‘খুব কষ্ট হচ্ছে, দেশে ফিরতে চাই’
বর্তমান সময়ের সেরা ফুটবলার তিনি। বিশ্বকাপেও খেলেছেন সেরার মতো করেই। গোল পাননি, তবে আর্জেন্টিনার প্রায় প্রতিটি গোলের পেছনে রয়েছে তাঁর ছোঁয়া। নাটকীয়ভাবে জার্মানির কাছে বিধ্বস্ত হওয়ার পর কেমন লাগছিল লিওনেল মেসির? আর্জেন্টিনার এই প্রাণভোমরা বারবার একটা কথাই বলছিলেন,‘খুব কষ্ট হচ্ছে। শুধু দেশে ফিরতে চাই।’শেষ পর্যন্ত মেসির এই অসহনীয় কষ্টের অবসান হয়েছে! বিশ্বকাপ অভিযান শেষে গতকাল মঙ্গলবার দেশে ফিরে এসেছে আর্জেন্টিনা দল। প্রিয়জনদের কাছে পেয়েছেন বলে এখন অন্তত সান্ত্বনাটুকু পাচ্ছেন। নতুন করে ভাবার প্রেরণা পাচ্ছেন।মেসি ‘জাদুর’ ওপর ভর করে ২৪ বছর পর বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছিল আর্জেন্টিনা। কোচ ডিয়েগো ম্যারাডোনাও প্রতি মুহূর্তে তাকিয়ে থাকতেন এই ছোট জাদুকরের দিকে। প্রথম চারটি ম্যাচে পেশাদার জাদুকরের মতোই জাদু দেখিয়েছেন মেসি। কিন্তু কোয়ার্টার ফাইনালে এসে কী যে হলো! নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। শুরু থেকে অপরাজিত থাকা আর্জেন্টিনাও বিধ্বস্ত ৪-০ গোলে! হঠাত্ স্বপ্নভঙ্গের বেদনায় মেসির কষ্টটাই যেন সবার চেয়ে বেশি।আর্জেন্টিনার জনপ্রিয় দৈনিক বুয়েন্স আয়ার্স হেরাল্ড জানিয়েছে, বিশ্বকাপ থেকে বিদায়ের পর মাঠে ততটা বোঝা না গেলেও পরবর্তী সময়ে একেবারে মুষড়ে পড়েন লিওনেল মেসি। দক্ষিণ আফ্রিকায় আর থাকতে চাচ্ছিলেন না তিনি। অসহনীয় কষ্ট হচ্ছে জানিয়ে বারবার দেশে ফেরার কথা বলছিলেন। মেসির কান্না দেখে মুষড়ে পড়েছিলেন কোচ ডিয়েগো ম্যারাডোনাও।