‘ক্লাসিকস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ১৯৬৬ বিশ্বকাপের ফাইনাল থেকে শুরু করে জার্মানি-ইংল্যান্ড লড়াই মানেই বাড়তি উত্তেজনা, রুদ্ধশ্বাস নাটক। বিশ্বকাপ বা বিশ্বকাপের বাইরে দু দল মুখোমুখি হলেই তৈরি হয় গল্প। এই ম্যাচ দেখতে বসার আগে জেনে নিন জার্মান-ইংল্যান্ড কয়েকটি ‘ক্লাসিক’-এর কথা১৯৬৬ বিশ্বকাপলন্ডনইংল্যান্ড ৪: ২ পশ্চিম জার্মানিবিশ্বকাপ ফাইনালের এখন পর্যন্ত একমাত্র হ্যাটট্রিকের সুবাদে এদিন ঘরের মাঠে ট্রফি হাতে নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক ববি মুর। জিওফ হার্স্টের সেই হ্যাটট্রিকে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়েছিল ইংল্যান্ড। ২-১ গোলে এগিয়ে ছিল ইংল্যান্ড। উন্মাতাল ওয়েম্বলিকে নিস্তব্ধ করে দিল ওয়েবারের ৮৯ মিনিটের সমতাসূচক গোল; প্রথমবারের মতো অতিরিক্ত সময়ে গড়াল বিশ্বকাপ ফাইনাল। নাটকের কেবল শুরু। ম্যাচের ১০১ মিনিটে মঞ্চস্থ হলো বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে আলোচিত বা বিতর্কিত সেই নাটক। জিওফ হার্স্টের শট গোলরক্ষক হ্যান্স টিলকোস্কিকে পরাস্ত করে লাগল ক্রসবারের নিচের দিকে। বল মাটিতে এসে পড়ল। কোটি টাকা দামের প্রশ্ন—বল কি গোললাইন অতিক্রম করল?এই প্রশ্নের অবিতর্কিত কোনো সমাধান এখনো মেলেনি। সে না মিলুক, লাইন্সম্যান তোফিক বাখরামভ হার্স্টের গোলকে বৈধ বলে ঘোষণা করে দিলেন। এরপর ১২০ মিনিটে হার্স্টের আরও এক গোল এবং ইংলিশদের ইতিহাসে একমাত্র বিশ্বকাপ জয়। ১৯৭০ বিশ্বকাপলিয়ন (মেক্সিকো)পশ্চিম জার্মানি ৩: ২ ইংল্যান্ডঅ্যালান মুলারি ও মার্টিন পিটারসের গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড তখন ২-০ গোলে এগিয়ে। কোয়ার্টার ফাইনাল ম্যাচে দ্বিতীয়ার্ধে জার্মানদের সমতায় ফেরাল ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও উয়ি সিলারের গোল। এর পরই আবার নাটক শুরু। চার বছর আগে যে জিওফ হার্স্টের গোল বৈধ হওয়া নিয়ে এত বিতর্ক, এবার বাতিল হয়ে গেল তাঁর এক গোল। খেলা পেনাল্টিতে গড়াচ্ছে, এমনটা যখন প্রায় নিশ্চিত, তখনই ম্যাচ জেতানো ভলি করলেন জার্ড মুলার। ১০৮ মিনিটে করা মুলারের সেই গোলে ইংলিশদের বিদায়। ইংলিশরা অবশ্য দুষতে পারে গর্ডন বাঙ্কসের অসুস্থতাকে। কিংবদন্তি এই গোলরক্ষকের অনুপস্থিতিতে প্রথম জার্মানদের কাছে প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে হারল ইংল্যান্ড। ১৯৯০ বিশ্বকাপতুরিনপশ্চিম জার্মানি ১ (৪): ১ (৩) ইংল্যান্ডএবার দুই ‘পুরোনো শত্রু’ মুখোমুখি হলো ইতালি বিশ্বকাপের সেমিফাইনালে। প্রথমার্ধ শেষেও খেলা গোলশূন্য। ৬০ মিনিটে পিটার শিলটনকে বোকা বানিয়ে দিল আন্দ্রেস ব্রেমার ফ্রি-কিক, জোরে নেওয়া শট পল পার্কারের পায়ে লেগে জালে জড়িয়ে গেল। ২০ মিনিট পর গ্যারি লিনেকার আবার খেলায় সমতা নিয়ে এলেন। অতিরিক্ত সময়ে যেকোনো দল ম্যাচ জিতে যেতে পারত। দু দলই একাধিক শট বার-পোস্টে লাগাল। কিন্তু পেনাল্টি শ্যুট-আউটের সময় আর জাল চিনতে ভুল করলেন না জার্মান শ্যুটাররা। ইংল্যান্ডের স্টুয়ার্ট পিয়ার্সের পর ক্রিস ওয়াডলও পেনাল্টি মিস করলেন।১৯৯৬ ইউরোলন্ডনজার্মানি ১ (৬): ১ (৫) ইংল্যান্ড খেলার শুরুতেই, ৩ মিনিটে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন অ্যালান শিয়ারার। নিজেদের মাঠে ইউরোর সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন তীব্র হয়ে উঠেছিল ইংলিশদের। কিন্তু স্টেফান কুনজ ১৬ মিনিটে খেলায় সমতা ফেরালেন। অতিরিক্ত সময়ে পল গাসকোয়েনের মরিয়া চেষ্টা জিতিয়েই দিয়েছিল প্রায় ইংল্যান্ডকে।কিন্তু নিয়তি ম্যাচ টেনে নিয়ে গেল পেনাল্টি শ্যুট-আউটে। আর পেনাল্টি মানেই ইংল্যান্ডের পরাজয়—অতএব ৫-৫ হয়ে যাওয়ার পর মিস করলেন গ্যারেথ সাউথগেট!২০০১ (বিশ্বকাপ বাছাই)মিউনিখইংল্যান্ড ৫: ১ জার্মানি২০০২ বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম লেগের ম্যাচে ইংল্যান্ড ওয়েম্বলিতে হেরেছিল ০-১ ব্যবধানে। এদিনও জার্মানি কার্স্টান জাঙ্কারের গোলে এগিয়ে গিয়েছিল। মাইকেল ওয়েন ১২ মিনিটে সমতায় ফিরিয়েছিলেন এবং প্রথমার্ধের ইনজুরি সময়ে ইংল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন স্টিভেন জেরার্ড। দ্বিতীয়ার্ধে হলো ধ্বংসযজ্ঞ। মাইকেল ওয়েন আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করলেন এবং এমিল হেস্কিও এক গোল করে স্কোরশিটে নাম লেখালেন।এই ম্যাচের পর দুই দেশে পরস্পরবিরোধী যে প্রবল উত্তেজনা তৈরি হয়েছিল, তাতে ম্যাচটা স্মৃতিতে থেকেই যাচ্ছে। ইংল্যান্ড যথারীতি ভেসে গিয়েছিল সভেন গোরান এরিকসনের বন্দনায়। আর জার্মানিতে স্রেফ ‘ছি ছি’ আওয়াজ।