
নানা চাপে তাঁর ক্যারিয়ারে এখন অমানিশার অন্ধকার। সাফ ফুটবলে ভালো না খেলা, বাফুফের তদন্ত কমিটির সামনে সময়মতো হাজির না হওয়া, নতুন মৌসুমের জন্য দুই ক্লাব থেকে টাকা নেওয়া—জাহিদ হোসেন এখন ঘরোয়া ফুটবলে সবচেয়ে আলোচিত নাম। এসব নিয়েই টাঙ্গাইল থেকে কাল ফোনে আত্মপক্ষ সমর্থন করলেন এই ফুটবলার
কোথায় আছেন এখন?
জাহিদ হোসেন: টাঙ্গাইলে আমার বাড়িতেই আছি। মনটা খুব খারাপ।
মন খারাপ কেন? ফুটবল খেলে ভালোই তো টাকা পাচ্ছেন। শেখ রাসেল নাকি ৩৭ লাখ টাকায় আপনার সঙ্গে চুক্তি করেছে?
জাহিদ: ধুর, এখন চুক্তি-টুক্তির কথা বলবেন না তো! আমার মন খারাপ কেন আপনারা তো জানেন। এই যে আমাকে নিয়ে কী হচ্ছে এসব? চারদিকে যা হচ্ছে, শুনে আমি খুবই হতাশ।
এই অবস্থা তো আপনি নিজেই ডেকে এনেছেন। সাফে খারাপ খেলেছেন ঠিক আছে। কিন্তু তদন্ত কমিটির সামনে সময়মতো এলেন না কেন?
জাহিদ: কই, আমি তো ফেডারেশনে গিয়েছি কাল (পরশু)। ১২টায় টাঙ্গাইল থেকে রওনা দিই। ঢাকায় যেতে যেতে একটু দেরি হয়ে গেছে। তাই সময়মতো হাজির হতে পারিনি কমিটির সামনে।
আপনাকে তদন্ত কমিটি ডেকেছিল রোববার। আপনি এলেন সোমবার। তার মানে, এসব আপনি পাত্তা দেন না?
জাহিদ: না, না, পাত্তা দেব না কেন? আসলে আমার জ্বর ছিল। ফেডারেশন থেকে ফোন করে আমাকে পায়নি। প্রথম আলোতে ‘জাহিদ নিখোঁজ’ নিউজটা দেখে জানতে পারি, আমাকে ডেকেছে তদন্ত কমিটি। তারপর নিজের ইচ্ছাতেই তো এলাম।
কিন্তু আপনার এসব ব্যাখ্যায় বাফুফে সন্তুষ্ট নয়। এখন যদি শাস্তিমূলক ব্যবস্থা নেয় ফেডারেশন?
জাহিদ: শাস্তি পাওয়ার মতো কিছু করিনি আমি। সাফে খারাপ খেলেছি, এটা আমি স্বীকার করেছি। এখানে শাস্তি দেওয়ার কী আছে?
আপনি কোচকে অভিযুক্ত করে পত্রিকায় বক্তব্য দিয়েছেন। কোচ আপনাকে প্রেসিং করে খেলতে বলায় আপনি অসন্তুষ্ট!
জাহিদ: ঘরোয়া ফুটবলে তো দেখেন, আমি কীভাবে খেলি। আমি অ্যাটাকিং প্লেয়ার। অত প্রেসিং করতে পারি না। এবার সাফে কোচ আমাকে প্রেসিং করতে বলেছেন। সেটা আমি অত ভালো পারিনি। খেলা না উঠলে কী করব!
অনেকে তো বলছেন, সামনের দলবদলের জন্য আপনি পা বাঁচিয়ে খেলেছেন। এটা কি সত্য?
জাহিদ: পা বাঁচানোর চিন্তা করে মাঠে নামি না। সব সময়ই চাই সেরাটা খেলতে। কিন্তু খেলা না উঠলে কী করার আছে, বলুন!
কোচ ডি ক্রুইফ তো ইঙ্গিত করেছেন, আপনাকে আর জাতীয় দলে ডাকবেন না...
জাহিদ: এটা কোচের সিদ্ধান্ত। কাঠমান্ডু সাফে নেপাল ম্যাচের পরদিন কোচ আমাকে তাঁর রুমে ডেকে বললেন, ‘তোর কী হয়েছে, বল তো!’ আমি বললাম, আমার খেলা ওঠেনি। ভারত ম্যাচে তো আমাকে নামানোই হয়নি। পাকিস্তান ম্যাচে তিনটা সুযোগ তৈরি করে দিয়েছি। তবু কোচ বিরতির সময় আমাকে তুলে নেন।
মোহামেডানের কাছ থেকে টাকা নিয়ে আপনি শেখ রাসেলেই নাকি থেকে যাচ্ছেন। এই ঘটনায়ও তো শাস্তি পেতে পারেন।
জাহিদ: আমি তো কোনো অন্যায় করিনি। মোহামেডানের টাকা ফেরত দেবে শেখ রাসেল। এখানে আমার কোনো দায় নেই। আমাকে শাস্তি দেওয়ার কোনো কারণও দেখছি না। তার পরও দিলে কী করার আছে!
এলাকার লোকজন কী বলছেন। আপনি এত ভালো খেলোয়াড়, অথচ মেধা কাজে লাগালেন না...
জাহিদ: এলাকার লোকে বলে, কী, ভালো খেলতে পারলি না কেন? আমি বলি, হয়ে গেছে। এটা আমার আম্মাকেও বলি। যিনি এখন আমার সার্বক্ষণিক সঙ্গী।