‘ক্রিকেটের মতো পড়াশোনাও আমার প্যাশন’
তাঁর পুরো ক্যারিয়ারকে এক বাক্যে বর্ণনা করা যেতে পারে এভাবে, ‘শেষ হইয়াও হইল না শেষ।’ কতবার যে লিখে ফেলা হলো ক্যারিয়ারের এপিটাফ! অথচ প্রতিবারই সবাইকে চমকে ফিরেছেন দলে। সবচেয়ে বড় চমকটা দিলেন গত বছর, ৩৬ বছর বয়সে যখন ফিরলেন অধিনায়ক হয়ে। ঘটনাবহুল ক্যারিয়ার নিয়ে প্রেমাদাসা স্টেডিয়ামে কাল মিসবাহ-উল-হক কথা বললেন আরিফুল ইসলামের সঙ্গে মাঠের বাইরে যেমন, মাঠের ভেতরেও আপনি কেমন যেন শান্ত-স্থির...মিসবাহ-উল-হক: আমি সব সময় এমনই ছিলাম। ক্লাব বা ঘরোয়া ক্রিকেট খেলার সময়ও আমি এমন। সবাই জানে পাকিস্তানি ক্রিকেটাররা বহির্মুখী, খুব ছটফটে। এঁদের মাঝে কীভাবে নিজেকে মানিয়ে নিলেন?মিসবাহ: ওই যে বললাম, আমি এমনই। আমি স্রেফ নিজের খেলায় মনোযোগ দিই, দলের প্রয়োজন অনুযায়ী খেলার চেষ্টা করি। উইকেটে গিয়ে স্কোর বোর্ড দেখি, বুঝতে চেষ্টা করি পরিস্থিতির দাবি। উইকেটে থাকা প্রয়োজন হলে থাকতে চেষ্টা করি। শট খেলার দরকার হলেও মনে হয় খারাপ পারি না (হাসি)...এই তো। এটা তো মাঠের কথা বললেন, কিন্তু বাইরে? এমন শান্ত চরিত্রের রহস্য কী?মিসবাহ: উমম...আমার বাবার বড় ভূমিকা থাকতে পারে এতে। জাতীয় দলে খেলতে না পারলেও ঘরোয়া হকির শীর্ষ পর্যায়ে খেলেছেন বাবা। তাঁকে দেখলেই একটা প্রশান্তি চলে আসে। আরেকটা দিক থেকেও আপনি পাকিস্তানিদের মধ্যে ব্যতিক্রম—পড়াশোনা। আপনি তো এমবিএ করেছেন?মিসবাহ: হ্যাঁ, বিএসসি করে এমবিএ করেছি লাহোরেরই একটি বিশ্ববিদ্যালয় থেকে। ক্রিকেটের পাশাপাশি পড়াশোনা চালানো খুব কঠিন ছিল। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষাটা খুব দরকার। জীবনের প্রতিটি ক্ষেত্রেই তা কাজে লাগে। পরিবার থেকে চাপ ছিল পড়াশোনার জন্য?মিসবাহ: একদমই না! আমিই পড়াশোনা উপভোগ করতাম। ক্রিকেটের মতো পড়াশোনাও আমার প্যাশন। জাতীয় দলে খেলার মতো সব সময়ই আমি চেয়েছি এমবিএ করতে। বিকেলে অনুশীলন বা সারা দিন ম্যাচ খেলে সন্ধ্যার পর ক্লাসে যেতাম। রাতে পড়াশোনা-অ্যাসাইনমেন্ট শেষ করতাম। সকালে আবার মাঠে। আমার ভালো লাগার কাজটা দিনের ১৬ ঘণ্টা করলেও সমস্যা হয় না। প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনার ক্যারিয়ারে বা জীবনে কতটুকু সাহায্য করেছে? মিসবাহ: অনেক। স্কুল-কলেজের সিস্টেমটা জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে। খেলাধুলা ও পড়াশোনা, দুটোরই মূল শিক্ষা শৃঙ্খলা। প্রাতিষ্ঠানিক শিক্ষা আমার ব্যাটিং, যা আমার অধিনায়কত্বকেও অনেক সাহায্য করেছে এবং করছে। গত বছর টেস্ট অধিনায়ক হয়ে দলে ফেরাটা আপনার জন্য কত বড় চমক ছিল?মিসবাহ: বাদ পড়েও জানতাম দলকে কিছু দেওয়ার আছে আমার। আত্মবিশ্বাস হারাইনি। যদি বলি, অধিনায়ক হওয়ার প্রস্তাব পাওয়ার পর চমকাইনি, মিথ্যে বলা হবে। পাকিস্তান দলকে নেতৃত্ব দেওয়া গর্বের ব্যাপার। তবে সে সময় আমি ভালো ফর্মে ছিলাম না। আল্লাহর অশেষ রহমত, এখন সবকিছুই খুব ভালোভাবে হচ্ছে। ক্যারিয়ারজুড়েই আসা-যাওয়ার মধ্যে থেকে মোটামুটি থিতু হতে পারলেন তিরিশের পর...মিসবাহ: সবচেয়ে বড় দায় নিজেরই। পারফর্ম করলে কেউ বাদ দিতে পারত না। ক্যারিয়ারের শুরুটা ভালো হয়নি, মাঝে আরেকবার ডাক পেয়েও কাজে লাগাতে পারিনি। তবে ভেঙে পড়িনি, ঘরোয়া ক্রিকেটে রান করে গেছি। বারবার এভাবে ফিরে আসা...এই মানসিক শক্তির উৎস কোথায়?মিসবাহ: উৎস আমি নিজেই, নিজের প্রতি বিশ্বাস। কঠোর পরিশ্রম করলে সাফল্য আসবেই। এক মুহূর্তের জন্যও নেতিবাচক চিন্তা মাথায় আনিনি। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপেই তো আপনার ক্যারিয়ারের পুনর্জন্ম। মোহাম্মদ ইউসুফের বদলে আপনাকে নেওয়ায় অনেক সমালোচনা হয়েছিল। আপনি সবাইকে চমকে দিলেন...শেষে ফাইনালের ওই স্কুপ শট...মিসবাহ: ঘরোয়া ক্রিকেটে প্রচুর টি-টোয়েন্টি খেলায় আমার আত্মবিশ্বাস ছিল। আর ফাইনালের ওই শট...ওই মুহূর্তে আমার যা মনে হয়েছে আমি করেছি। ওসব নিয়ে আমি ভাবি না। এই যে বললেন, ক্যারিয়ারের পুনর্জন্ম। ওই একটি শট ছাড়াও ওই টুর্নামেন্ট নিয়ে ভাবার অনেক কিছু আছে। আপনার অধিনায়কত্বের দর্শন? মিসবাহ: দলের সবাইকে শ্রদ্ধা করি এবং সবার শ্রদ্ধা আশা করি। কখনো কাউকে জোর করি না, নিজের দায়িত্বটা সবাই জানে। সবাইকে সহযোগিতার চেষ্টা করি, সহযোগিতা চাই। নিজের পারফরম্যান্সটা জরুরি, তাহলে সতীর্থদেরও পাশে পাওয়া যাবে। আর সতীর্থদের বিশ্বাস অর্জন করতে হবে। টেস্ট দলের অধিনায়ক, ওয়ানডেতে সহ-অধিনায়ক, সমস্যা হয় না? বিশেষ করে আফ্রিদির চরিত্র তো আপনার একদম উল্টো?মিসবাহ: সমস্যা হবে কেন, আমার দর্শন সহজ-সরল। যখন যে ভূমিকা, আমি তা পালন করার চেষ্টা করি। আফ্রিদিও খুব ভালো করছে। পড়তে এত পছন্দ করেন, এখন কি সময় পান?মিসবাহ: সময় বের করা কঠিন হলেও বের করে ফেলি। ম্যানেজমেন্ট, লিডারশিপ স্কিল ও সাইকোলজি পড়তে ভালো লাগে। বয়স ৩৭ ছুঁই ছুঁই, ভবিষ্যৎ ভাবনা?মিসবাহ: যত দিন পারি, যে ফরম্যাটে পারি, খেলে যাব। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব।