'ক্রিকেটের প্রতি ভালোবাসা আমার রক্তে'

টেস্ট সিরিজের দলে ছিলেন। সেটা শেষ, ইশ সোধি কাল রাতেই তাই উড়ে গেছেন দেশে। তবে যাওয়ার আগে নিউজিল্যান্ডের এই লেগ স্পিনার বলে গেলেন বাংলাদেশে অভিষেক টেস্ট খেলার অভিজ্ঞতার কথা, ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠার গল্পও। সাক্ষাৎকার নিয়েছেন তারেক মাহমুদ
অভিষেক টেস্টের অভিজ্ঞতা কেমন ছিল?
ইশ সোধি: এই স্বপ্নটা আমি ছোটবেলা থেকেই দেখে আসছিলাম। যখন ব্যাপারটা ঘটল...কেমন লাগছিল ভাষায় প্রকাশ করতে পারব না আসলে। দারুণ একটা ব্যাপার ছিল।
ক্রিকেটার হয়ে উঠলেন কীভাবে?
সোধি: খেলা শুরু ৯ বছর বয়স থাকতে। বয়সভিত্তিক পর্যায় থেকেই খেলাটা উপভোগ্য হয়ে ওঠে আমার কাছে। যত দিন গেছে ততই সেটা বেড়েছে। ক্রিকেটের প্রতি ভালোবাসা আমার রক্তে। আসলে আমি তো ভারতীয়। ক্রিকেটের প্রতি অনুরাগ এক সময় না এক সময় আসতই এবং সেটা এসেছেও শেষ পর্যন্ত।
৪ বছর বয়সে ভারত থেকে পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে চলে গেছেন। ভারত নিয়ে তখনকার কোনো স্মৃতি?
সোধি: ভারতে আমার পরিবারের কেউ কেউ এখনো আছেন। আর গত ১৭ বছরে আমি নিজেও অনেকবার সেখানে গেছি। কাজেই স্মৃতি তো থাকবেই। ভারত সব সময়ই আমার সেকেন্ড হোম।
ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে জানাশোনা কেমন?
সোধি: সাম্প্রতিক ভারত সফরে ওদের অনূর্ধ্ব-১৯ দলের অনেকের সঙ্গে দেখা হয়েছে। লেগ স্পিনার রাহুল শর্মার সঙ্গে কথা হয়েছে। তাদের সঙ্গে কথা বলা বা তাদের সম্পর্কে জেনে ভালোই লেগেছে।
এত দ্রুত টেস্ট খেলে ফেলায় নিজেও কি বিস্মিত?
সোধি: বয়সভিত্তিক ক্রিকেটের পুরোটাই আমি অকল্যান্ডের হয়ে খেলেছি। তবে তাদের দলে কয়েকজন ভালো স্পিনার থাকায় অকল্যান্ডের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলাটা কঠিন ছিল। আমাকে তাই নর্দার্ন ডিস্ট্রিক্টসে চলে যেতে হয়েছিল। এক বছরের বেশি হয়ে গেল, প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম ম্যাচ খেলেছি। তবে এখনো মনে হয়, প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে আরও অনেক কিছু শেখা বাকি আছে।
প্রথম টেস্টে কি নার্ভাস ছিলেন?
সোধি: সবকিছু খুব দ্রুত ঘটে গেছে। আমি ভাগ্যবান...আসলে আপনি নিজেও চাইবেন এ রকম ঘটনা জীবনে কখনো না কখনো ঘটুক। তবে টেস্ট সিরিজ যত এগিয়েছে, আমিও তত সামলে উঠেছি। খুব উপভোগ করেছি প্রথম টেস্টটা।
দলে আসার পর প্রথম কয়েক দিনের অভিজ্ঞতা কেমন ছিল?
সোধি: প্রথম কয়েক দিন তো মনে হচ্ছিল আমি বুঝি একটা কার্টুনের মধ্যে আছি! মানসিক উত্তেজনা থামাতে কিছু সময় লেগেছে। তবে প্রথম উইকেটটা পাওয়ার পর আমি আমার কাজটা বুঝে ফেলি। খেলার সঙ্গেও নিজেকে আরও বেশি করে সম্পৃক্ত করতে থাকি। তবে দ্বিতীয় টেস্টে থিতু হওয়াটা বেশি সহজ ছিল আমার জন্য।
বাংলাদেশের কন্ডিশন কেমন লাগল?
সোধি: চট্টগ্রামে কঠিন ছিল। উইকেটে বল আসছিল আস্তে, নিচু হয়ে। বল টার্নও করেছে অল্প। তা ছাড়া এখানকার ব্যাটসম্যানরা স্পিন ভালো খেলে। তবে আমার ভাগ্য ভালো যে ‘এ’ দলের হয়ে আগের দুই মাস উপমহাদেশে খেলার সুযোগ পেয়েছি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা তাই কঠিন হয়নি। চট্টগ্রামের তুলনায় ঢাকায় বোলিং করে বেশি ভালো লেগেছে। প্রথম ইনিংসেই উইকেটে অনেক কিছু ছিল এখানে।
টেস্টে প্রথম উইকেট পাওয়ার অভিজ্ঞতা?
সোধি: প্রথম টেস্ট উইকেটটা কেমন হবে—সে কল্পনা কত লক্ষবার যে করেছি! আসলে আপনি উইকেটটা তখনই পাবেন, যখন সেটা আসবে। প্রথম উইকেট পাওয়ার ব্যাপারে নিজেকে ভাগ্যবানই বলব। সত্যি বলতে কি, এই পর্যায়ের ক্রিকেটে ৬ উইকেট (বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে) পাওয়াটা বিরাট ব্যাপার আমার জন্য। এটা যে এত দ্রুত ঘটে যাবে, আমি কখনোই তা ভাবিনি।
স্পিনার যেহেতু, কখনো কি মনে হয় না ভারতে থেকে গেলেই হতো? স্পিনারদের জন্য তো উপমহাদেশের কন্ডিশনই ভালো...
সোধি: আসলে যেটার অভিজ্ঞতা নেই, সেটা ভালো হতো না খারাপ হতো কী করে বলব? তবে আমার মনে হয় স্পিনটা সব সময় শুধু উইকেটের ওপরই নির্ভর করে না। সব উইকেটে সেটা হয়ও না। বল টার্ন করাতে বোলারকেও কিছু কাজ করতে হয়।
আদর্শ মানেন কাউকে?
সোধি: অনিল কুম্বলে। ছোটবেলা থেকেই তাঁর বোলিং ভালো লাগত।
আপনার ক্যারিয়ারে ড্যানিয়েল ভেট্টোরির ভূমিকা সম্পর্কে বলুন...
সোধি: আমাকে অনেক সাহায্য করেছেন ড্যান (ভেট্টোরি)। আমি তখন অকল্যান্ডে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা দলে ইমরান তাহির ছিল...কাজেই নেটে একজন লেগ স্পিনার চাচ্ছিল নিউজিল্যান্ড দল। নেটে আমি ড্যানকে ঘণ্টা খানেক বল করলাম। আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হলো। নর্দার্ন ডিস্ট্রিক্টসে আসার ব্যাপারে তিনি আমাকে সাহায্য করলেন। তাঁর সঙ্গে কয়েকটা ম্যাচও খেললাম। ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠার সময়টাতে আমার অন্যতম নায়ক ছিলেন তিনি।
দ্বিতীয় টেস্টে ফিফটি করলেন। নিজেকে ব্যাটসম্যান হিসেবেও ভাবেন নাকি?
সোধি: হ্যাঁ, নিজেকে আমি ব্যাটসম্যানও ভাবি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বেশ কয়েকটা ভালো ইনিংস আছে আমার, যেগুলো ব্যাটসম্যান হিসেবে আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে। এ ছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনটি ফিফটি আছে। তবে টেস্টে ১০ নম্বরে নেমে ফিফটি করার ব্যাপারটা কখনোই মাথায় ছিল না। সেটাও তো করে ফেললাম। (হাসি)।