টি-টোয়েন্টির সবচেয়ে ভয়ংকর ব্যাটসম্যানদের একজন। বোলারদের শিরদাঁড়ায় ভয়ের স্রোত বইয়ে দেওয়ার মতো ভয়ংকর। আগের দিন সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫ বলে ৩৮ রানের ইনিংস খেলা কাইরন পোলার্ড কাল দুপুরে প্রেমাদাসায় অনুশীলনে নামার আগে কথা বললেন উৎপল শুভ্র-এর সঙ্গে
‘খারাপ বল তো মারাই উচিত, তাই না!’
টি-টোয়েন্টি বিশ্বকাপ যে কাইরন পোলার্ডকে দেখার অপেক্ষায় ছিল, শেষ পর্যন্ত তার দেখা মিলল। সেমিফাইনালের ইনিংসটি সম্পর্কে কী বলবেন?কাইরন পোলার্ড: খুব খুশি। শুধু নিজের জন্য নয়, পুরো দলই খুব ভালো খেলেছে। ক্রিস (গেইল) দারুণ ব্যাটিং করেছে। মারলন আর ব্রাভো দারুণ একটা ভিত্তি গড়ে দিয়েছিল। আমার কাজ ছিল শুধু ফিনিশিংটা দেওয়া। সেটিও দুর্দান্ত হয়েছে। বোলিংটা ভুলে যাচ্ছেন কেন, সেটিও তো আমরা অসাধারণ করেছি। সব মিলিয়ে খুব খুশি। টি-টোয়েন্টিতে আপনি বোলারদের জন্য সবচেয়ে ভীতিকর ব্যাটসম্যানদের একজন। ব্যাট করতে নামার সময় কি এটি মাথায় থাকে? মানে, শরীরী ভাষায় কি ‘আজ তোদের একদিন কি আমার একদিন’ এমন একটা ভাব ফুটিয়ে তুলতে চান?পোলার্ড: ক্রিকেটে এমনিতেই অনেক চাপ থাকে, নিজে থেকে বাড়তি চাপ তৈরি করার দরকারটা কি, ভাই (হাসি)! আমি বরং ব্যাটিংয়ে নামার সময় যতটা সম্ভব রিলাক্সড থাকার চেষ্টা করি। পরিস্থিতি কী দাবি করছে, সেটি বোঝার চেষ্টা করি। এই টুর্নামেন্টটা আমার খুব ভালো যায়নি। তবে ক্রিকেট খেলাটাই তো এমন, কখনো ভালো, কখনো খারাপ। ভালোর সঙ্গে খারাপটাও মেনে নিতে হয়। এ কারণেই কালকের (গত পরশু) পারফরম্যান্সটা আরও বেশি তৃপ্তি দিয়েছে। ছোটবেলা থেকেই কি আপনি এই মতাদর্শে বিশ্বাসী যে, বল জিনিসটাই মারার জন্য? জানতে চাইছি, এমন মারমার-কাটকাট মেজাজটা কি সহজাত?পোলার্ড: বলতে পারেন। খারাপ বল তো মারাই উচিত, তাই না! কখন আবার একটা খারাপ বল পাওয়া যাবে, কে বলতে পারে! আমি ছোটবেলা থেকে এভাবেই ব্যাট করি। পার্থক্য বলতে পারেন, এখন কোন বলটা মারব আর কোনটা মারব না, এটা নিয়ে একটু ভাবি। বর্তমান ক্রিকেটে এমন কোনো বিগ হিটার কি আছেন, যাঁকে দেখে আপনার মনে হয়, ‘ওয়াও, কী মার মারছে রে ভাই’?পোলার্ড: তা তো আছেই। ক্রিস গেইল তো দিনের পর দিন এমন অনুভূতি দিয়ে যাচ্ছে। শেন ওয়াটসন আছে। ওরা তো ভালো বলও মেরে দেয়। টেলিভিশনে খেলা দেখার সময় আরও অনেককে দেখেই এমন মনে হয়। ক্রিস গেইল বলছিলেন, সেমিফাইনালের আগের রাতে চ্যাম্পিয়নস লিগে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ওই ইনিংসটি (১৮ বলে ৫৪) নাকি বারবার দেখেছেন। যদিও সেটি ছিল ত্রিনিদাদের পক্ষে, এখানে ওয়েস্ট ইন্ডিজ। পরিস্থিতিও ছিল ভিন্ন। তার পরও যদি দুটি ইনিংসের তুলনা করতে বলি...পোলার্ড: ওই ইনিংসটা ছিল পরিস্থিতির দাবি। ১৫-১৬ বলে বড় কিছু করতে হবে, এমন পরিস্থিতির সঙ্গে আমি অভ্যস্ত। এ সময় একটা জিনিসই করার থাকে, নিজের সামর্থ্যের ওপর আস্থা রেখে ব্যাট চালানো। সেদিন সেটি পেরেছিলাম, কালও পেরেছি। দুটি ইনিংসই আমার কাছে সমান মূল্যবান। ফাইনালে নিশ্চয়ই আরেকটি ‘পোলার্ড শো’ উপহার দিতে চান?পোলার্ড: তা তো বটেই। ফাইনাল খেলার সুযোগ তো আর প্রতিদিন আসে না। আমরা সবাই খুব উদ্দীপ্ত হয়ে আছি। আশা করি, সেমিফাইনালের মতোই দুর্দান্ত কিছু করে আমরাই জিতব। শেষ প্রশ্ন, ১৪৯ কিলোমিটার গতির ইয়র্কারেও যেমন চার মারলেন, প্রশ্নটা জাগেই, ব্যাটিং করতে নামার আগে আপনি কী খান?পোলার্ড: (হাসি) না, না, বিশেষ কিছু খাই না। ইউজ্যুয়াল স্টাফস।