বোধগম্য করার জন্য আইসিসির প্রতি আহ্বান জানান।‘আমার মনে হয়, ক্রিকেটের এসব আইনগুলোকে সহজ করা উচিত। তাতে সকলেরই মঙ্গল হবে।’ আকরামের অভিমত।রেফারেল পদ্ধতি নিয়ে ধোনির সমালোচনায় মোটামুটি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আইসিসি তাঁকে ক্রিকেটের আইন-কানুন ভালোমতো পড়ে দেখার আহ্বান জানিয়েছে। আইসিসির এই প্রতিক্রিয়ার জবাব ধোনির হয়ে ওয়াসিম আকরামই দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘ক্রিকেটের যেসব আইনের বইপত্র রয়েছে, সেগুলো অনেক মোটা মোটা। আর ওগুলো পড়তে সময়ও অনেক বেশি লাগার কথা। এত সময় কারোরই নেই।’ রেফারেল পদ্ধতির সমালোচনার পাশাপাশি ওয়াসিম আকরাম ধোনিকে ইয়ান বেলের ব্যাপারটি ভুলে পরের ম্যাচগুলোতে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ধোনির উচিত ব্যাপারটি মাথা থেকে ঝেড়ে ফেলে বাকি খেলাগুলো নিয়ে ভাবা।’ওয়াসিম আকরামের মতে, এবারের বিশ্বকাপে ভারতের ব্যাটিং লাইন আপ দুর্দান্ত হলেও বোলিংয়ে দুর্বলতা থেকেই গেছে। ওয়াসিম আকরাম মনে করেন উপমহাদেশের উইকেটে কেবল ফাস্ট বোলাররাই ম্যাচ জেতাতে পারে। তিনি বলেন, যেকোনো দলেরই উচিত তিনজন পেসার নিয়ে খেলা। দুই পেসার আর দুই স্পিনার নিয়ে খেলা একটি পদ্ধতিগত ভুল।’ ওয়েবসাইট।