‘খেলা নিয়েই ভাবতে চাই’
বিতর্ক পিছু ছাড়ে না। এর মধ্যেই দলটা খেলে, জেতেও। মিসবাহ-উল-হকের জন্যও এটা নতুন অভিজ্ঞতা নয়। মাত্রই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে এখন তিনি বাংলাদেশের বিপক্ষেও সাফল্যের ধারা ধরে রাখার অপেক্ষায়। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তান অধিনায়কের সংবাদ সম্মেলনের নির্বাচিত অংশ শ্রীলঙ্কার বিপক্ষে তো খুব ভালো খেলেছে আপনার দল। বাংলাদেশ সফরে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবেন বলে মনে হয়?মিসবাহ-উল-হক: বাংলাদেশ ভালো দল। বিশেষ করে নিজেদের মাঠে, নিজেদের উইকেটে বেশ ভালো খেলে। আমাদের বিপক্ষে তারা ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে, এটা জেনে আমরাও সতর্ক আছি। আশা করছি, বাংলাদেশ সফরে নিজেদের খেলায় আরও উন্নতি আনতে পারব। বাংলাদেশ দলের নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের দিকে কি দৃষ্টি আছে?মিসবাহ: আসলে ক্রিকেটে আপনাকে গোটা দলের দিকেই তাকাতে হবে। নিজের দলের খেলোয়াড়েরা যেমন গুরুত্বপূর্ণ, অন্য দলের খেলোয়াড়েরাও। খেলাটা দলীয় এবং আপনাকে পুরো দলের কথাই ভাবতে হবে। পাকিস্তানের মতো দলের অধিনায়কত্ব করতে কেমন লাগে?মিসবাহ: এটা দারুণ একটা অভিজ্ঞতা। নিজের দেশকে নেতৃত্ব দেওয়া সব সময়ই গর্বের। বিশেষ করে এ রকম একটা দলকে, যেখানে সবাই-ই কিছু না-কিছু করতে চায়। আমাদের ম্যানেজমেন্ট খুব ভালো, কোচরা খুব ভালো। ছেলেরাও সবাই ভালো খেলার জন্য উন্মুখ। অভিজ্ঞতাটা আসলেই অসাধারণ। খুবই উপভোগ করছি দায়িত্বটা। আপনার নেতৃত্বে পাকিস্তান এখন পর্যন্ত মাত্র একটি ওয়ানডে হেরেছে। টেস্টেও আপনার সাফল্যের হার খুব ভালো। রহস্যটা কী?মিসবাহ: এটা আসলে দলীয় সমঝোতার ফসল। আমরা একটা পরিবার হিসেবে, একটা দল হিসেবে কাজ করছি। খেলোয়াড়-কর্মকর্তা সবাই সবার দায়িত্ব জানে এবং সবাই কঠোর পরিশ্রম করে। সাফল্যের মূল চাবিকাঠি এটাই। সবাই সবাইকে সাহায্য করে, উন্নতির এটাই তো পথ। আমাদের দলের এটাই প্রধান শক্তি। পাকিস্তান দলটা কি এখন আরও বেশি একতাবদ্ধ?মিসবাহ: জয় একটা দলের জন্য সব সময়ই গুরুত্বপূর্ণ, কারণ সেটি দলকে একতাবদ্ধ করে। আমাদের দলেও এই জিনিসটাই কাজ করছে। আরেকটা ব্যাপার হলো, দলে অনেক পরিবর্তন হয়েছে। ছেলেরা বেশির ভাগই নতুন। এই দলে তো অনেক সাবেক অধিনায়কও আছেন। তাঁরা আপনাকে কীভাবে সাহায্য করছেন?মিসবাহ: তাঁরা তাঁদের দায়িত্ব খুবই ভালোভাবে পালন করছেন। নিজেদের চিন্তাভাবনা দিয়ে, বুদ্ধি-পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করছেন। প্রথমে তো শুধু টেস্ট দলের অধিনায়ক ছিলেন। এখন তো তিন ধরনের ক্রিকেটেই নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানকে। এই অভিজ্ঞতাটা কেমন?মিসবাহ: অধিনায়ক হওয়ার পরের অভিজ্ঞতাটা আমার জন্য অসাধারণ। সব ধরনের ক্রিকেটেই তা উপভোগ করছি। তবে আপনাকে বুঝতে হবে কোন খেলা কী রকম, কোন খেলোয়াড় কেমন, এটাও বুঝতে হবে। আমার মনে হয়, কাজটা আমি ভালোই করছি, দলও ভালো করছে।্রকাজেই সব মিলিয়ে অভিজ্ঞতাটা ভালো। একসঙ্গে তিনটি ধরনের অধিনায়কত্ব করাটাই কি বেশি সহজ?মিসবাহ: আমার মনে হয়, এটা এমন কোনো বিষয় নয়। আমি যখন টেস্ট দলের নেতৃত্ব দিতাম, তখন শুধু সেটা নিয়েই ভেবেছি। আপনাকে নিজের দায়িত্ব সম্পর্কে জানতে হবে এবং সেদিকে মনোযোগ দিতে হবে। এখন আমি তিন ধরনের ক্রিকেটেরই অধিনায়ক, মনোযোগও দিচ্ছি সব ধরনের ক্রিকেটে। নিজেদের খেলায় উন্নতি আনার কথা বলেছেন। ঠিক কোন জায়গায় উন্নতি চাইছেন আপনি?মিসবাহ: ব্যাটিংয়ে আমাদের আরও বেশি ধারাবাহিক হতে হবে। আর একটা জিনিস, ফিল্ডিংয়ে উন্নতির সুযোগ সব সময়ই থাকে। এ ছাড়া বোলিংয়েও আমাদের আরও সুশৃঙ্খল হতে হবে। আমাদের অনেক প্রতিভা আছে, কিন্তু বোলিংয়ের শৃঙ্খলাটা মাঝেমধ্যে ধরে রাখা যাচ্ছে না। যখন মনে পড়ে, আপনাদেরই কোনো কোনো সতীর্থ এখন জেল খাটছে, খেলায় মনোযোগ ধরে রাখা তখন কতটা কঠিন হয়?মিসবাহ: আমরা এ মুহূর্তে নিজেদের কাজের প্রতি বেশি মনোযোগ দিচ্ছি এবং দলটা সে কারণেই ভালো খেলছে। আমরা শুধু খেলা নিয়েই ভাবতে চাই। বাইরে কী ঘটছে, সেসব আমাদের চিন্তার বিষয় নয়। আমরা এখানে খেলতে এসেছি এবং সেটা নিয়েই ভাবছি। নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধারের এটাই একমাত্র পথ। একসময় বিশ্বের অন্যতম সেরা দল ছিল পাকিস্তান। আমরা আবার সেই জায়গায় যেতে চাই।