‘ক্লোসার ম্যাচে’ অনিশ্চিত ক্লোসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের সবচেয়ে অর্থহীন ম্যাচটা আজ। বিশ্বকাপে কে তৃতীয় হলো না হলো এ নিয়ে কারই বা আগ্রহ আছে? ভুল করেও মিরোস্লাভ ক্লোসার কানে এই কথাটা তুলবেন না। জার্মান স্ট্রাইকার হা রে রে করে তেড়ে আসতে পারেন আপনার দিকে। ক্লোসার জন্য এই ম্যাচ যে ইতিহাসে অমরত্ব পাওয়ার সুবর্ণ উপলক্ষ!তিন বিশ্বকাপ মিলে ক্লোসার গোলসংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৪। গত বিশ্বকাপে ব্রাজিলের রোনালদো বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকা থেকে মুছে দিয়েছেন এক জার্মানের নাম। ক্লোসার সামনে এখন সুযোগ সেটারই প্রতিশোধ নেওয়ার। দুটো গোল করলে রোনালদোকে মুছে আবারও জার্মান পতাকা ওড়াতে পারবেন তিনি। রোনালদো কি উদ্বিগ্ন হয়ে পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামের ম্যাচটিতে চোখ রাখবেন?রোনালদোর জন্য একটা খবর সুখবর হয়ে এসেছে। উরুগুয়ে-জার্মানি স্থান নির্ধারণী ম্যাচটা ক্লোসার না খেলার সম্ভাবনাই বেশি। স্পেনের বিপক্ষে সেমিফাইনালে পরাজয়ের হতাশার সঙ্গে ক্লোসার জন্য যোগ হয়েছে পিঠের ইনজুরি। ফলে যে ম্যাচটা হওয়ার কথা ছিল ‘ক্লোসার ম্যাচ’, সেটিতেই তাঁর থাকার সম্ভাবনা এখন ক্ষীণ। ৩২ বছর বয়সী ক্লোসা পরের বিশ্বকাপে থাকবেন, সেই গ্যারান্টিও নেই। শুনতে হয়তো স্বার্থপরের মতো শোনাবে, তার পরও রোনালদো নিশ্চয়ই প্রার্থনা করবেন, ক্লোসা যেন আজ মাঠে নামতে না পারেন।এমনিতেই বিষণ্ন জার্মানির জন্য আরও মন খারাপের এই খবরটা শুনিয়েছেন দলের সহকারী কোচ হানসি ফ্লিক, ‘ক্লোসা পিঠের সমস্যায় ভুগছে। শূন্যে বল দখলের সময়ে গত ম্যাচে ও আঘাত পেয়েছে। তবে আমরা আশা করব, স্থান নির্ধারণী ম্যাচটাও ও খেলবে।’ শুধু ক্লোসার রেকর্ডের জন্য নয়, পুরো জার্মানিই এই ম্যাচটিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বলেই জানালেন অধিনায়ক ফিলিপ লাম। চার বছর আগের বিশ্বকাপে এমনই একটা ‘প্রীতি ম্যাচে’ খেলার স্মৃতি টেনে লাম বলছেন, ‘তখন আরও অনেকের মতো আমিও টিভিতে সেই ম্যাচটা দেখার ব্যাপারে আগ্রহ পাইনি। কিন্তু এখন এই ম্যাচটা জেতাও আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়। তা হলে কিছু সান্ত্বনা নিয়েই আমরা এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে পারব।’ম্যাচটাকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিচ্ছে উরুগুয়েও। এ বিশ্বকাপ দিয়ে আবারও বিশ্বমঞ্চে দাপটের সঙ্গে হাজির হওয়া দুবারের চ্যাম্পিয়নরা মাথা উঁচু করেই বিদায় নিতে চায়। দায় সারার দায় নিয়ে মাঠে নামছে না কোনো দলই। উরুগুয়ে কোচ তাই দুর্দান্ত একটা ম্যাচেরই প্রতিশ্রুতি দিলেন, ‘খুবই কঠিন ম্যাচ হবে এটি। হল্যান্ডের ম্যাচের মতোই দৃঢ় প্রতিজ্ঞা এবং প্রবল উৎসাহ নিয়ে মাঠে নামব আমরা। এই নিশ্চয়তা দিচ্ছি না যে আমরা জিতব। কিন্তু মরণপণ লড়াই করার জন্য আমরা আমাদের মতো করে প্রস্তুতি নেব।’ম্যাচটা গুরুত্বপূর্ণ টমাস মুলারের কাছেও। এই টুর্নামেন্টের অন্যতম তারকা তিনি। জার্মান ফরোয়ার্ড গত ম্যাচটা খেলতে পারেননি সাসপেনশনের কারণে। টুর্নামেন্টে চার গোল করা মুলার চাইবেন সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজের নামটা তুলে রাখতে। স্নাইডার আর ভিয়ার গোলসংখ্যা মুলারের চেয়ে মাত্র একটি বেশি। ‘হ্যান্ডবল নায়ক’ লুইস সুয়ারেজও ফিরছেন আজ।মুখোমুখি পরিসংখ্যানে আজকের ম্যাচে জার্মানিই ফেবারিট। আট ম্যাচের ছয়টিই জিতেছে তারা। হারেনি একটিও। পরিসংখ্যান আরেক জায়গায় এগিয়ে রাখছে জার্মানদের। উরুগুয়ে এর আগে যে দুটো স্থান নির্ধারণী ম্যাচ খেলেছে, হেরেছে দুটোই। চারটি স্থান নির্ধারণী ম্যাচ খেলা জার্মানি হেরেছে মাত্র একটিতে।