‘ক্ষমা চাওয়ার এখনই সময়’
বাছাই পর্বে ভালো খেলেনি বলে আর্জেন্টিনার কী সমালোচনাই না করেছিল গণমাধ্যমগুলো। বাছাই পর্বের বাধা পেরোনোর পরও সমালোচকদের তীরে বিদ্ধ হয়েছে ডিয়েগো ম্যারাডোনার দল। বিশ্বকাপে আর্জেন্টিনা ভালো খেলবে না—এমন ভবিষ্যদ্বাণীও করেছিল অনেকেই। অথচ বাছাই পর্বের সেই দলটিই খেলছে দুর্দান্ত, ঠিক বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো করেই। আর্জেন্টিনার এই সাফল্যে সমালোচকদের ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ক্ষুব্ধ ম্যারাডোনা।লিওনেল মেসি, কার্লোস তেভেজ ও গঞ্জালো হিগুয়েইনদের পারফরম্যান্সে অনেকটা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে আর্জেন্টিনা। কথায় নয়, পারফরম্যান্স দিয়ে ফুটবলাররা সমালোচকদের পথ বন্ধ করে দিয়েছেন বলে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে ম্যারাডোনা বলেছেন। তিনি বলেন, ‘অনেক সাংবাদিককে ফুটবলারদের কাছে ক্ষমা চাওয়া উচিত। আমি আপনাদের পেশা ছেড়ে দিতে বলছি না। তবে লজ্জাজনক সংবাদ পরিবেশন জন্য ফুটবলারদের কাছে ক্ষমা চাওয়ার এখনই সময়।’ এখানেই থামেননি এই কিংবদন্তি। এরপর যোগ করেছেন, ‘৫০ বছর বয়স হয়ে গেছে বলে তিক্ত হয়ে গেছি এমনটা নয়। আমার খেলোয়াড়দের কেউ অসম্মান করলে অনেক বেশি বিরক্তিবোধ করি।’পাহাড়সম সমালোচনা অতিক্রম করে চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় পর্বে উঠে এসেছে আর্জেন্টিনা। তিন ম্যাচের তিনটিতেই জয়ের সুবাদে সংগ্রহ ৯ পয়েন্ট। মেসিরা যেভাবে খেলছেন মেক্সিকোকে হারানোও যেন সময়ের ব্যাপার। ম্যারাডোনা বলছেন, ‘অনুশীলন ক্যাম্পেও আপনারা আমাদের বিপর্যস্ত বলে উল্লেখ করেছিলেন। এত খারাপ আর্জেন্টিনা দলকেও নাকি আপনারা দেখেননি! অথচ দুর্দান্ত প্রতাপ নিয়ে এগিয়ে চলেছি আমরা। প্রতিটি ম্যাচে জয় পাওয়া সহজ ব্যাপার নয়।’