‘ক্রিকেটের জন্যই ঈশ্বর তাঁকে সৃষ্টি করেছেন’
কী পাননি তিনি নিজের ক্যারিয়ারে। ৯৯টি আন্তর্জাতিক সেঞ্চুরি ইতিমধ্যেই ঝুলিতে পুরেছেন। অপেক্ষায় রয়েছেন শততম আন্তর্জাতিক সেঞ্চুরি করে ভারতীয়দের অনন্য উত্সবে মাতাতে। ক্রিকেট রেকর্ডের সব ক্ষেত্রেই রয়েছে তাঁর পদচারণ। ক্যারিয়ারে অতিক্রম করেছেন ২২টি সফল বছর। কোনো সময়ই অফ ফর্ম যাঁর ক্যারিয়ারে ক্ষত সৃষ্টি করেনি। ক্রিকেট ইতিহাসে অমর হয়ে থাকার সব প্রস্তুতিই যিনি সম্পন্ন করেছেন সেই টেন্ডুলকারের জীবনে সঙ্গী হয়ে রয়েছে বিশ্বকাপ ট্রফিতে হাত দিতে না পারার আক্ষেপ। আজ নিজ শহর মুম্বাই তাই অধীর আগ্রহে অপেক্ষমাণ ক্রিকেট ইতিহাসের সর্বকালের এ সেরা তারকাকে এই না পাওয়ার আক্ষেপ মিটিয়ে দিতে।ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও আবেগাপ্লুত হয়ে অপেক্ষমাণ এই গ্রেট ক্রিকেটারের ঋণ পরিশোধের জন্য। ধোনির ভাষায়, ‘ঈশ্বর শচীনকে সৃষ্টিই করেছেন ক্রিকেট খেলার জন্য।’ তিনি আরও বলেছেন, ‘গত ২২ বছর ধরেই তাঁর কাছে ভারতীয়দের প্রত্যাশা আকাশচুম্বী। কিন্তু এ প্রত্যাশা তাঁর কাছে কখনোই চাপ নয়। যখনই তিনি মাঠে ব্যাট হাতে নামেন, তখনই তিনি সেই প্রত্যাশা কড়ায়-গন্ডায় মিটিয়ে দিতেই মাঠে নামেন। এত বছর পরেও ক্রিকেট নিয়ে তাঁর প্যাশনে এতটুকু ঘাটতি দেখা যায়নি।’বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালটিও শচীনের জন্য অন্য রকম এক আবেগ বলেই মনে করেন ধোনি। তিনি বলেন, ‘এত বছরের ক্যারিয়ারে কেবল বিশ্বকাপটিই তাঁর ঝুলিতে নেই। এমন মহান এক ক্রিকেটারকে সম্মান জানাতেও আমাদের আজ বিশ্বকাপটি জিততে হবে।’ফাইনালে শচীন টেন্ডুলকারের প্রস্তুতি সম্পর্কে ধোনি বলেন, ‘তিনি যখনই ক্রিকেট খেলতে নামেন কিংবা এর অনুশীলনে নামেন, তখনই তিনি শতভাগ কমিটেড থাকেন। তাই বিশ্বকাপের প্রস্তুতিও তাঁর কোনো ঘাটতি নেই। রাতে চমত্কার এক ঘুম হলেই তাঁর হয়ে যাবে।’ধোনি গতকাল এ কথা বলেছেন, আজ সকালে টেন্ডুলকার নিশ্চয়ই প্রস্তুত ফাইনাল মহারণের জন্য। এবার যে বিশ্বকাপ ট্রফিটা টেন্ডুলকারকে হাতে নিতেই হবে! ওয়েবসাইট।