‘খুদে জাদুকর’ স্নাইডার
ইন্টার মিলান ছেড়ে কদিন আগে রিয়াল মাদ্রিদে যাওয়া হোসে মরিনহো ভেবেই পান না, ওয়েসলি স্নাইডারকে কেন বিদায় করে দিল রিয়াল! সদ্য শেষ মৌসুমে ইন্টারকে যেভাবে ‘ট্রেবল’ জেতালেন স্নাইডার, মরিনহোর এমন ভাবার কারণ আছে বৈকি! রিয়াল-কর্তারা তখনো নিশ্চয়ই মাথা চাপড়েছেন, তবে বিশ্বকাপের স্নাইডারকে দেখার পর হতাশায় তাঁদের ভাষা হারিয়ে ফেলার কথা। ২০০৪ সালে হল্যান্ডের বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার ‘ইয়োহান ক্রুইফ ট্রফি’ পাওয়া তরুণ যে এখন দারুণ পরিণত!আয়াক্স আমস্টারডামের যুব প্রকল্পের অন্যতম সেরা ‘উৎপাদন’ স্নাইডার। বাবা ফুটবলার ছিলেন, বড় ভাই ফুটবলার, এখন ছোট ভাইও খেলছেন আয়াক্সের যুবদলে। ফ্রি-কিক স্পেশালিস্ট হিসেবে স্নাইডারের নাম ছড়িয়ে গিয়েছিল আয়াক্সে খেলার সময় থেকেই। রিয়াল তাই তাঁকে পেতে খরচ করেছিল ২৭ মিলিয়ন ইউরো। তবে চোটআঘাত ও আরও নানা কারণ মিলিয়ে রিয়ালে স্লাইডারের সময়টা সুখকর হয়নি, গত বছর তাই কেনা দামের প্রায় অর্ধেকে তাঁকে ইন্টারে বেচে দেয় রিয়াল। আর প্রথম মৌসুমেই ইন্টারের হয়ে স্নাইডারের অর্জনটা তো জেনেছেনই!ক্লাবের ফর্মটা ধরে রেখেছেন বিশ্বকাপেও। এখনো পর্যন্ত তিনবার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। দুই গোল করে বিদায় করে দিয়েছেন ব্রাজিলকে। মোট চার গোল তাঁকে রেখেছে গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে, গোল্ডেন বলটাও অসম্ভব কোনো কল্পনা নয়। যেভাবে খেলছেন, তাতে অসম্ভব মনে হচ্ছে না কোনো কিছুই। বিশ্বকাপটা একবার হাতে নেওয়ার জন্য তৃষিত ডাচরা তাকিয়ে এখন এই ‘খুদে জাদুকরের’ দিকে।