ঘরোয়া খেলা নেই। শ্যুটাররা বসে বসে সময় কাটাচ্ছেন। ভবিষ্যৎ নিয়েও তাঁরা চিন্তিত। এসব নিয়েই হতাশা ঝরল জাতীয় দলের শ্যুটার আবদুল্লাহ হেল বাকির কণ্ঠে গত জুনে জাতীয় শ্যুটিংয়ের পর ২৩ ডিসেম্বর শুরু হচ্ছে এয়ারগান চ্যাম্পিয়নশিপ। এতটা লম্বা সময় শ্যুটিং ছাড়া থাকতে নিশ্চয় খারাপ লেগেছে?আবদুল্লাহ হেল বাকি: তা তো অবশ্যই। গত রোববার থেকে অনুশীলন শুরু করলাম। আসলেই লম্বা একটা সময় গ্যাপ হয়ে গেছে। কিন্তু কী করব, বলুন? শ্যুটিংয়ে মনোযোগ আর সুযোগ-সুবিধা দুটোই ভীষণ গুরুত্বপূর্ণ। একজন শ্যুটারের রাইফেলের পাশাপাশি যদি গুলি না থাকে, তিনি যতই প্র্যাকটিস করুন, কোনো লাভ হবে না। এত দিন কী করেছেন?আবদুল্লাহ: আমি এত দিন রাইফেলই স্পর্শ করিনি। সেটার উপায়ও ছিল না। এ অবস্থায় খেলাই তো ভুলে যাচ্ছি। ফেডারেশনে আসা ছাড়া প্র্যাকটিস করার উপায়ও নেই। বাড়িতে তো আর প্র্যাকটিস করা যায় না। এটা ফুটবল, ক্রিকেট নয় যে মাঠে গিয়ে খেললাম। ফেডারেশনের নতুন কমিটির কাছে আপনাদের প্রত্যাশা কেমন?আবদুল্লাহ: বেশি কিছু প্রত্যাশা নেই। একজন শ্যুটার হিসেবে চাইব সারা বছর যেন ক্যাম্প চলে। ক্লাব বা ফেডারেশন থেকেও উদ্যোগটা হতে পারে। আর যদি ভালো গেমস হয়, তাহলে যেন দেশের বাইরে পাঠায়। শুধু আমাকেই পাঠাতে হবে, সেটা বলছি না। যে চার-পাঁচজন ভালো খেলে, তাদেরই যেন পাঠায়। মোট কথা, সব সময় যেন আমাদের গেমের মধ্যে রাখে।এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল যায়নি। এপ্রিলে কোরিয়াতে বিশ্বকাপ। সেখানে খেলার স্বপ্ন দেখেন?আবদুল্লাহ: স্বপ্ন তো দেখিই। অন্যান্য দেশের শ্যুটাররা সারা বছরের সব আন্তর্জাতিক গেমসে অংশ নেয়। কিন্তু বাংলাদেশেই এই কালচার নেই। আমাদের এসব খেলায় যাওয়া উচিত। আর আগে থেকে সেটা জানা থাকলে প্রস্তুতিটাও ভালো হবে। সম্প্রতি আইওসি ভারতকে নিষিদ্ধ করেছে। এসএ গেমস নিয়ে সংশয় দেখা দিয়েছে। আপনাদের প্রস্তুতিতে কোনো প্রভাব পড়বে কি না?আবদুল্লাহ: আমার মনে হয়, এসব ঠিক হয়ে যাবে। ভারতকে তো চাইলেও শেষ পর্যন্ত নিষিদ্ধ করে রাখতে পারবে না আইওসি। তবে আমাদের এসব ভেবে কাজ নেই। আমরা আমাদের মতো প্রস্তুতি নিতে থাকব। আপনি তো জাতীয় শ্যুটিংয়ে টানা তিনবার ১০ মিটার এয়ার রাইফেলে চ্যাম্পিয়ন। সর্বশেষও ৬০০-তে ৫৯৩ স্কোর ছিল। এই এয়ারগান চ্যাম্পিয়নশিপে স্কোর বাড়িয়ে নেওয়ার ব্যাপারে কতটুকু আত্মবিশ্বাসী?আবদুল্লাহ: একটা মানুষ তখনই আত্মবিশ্বাসী হয়, যখন সে খেলার মধ্যে থাকে। কিন্তু আমাদের বেলায় কী হচ্ছে? পাঁচ মাস কোনো খেলা নেই। আপনি শুনলে অবাক হবেন, গত চার দিন শুধু রাইফেল নিয়ে ট্রাই করেছি। আজই প্রথম গুলি করলাম। মনে হচ্ছে, এখন ৫৯৩ করা খুব কঠিন হবে। তবে আমি সেরাটা খেলার চেষ্টা করব। লেখাপড়া ও খেলা—দুটো একসঙ্গে চালিয়ে নিতে সমস্যা হয় না?আবদুল্লাহ: সেটা তো হয়ই। আগামী ১৯ জানুয়ারি আমার ডিগ্রি পরীক্ষা শুরু। তাই একটু টেনশনেই আছি। ওদিকে খেলা। একই সঙ্গে দুটো সামলানো সহজ ব্যাপার নয়।