খেলা ছেড়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন ঘরকন্নায়। হঠাত্ করে ব্যাডমিন্টনের কোচিং কোর্সে অংশ নিলেন মহিলা দ্বৈতে আটবারের জাতীয় চ্যাম্পিয়ন আয়েশা খাতুন (নূরী)। সপ্তাহব্যাপী কোচিং কোর্স শেষ করে কাল পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে বসে কথা বললেন ব্যাডমিন্টনের সেকাল-একাল এবং নিজের ক্যারিয়ার সম্পর্কে... অনেক দিন পর উডেনফ্লোরে এলেন?আয়েশা খাতুন (নূরী): হ্যাঁ। তাও বছর পাঁচেক তো হবেই। ব্যাডমিন্টনের ওপর কোচিং কোর্স শেষ করলাম। খেলা ছাড়লেন কেন?আয়েশা: খেলা তো ছাড়তে চাইনি। আমার স্বামী আবদুস সামাদ খেলা দেখেই পছন্দ করেছিল। কিন্তু পায়ের ইনজুরি, বিয়ে, তখনকার ক্লাব বিমানের সঙ্গে সম্পর্কের অবনতি। সব মিলিয়ে খেলাটা উপভোগ করতে পারছিলাম না। তাই ছেড়ে দিয়েছিলাম। সংসার করতে গিয়ে খেলাটা কি মিস করতেন না?আয়েশা: খেলা তো সব সময়ই মিস করি। খেলা আমার নেশা। তাই আবারও ফিরলাম। ফেরাটা কি খেলোয়াড় হিসেবে? নাকি কোচ হিসেবে?আয়েশা: আত্মবিশ্বাস আছে, এখন যারা খেলছে তাদের সঙ্গে জিততে পারব। তবে এখানে ফিটনেস বড় ব্যাপার। সেটা ধরে রেখে খেলা কষ্টকর। ‘এ’ লেভেলের কোচিং কোর্সটা যেহেতু করলাম, দেখি কোচিং করানো যায় কি না। নতুন উডেনফ্লোর ইনডোরে প্রথম ঢুকে কেমন মনে হলো?আয়েশা: আমাদের সময় এই ইনডোরকে ‘গুদামঘর’ বলত অনেকেই। টয়লেট, ড্রেসিংরুমের অবস্থা ভালো ছিল না। একজন ড্রেসিংরুমে ঢুকলে আরেকজনকে লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। পাখা ঘুরত না ঠিকমতো। আর আজ (কাল) ঢুকেই দেখলাম, কী চমত্কার ব্যবস্থা! ইস্, আমাদের সময় কেন যে এগুলো ভালো ছিল না! এত খেলা থাকতে ব্যাডমিন্টনে এলেন...আয়েশা: আমাদের পরিবারটা ক্রীড়াপরিবার। বাবা আমজাদ আলী বক্সিং কোচ। ছোট বোন রাশেদা খাতুন (রুমা) ব্যাডমিন্টন খেলছে এখনো। অনূর্ধ্ব-১৪-তে জাতীয় চ্যাম্পিয়ন আরেক বোন আসমা খাতুন (ঝুমা)। ভাই আবাহনী হকি দলের অধিনায়ক আসাদুজ্জামান (চন্দন)। তাই বাবাই চাইতেন ব্যাডমিন্টন খেলি। শুরুটা কীভাবে হলো?আয়েশা: তখন রাজশাহী উপশহরে থাকি। বাসার সামনে একচিলতে ফাঁকা জায়গা ছিল। বাবা একদিন ব্যাডমিন্টনের র্যাকেট কিনে এনে আমার হাতে ধরিয়ে দিলেন। টুকটুক করে আব্বার সঙ্গেই খেলতাম। একসময় খেলাটা ভালো লেগে গেল। আমাদের ব্যাডমিন্টনের মান কোন পর্যায়ে?আয়েশা: এশিয়ার অন্য দেশগুলোর চেয়ে আমরা অনেক পিছিয়ে। কি গতিতে, কি স্কিলে, কি ফিটনেসে। আপনাদের সময়ের সঙ্গে এখনকার খেলার পার্থক্য কোথায়?আয়েশা: আমাদের সময় মাহবুব, এলিনা, সুমন, শাকিল, পরশ, মমরা খুব ভালো মানের খেলোয়াড় ছিলেন। এখন সেভাবে খেলোয়াড় উঠে আসছে না। কেন?আয়েশা: খেলা নেই। খেলোয়াড় আসবে কোত্থেকে? এ জন্য ফেডারেশনকে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করতে হবে। শীতকালে পাড়ায়, মহল্লায়, স্কুলে ব্যাডমিন্টন খেলার ধুম পড়ে যায়। কিন্তু জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টনের এই দৈন্যদশা কেন?আয়েশা: ব্যাডমিন্টন ব্যয়বহুল খেলা। এর কর্ক, গার্ড, স্ট্রিংগুলো অনেক দামি। সবাই এর খরচ চালাতে পারে না। তা ছাড়া আমাদের দেশে এই খেলার ভবিষ্যত্ কী? কেন আসবে? ভারতে ব্যাডমিন্টন খেলোয়াড়দের এয়ার ইন্ডিয়াতে চাকরি হয়। আমাদের সেই সুযোগ নেই।