সেই ১৯৮৮ সালে বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার হয়েছেন রানী হামিদ। এরপর বিশাল শূন্যতা, আর কেউ নেই! জাকিয়া সুলতানা ২০০২ সালে একটা নর্ম পেয়ে থেমে আছেন সেখানেই। কাল প্যারাসুট অ্যাডভান্স সিক্স সিজনস আন্তর্জাতিক দাবা থেকে প্রথম নর্ম পাওয়ার পর শামীমা আক্তার (লিজা) জানালেন তাঁর কথা আন্তর্জাতিক মহিলা মাস্টারের প্রথম নর্ম পেলেন। নিশ্চয়ই ভালো লাগছে...শামীমা আক্তার (লিজা): না, আসলে আমার সে রকম কোনো অনুভূতিই হচ্ছে না। কেন?শামীমা: কারণ আন্তর্জাতিক মহিলা মাস্টার হতে তো তিনটা নর্ম লাগে, আমি তো মাত্র একটা নর্ম পেয়েছি। তাই খুব বেশি আনন্দ হচ্ছে না। রানী হামিদ আন্তর্জাতিক মাস্টার হয়েছেন ১৯৮৮ সালে। ২০০২-এ প্রথম নর্ম করা জাকিয়ার কোনো খবর নেই। আপনিও কি জাকিয়ার মতো আটকে থাকবেন?শামীমা: (হেসে) না, আমি আটকে থাকতে চাই না। বাংলাদেশের বর্তমান অবস্থাই মেয়েদের দাবাকে এগোতে দিচ্ছে না। বাংলাদেশে ভালো কোনো টুর্নামেন্ট হয় না। ভালো সুযোগ-সুবিধা নেই। তাই আমি যদি ভালো খেলার সুযোগ পাই, দেশের বাইরে খেলতে যেতে পারি তাহলে আমি আটকে থাকব না। যদি দাবা ফেডারেশন না চায় তাহলে তো আটকে থাকতে হবে। প্রতিদিন কেমন অনুশীলন করেন? শামীমা: খেলা না থাকলেও প্র্যাকটিস করা হয় নিয়মিত। আপনি মহিলা ফিদে মাস্টার কবে হয়েছিলেন...শামীমা: ২০০৭ সালে। টুর্নামেন্ট শুরুর আগে আয়োজকেরা বলেছিলেন, বাংলাদেশের মেয়েদের নর্ম বাড়ানোই এর উদ্দেশ্য। এতে কতটুকু সফল বলে মনে করেন...শামীমা: হ্যাঁ, আমি বলব আসলেই এটা একটা সফল টুর্নামেন্ট। আমি এখানে খেলে প্রথম নর্ম পেলাম। ভারত থেকে এসেছেন কিরণ মনীষা। উনি তো মহিলা গ্র্যান্ডমাস্টার হয়ে গেলেন এখানে। ওর সর্বশেষ নর্ম এটা। উনি এখন মহিলা জিএম। সব মিলিয়ে সফলই বলতে পারেন। বাংলাদেশের মেয়েদের দাবার ভবিষ্যত্ কী? শামীমা: যে অবস্থা তাতে মেয়েদের কোনো ভবিষ্যত্ নেই। আরও উন্নতি করতে হবে। কারণ আমি দাবায় এসেছি ৮-৯ বছর হবে। সেই আমি এত দিনে একটা নর্ম করলাম। এমন চলতে থাকলে ভবিষ্যতে কিছুই হবে না। তবে এখন সরকারি পৃষ্ঠপোষণা দরকার দাবায়। আমাদের মতো খেলোয়াড়দের বেশি বেশি সুযোগ দিতে হবে। তাহলে আমরা আমাদের ভবিষ্যত্ আশা করতে পারি। সিক্স সিজনস টুর্নামেন্টের পরিকল্পনাটা কেমন মনে হচ্ছে আপনার কাছে?শামীমা: হ্যাঁ, ভালো। দেখলাম তো। যেহেতু আমার একটা নর্ম হলো আমি বলব ভালোই হচ্ছে। এ রকম টুর্নামেন্ট যদি আরও বেশি বেশি করা যায় তাহলে আরও ভালো হয়। আপনি বলছেন, এমন টুর্নামেন্ট নিয়মিত হওয়া উচিত...শামীমা: হ্যাঁ। অবশ্যই নিয়মিত হওয়া উচিত। তবে শুধু টুর্নামেন্ট হলেই হবে না। ভালো মানের খেলোয়াড়দেরও সেখানে থাকতে হবে। টুর্নামেন্টের বিদেশি খেলোয়াড়দের সম্পর্কে বলুন।শামীমা: যাদের সঙ্গে খেললাম উনারা তো খুবই ভালো। কিরণ তো খুবই শক্তিশালী খেলোয়াড়। পিটার লং এসেছেন। ওদের সবচেয়ে শক্তিশালী দিক হলো ওঁরা দেশে ও বিদেশে অনেক টুর্নামেন্ট খেলতে পারে। ওদের স্পনসর আছে। সাপোর্ট আছে। কিন্তু আমাদের সেই সুযোগ-সুবিধা নেই। আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন স্পনসর।