সবার সঙ্গে ইনডোর পর্যন্ত গেলেন। কিন্তু বল করলেন না। করেই বা লাভ কী? সিদ্ধান্ত তো নিয়েই ফেলেছেন—অস্ট্রেলিয়া সিরিজ খেলবেন না। একটু পর বোর্ডকেও আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবেন সেটা। ড্রেসিংরুমের দিকে হেঁটে যেতে যেতে মাশরাফি বিন মুর্তজা বললেন, ‘এই সিরিজ খেলে কী পাব আমি? এমন না যে এটা বিশ্বকাপ। তার চেয়ে অপারেশন করে ফেলাই ভালো। কোচও তা-ই বললেন।’বোর্ডকে জানাবেন। এরপর মিডিয়ার সামনে এসে সিরিজ থেকে সরে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। ড্রেসিংরুমের সামনে সাংবাদিক-টিভি ক্রুদের অপেক্ষা সেই মুহূর্তটির জন্য। মাঠ থেকে দেখা যাচ্ছে মাশরাফি ইতি-উতি ঘুরছেন, বাইরে তাকাচ্ছেন। কিন্তু কথা বলতে আর আসেন না। ধৈর্য ধরতে ধরতে যখন সেটা ধৈর্যচ্যুতির সীমানায়, এক গাল হেসে মাশরাফি বেরিয়ে এলেন ড্রেসিংরুম থেকে। কিন্তু সিরিজ না খেলার ঘোষণা দিতে কেউ এভাবে হাসতে হাসতে আসে! মাশরাফি আসল চমকটা দিলেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে, হাসিতে ভেঙে পড়তে পড়তে ‘এখনো আসলে সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে কালকেই (আজ) সিরিয়াসলি কথা বলব’ কথাগুলো বলে। সিদ্ধান্ত হয়নি! মাশরাফির মুখে বিস্ময়কর শোনাল কথাটা। সিদ্ধান্ত তো তিনিই নেবেন এবং এটাও নিশ্চিত যে নিজেকে শারীরিকভাবে পুরোপুরি ফিট মনে হচ্ছে না বলে আগামীকাল থেকে শুরু অস্ট্রেলিয়া সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। সেই সিদ্ধান্ত জানাতে এত নাটক, এত অস্পষ্টতা কেন?বিশ্বস্ত সূত্রের খবর, এই অস্পষ্টতার জন্য মোটেও মাশরাফি দায়ী নন। জটিলতাটা তৈরি করেছে আসলে বিসিবি। মাশরাফি না খেলার সিদ্ধান্ত নিয়ে নিলেও ক্রিকেট বোর্ডের শীর্ষ মহল থেকে তাঁর ওপর চাপ আছে, যে করেই হোক খেলতে হবে অস্ট্রেলিয়া সিরিজ। এখন জলে নেমে তো আর কুমিরের সঙ্গে লড়াই করা যায় না! তার ওপর হাঁটুর অস্ত্রোপচারের জন্যও যখন তাঁকে মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে বোর্ডের...। ‘কথা’ না শুনলে যদি অস্ট্রেলিয়া গিয়ে অস্ত্রোপচার করানোটাও ঝুলে যায়! আরেকটু চিন্তাভাবনা, আরেকটু আলাপ-আলোচনার জন্য তাই আরেকটা দিন সময় নিলেন মাশরাফি।মাশরাফি অবশ্য বলেননি বোর্ড থেকে কোনো চাপ আছে। তবে জানিয়েছেন, সবার সঙ্গে আলাপ করেই সিদ্ধান্ত নিতে চান, ‘বিশ্বকাপের আগে যে অবস্থায় ছিলাম আমি, এখন সেই অবস্থায় নেই। এ নিয়ে ফিজিও, কোচ, অধিনায়ক সবার সঙ্গে আলাপ করেছি। আমার মনে হয় আরেকটু চিন্তা করা উচিত এবং সবার সঙ্গে কথা বলা উচিত। হয়তো কাল (আজ) একটা সিদ্ধান্তে আসতে পারব। আরেকটা দিন বোলিং করলে আরও ভালোভাবে বুঝতে পারব অবস্থাটা।’ ফিটনেসের ব্যাপারে মাশরাফির নিজের মূল্যায়নের সঙ্গে ফিজিও মাইকেল হেনরির মূল্যায়নও নাকি মিলে যাচ্ছে, ‘ফিজিও বলেছে আরও এক-দুই সপ্তাহ সময় পেলে ভালো হতো। এমন না য্রেবোলিং করতে পারছি না। নেটে বোলিং করছি। তবে আমারও মনে হচ্ছে আরেকটু ভালো হলে হয়তো বা সুবিধা হতো।’অস্ট্রেলিয়া সিরিজে শফিউল ইসলাম আর রুবেল হোসেনের সঙ্গে তৃতীয় পেসারটি আসলে কে থাকছেন? মাশরাফির সিদ্ধান্তে বোর্ডের হস্তক্ষেপের কারণে এই প্রশ্নের উত্তর প্রথম ওয়ানডের দুদিন আগেও অজানা। তবে স্ট্যান্ডবাই নাজমুল হোসেনকে মানসিকভাবে প্রস্তুত থাকতে বলে রেখেছেন মাশরাফি। নাজমুল হয়তো প্রস্তুত আছেনও। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের দল নিয়ে শুরু থেকে যা হচ্ছে, সেটা অবচেতনে হলেও কি প্রভাব ফেলছে না খেলোয়াড়দের ওপর? মাশরাফির কথা, ‘আমি থাকলে দলের কতটুকু উপকার হবে জানি না। তবে আমার চলে যাওয়াটা যেন দলের জন্য খারাপ না হয় সেটা খেয়াল রাখছি। আমি থাকলেই যে খেলব তা তো নয়। রুবেল-শফিউলের সঙ্গে লড়াই করেই খেলতে হবে। আমার মনে হয় না এটা কোনো সমস্যা সৃষ্টি করছে। সবাই আমাকে সাহায্য করছে।’স্ত্রী-সন্তানের অসুস্থতার কারণে প্রায় দেড় মাস সব ধরনের অনুশীলনের বাইরে ছিলেন মাশরাফি। ফিটনেসের ঘাটতি সে কারণেই। গত ২৯ মার্চ থেকে দলের সঙ্গে অনুশীলন করলেও নিজের ফিটনেসে সন্তুষ্ট নন মাশরাফি, ‘এক মাস দশ দিন ক্রিকেট বলই ধরিনি। এটাও জানতাম না আমার কিটস কোথায় আছে। যদি সবকিছু চালিয়ে যেতে পারতাম...এতটা সমস্যা হয়তো হতো না।’এ অবস্থায় অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ত্রোপচার করানোর চিন্তাই করছিলেন মাশরাফি। বোর্ডকে তা জানিয়েছেন। আবার অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড ইয়াং নাকি মাশরাফিকে ফোনে বলেছেন, চাইলে তিনি এই সিরিজটা খেলেও অস্ত্রোপচারের জন্য যেতে পারেন।সবকিছু মিলে অস্ট্রেলিয়া সিরিজ খেলা নিয়ে এমনিতেই দ্বিধাদ্বন্দ্বে মাশরাফি। সঙ্গে বোর্ডের চাপও যদি যোগ হয়ে থাকে, তা হলে সেটি আরও বেড়েই গেল।