বরাবরের মতোই ইংল্যান্ডের পরাজয়কে ব্রিটিশ মিডিয়া ‘স্বাগত’ জানিয়েছে তাদের মতো করে। পারলে বিশ্বকাপ শুরুর আগেই যারা ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন বানিয়ে দিতে চেয়েছিল, সেই ব্রিটিশ মিডিয়াই এখন এই দলের সমালোচনায় মুখর।‘থ্রি লায়ন্সরা পর্যুদস্ত হওয়ায় জাতি শোকগ্রস্ত’ শিরোনামে দ্য সান লিখেছে, ‘ম্যাচের বেশির ভাগ সময়ই জার্মানির কাছে পাত্তা পায়নি ইংল্যান্ড।’ পরাজয়ের জন্য ইংল্যান্ডের রক্ষণভাগকে দায়ী করে দ্য গার্ডিয়ান লিখেছে, ‘জার্মানির আক্রমণভাগ বারবার ইংল্যান্ডের ডিফেন্সের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। প্রথম গোলটা তো ছিল লজ্জাজনক।’ টেরি-আপসনদের বাজে পারফরম্যান্স রেফারির ভুলকেও ছাপিয়ে গেছে, ডেইলি মেইল লিখেছে এমনটাই, ‘ডিফেন্সের দুর্বলতার সুযোগে দ্বিতীয়ার্ধে জার্মানি যেভাবে ইংল্যান্ডকে পর্যুদস্ত করেছে, এরপর আর রেফারির ভুল নিয়ে প্রশ্ন তোলাই চলে না।’ কোচ ফ্যাবিও ক্যাপেলোর পদত্যাগ দাবি করে ডেইলি মিরর-এর শিরোনাম, ‘ফ্যাবি-গো’। বিশ্বকাপ-বিপর্যয়ের জন্য পত্রিকাটি দায়ী করেছে জেরার্ড-ল্যাম্পার্ডদের, ‘তথাকথিত সোনালি প্রজন্মের ব্যর্থতার জন্যই ইংল্যান্ডের এই পরাজয়।’ বিবিসির বিশেষজ্ঞ দলের একজন সাবেক লিভারপুল ডিফেন্ডার অ্যালান হ্যানসেন বলেছেন, ‘আলজেরিয়ার বিপক্ষেও ইংল্যান্ড জঘন্য খেলেছিল। আর আজ (পরশু) তো জার্মানি প্রমাণ করে ছেড়েছে যে ইংল্যান্ড খুব, খুব, খুব বাজে একটা দল।’ ওয়েবসাইট।