
কাঠমান্ডুতে গত মার্চে এএফসি চ্যালেঞ্জ কাপে ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক। সেপ্টেম্বরে সেই কাঠমান্ডুতেই অনুষ্ঠেয় সাফ ফুটবলে পেলেন পূর্ণ দায়িত্ব। কাঁধে প্রত্যাশার চাপ। আজ ব্যাংকক যাওয়ার আগে সেই চাপ জয় করারই প্রতিশ্রুতি দিলেন জাতীয় দলের নতুন অধিনায়ক মামুনুলইসলাম
পরিবর্তনের ধারায় নতুন কোচ ডি ক্রুইফের অধীনে আসলে কী পরিবর্তন দেখছেন এই কদিনে?
মামুনুল ইসলাম: পরিবর্তন তো অনেক। আগের বিদেশি কোচ যেমন ডিডো, জোরানরা আক্রমণাত্মক খেলতে পছন্দ করতেন। এই কোচও আক্রমণাত্মক। তবে একই সঙ্গে তিনি বিল্ডআপ, প্রেসিংয়ের ওপর সমান জোর দিচ্ছেন। সবচেয়ে বড় দিক, ডি ক্রুইফ সব খেলোয়াড়কে একই চোখে দেখছেন। এটা আমার বেশ ভালো লাগছে। নির্দিষ্ট করে কোনো উদাহরণ কি দেবেন, যে পরিবর্তনটা আপনার চোখে লেগেছে বেশি
মামুনুল: অনেক উদাহরণই আছে। কাঠমান্ডুতে এএফসি চ্যালেঞ্জ কাপে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচে একটা বলে আমি আর সোহেল রানা দুজনই একসঙ্গে যাই। কিন্তু যাওয়ার কথা একজনের। যখন দুজন গেলাম, দুজনেরই নামার কথা একসঙ্গে। কিন্তু আমরা নামতে পারিনি। বল হারিয়েছি। এটা ম্যাচের পর কোচ আমাকে আলাদা করে বুঝিয়ে দিয়েছেন। কোচের চোখে ভুলটা দেখুন ঠিকই ধরা পড়েছে।
ডি ক্রুইফ ডাচ ছন্দেও খেলাতে চান আপনাদের। সেটি কতটা রপ্ত হলো এখন পর্যন্ত?
মামুনুল: ডাচ ফুটবল মানে একসঙ্গে আক্রমণ, একসঙ্গে রক্ষণ। আমরা আসলে কোচের পরিকল্পনা অনুযায়ী এখন ৭০-৭৫ মিনিট পর্যন্ত খেলতে পারি। কিন্তু কোচ বলেছেন, ৯০ মিনিটই একই ছন্দে খেলতে হবে। অতিরিক্ত সময় খেলা গেলে দম তো আরও বেশি রাখতে হবে। এই দিকটায় এখন পর্যন্ত যথেষ্ট উন্নতি আছে।
এই উন্নতির ধারাটা আসলে কেমন? মানে কোন কোন জায়গায় বেশি উন্নতি?
মামুনুল: আমরা এখন বল নিয়ে খেলতে পারি। প্রেসিংও ভালো হচ্ছে। কোন জায়গায় প্রেসিং করব, বা করব না এটা কোচ ভালোভাবে বোঝাচ্ছেন আমাদের। যেমন ধরুন রক্ষণে প্রেসিং করে বল নিয়ে গোল করতে লম্বা পথ। কিন্তু প্রতিপক্ষের বক্সের সামনে প্রেসিং করে বল কাড়ার অর্থ, গোলের হাতছানি। এসব শিখিয়ে ক্রুইফের আমাদের বদলে দিচ্ছেন।
l তাহলে তো মনে হচ্ছে, আপনারা ডি ক্রুইফের কোচিং উপভোগ করছেন?
মামুনুল: সবাই খুব উপভোগ করছে। ম্যাচে আমরা ছোট ছোট অনেক ভুল করি। যেগুলো নিজেরা বুঝি না। কোচ বোর্ডে ছক এঁকে দেখিয়ে দেন কোথায় গোলমালটা হচ্ছে। যেমন কোচ বলছেন, ৭০ মিনিটের পর আমরা আসলে বিচ্ছিন্ন হয়ে যাই। তাঁর কথা, দুজন খেলোয়াড়ের মধ্যে ১০ গজের বেশি যাতে দূরত্ব না হয়। আমরা অনেক সময় ২০-৩০ গজ দূরেও থাকি। এটা ঠিক নয়।
l এই যে ব্যাংককে ক্যাম্প করতে যাচ্ছেন, এটা কতটা কাজে আসবে মনে করেন?
মামুনুল: অনেক কাজে আসবে। ভিন্ন পরিবেশে কোচ কয়েকটা দিন নিবিড় অনুশীলনের সুযোগ পাবেন। সত্যি কথা বলতে, আমরা খেলোয়াড়েরা সাফে ভালো করতে উদ্গ্রীব। এটা সাফে চ্যাম্পিয়ন হতে আমদের প্রেরণা জোগাবে।
l আপনাদের ফিটনেস নিয়ে শুরুতে বেশ অখুশি ছিলেন কোচ। ডাচ ফিটনেস কোচ আসার পর এখন খেলোয়াড়দের ফিটনেসের অবস্থা কী?
মামুনুল: ভালোই বলব। ফিটনেস আসলে আস্তে আস্তে সর্বোচ্চ স্থানে নিয়ে যেতে হয়। আমরা সেই পথেই আছি।
l আপনার নিজের কথা বলুন। জাতীয় দলের অধিনায়ক হবেন কখনো ভেবেছিলেন?
মামুনুল: ফুটবলে অধিনায়কের ভূমিকা খুব বেশি নয়, তবু অধিনায়ক মানে বাড়তি দায়িত্ব। এই দায়িত্ব পাওয়ার স্বপ্ন অন্য ফুটবলারদের মতো আমারও ছিল। আমার বাবাও এই স্বপ্নটা দেখতেন, তিনি চট্টগ্রামে কল্লোল সংঘ নামে একটা দল পরিচালনা করেন। সাফে চ্যাম্পিয়ন হয়ে বাবার মতো দেশবাসীর স্বপ্নও পূরণ করতে চাই।