‘খেলার টানেই মাঠে আসি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলে আগের মতো দর্শক নেই। আবাহনী-মোহামেডানের খেলায়ও খাঁ খাঁ গ্যালারি। এই দর্শক আকালের দিনেও কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে খুঁজে পাওয়া গেল শহীদুল্লাহ কায়সারকে। বাংলাদেশ লিগে আবাহনী-রহমতগঞ্জ ম্যাচ দেখতে এসেছেন। ৪০ বছর ধরেই আসছেন। ফুটবলের সেকাল-একাল নিয়ে তাঁর চেয়ে ভালো আর কে বলতে পারবেন... এখন তো মাঠে দর্শক আসে না। আপনি কেন আসেন?শহীদুল্লাহ কায়সার: খেলার টানেই মাঠে আসি। খেলা না দেখলে ভালো লাগে না।  আপনি আবাহনীর সমর্থক। এই মৌসুমে আবাহনীর সব খেলা দেখেছেন?শহীদুল্লাহ: সব ম্যাচ দেখেছি। জানেন, আমার ভাগ্নে মারা গেছে কদিন আগে। আজ (গতকাল) মিলাদ মাহফিল ছিল। কিন্তু ফিকশ্চারে দেখি আবাহনীর খেলা। এ জন্য অনুষ্ঠানটা পিছিয়ে খেলা দেখতে এলাম।  এখন তো অনেক পাতানো ম্যাচ হচ্ছে বলে অভিযোগ। পাতানো ম্যাচ...তার পরও গ্যালারিতে বসে দেখেন। কেমন লাগে? শহীদুল্লাহ: আমার মনে হয় না পাতানো ম্যাচ হয়। ঢাকা আবাহনীর বিপক্ষে চট্টগ্রাম আবাহনীর খেলা হলে শক্তির দিক দিয়ে দুর্বল চট্টগ্রাম আবাহনী হারে। তখন সবাই বলে ম্যাচটা পাতানো ছিল।  আগে দর্শকের জোয়ার ছিল, এখন দর্শক না আসার কারণ কী বলে মনে হয় আপনার?শহীদুল্লাহ: খেলার মান কমে যাওয়ায় দর্শক আসছে না। মনে আছে, বিকেল পাঁচটায় খেলা থাকলেও দুপুর ১২টায় স্টেডিয়ামের বাইরে এসে বসে থাকতাম। অনেক লম্বা লাইন হতো। ১৯৯৬-৯৭ সাল পর্যন্তও দর্শক ছিল। মুন্না মারা যাওয়ার পর থেকেই দর্শক কমতে শুরু করে। এখন কালেভদ্রে আবাহনী-মোহামেডান ম্যাচে দর্শক হয়। বাড়িতে বাড়িতে আবাহনী, মোহামেডানের পতাকা উড়ত। আমি একবার ২৭ হাত লম্বা আবাহনীর পতাকা বানিয়েছিলাম। খেলার মান কমে গেছে বলছেন। খেলোয়াড়েরা তো বলেন মানটা ঠিকই আছে। কিন্তু এখন অনেক বিনোদন...শহীদুল্লাহ: আগে খেলায় গতি-ছন্দ ছিল। এখন কোনো পরিকল্পনা নেই। আগে মাঠে ছিল সালাউদ্দিন, সালাম মুর্শেদী, আজমত, চুন্নু, নান্নু, জাকির, আনোয়ার, মুন্নাদের মতো খেলোয়াড়। জুকভ, সের্গেই, সামির শাকির, প্রেমলাল, পাকির আলীদের খেলা দেখতেও মাঠে আসত অনেকে। এখন ওই মানের খেলোয়াড় নেই। এর কারণ কী?শহীদুল্লাহ: প্রথমত, মাঠের বড় অভাব। আবাহনী ছাড়া অন্য কোনো ক্লাবের মাঠই নেই। খেলোয়াড়দের ফিটনেসের অভাব। কোচিংয়ের মান ভালো না। তা ছাড়া খেলোয়াড়দের মধ্যে দলের জন্য আগের মতো দরদও নেই। খেলা নিয়ে স্মরণীয় কোনো ঘটনা...শহীদুল্লাহ: একবার আমার ১০৩ ডিগ্রি জ্বর। স্টেডিয়ামে আসব। কিন্তু কিছুতেই বাড়ি থেকে বের হতে পারছিলাম না। ডাক্তার দেখানোর কথা বলে বের হলাম, চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে এসেছিলাম।  প্রথম ম্যাচের কথা মনে আছে?শহীদুল্লাহ: স্পষ্ট মনে পড়ে। ১৯৬৮ সালের ঘটনা। মোহামেডান-বিজেএমসির ম্যাচ। তখন ক্লাস সিক্সে পড়ি। এই বঙ্গবন্ধু স্টেডিয়াম ছিল একতলা কাঠের গ্যালারি। হোটেল ছিল এক পাশে। হোটেলের ঝাঁপ সিস্টেম ছিল। সেদিন খেলায় গন্ডগোল হয়েছিল। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লে হুড়োহুড়ি করে বের হওয়ার সময় ঝাঁপের নিচে পড়ে গিয়েছিলাম।  এ পর্যন্ত কতগুলো ম্যাচ দেখেছেন?শহীদুল্লাহ: ঠিক মনে নেই। তবে আনুমানিক চার-পাঁচশ ম্যাচ তো হবেই। খেলা দেখার নেশাটা কীভাবে হলো?শহীদুল্লাহ: ছোটবেলা থেকেই টুকটাক ফুটবল খেলতাম। বাড্ডা তালতলায় একটা খেলার মাঠ ছিল, সেখানেই খেলাটা বেশি হতো। ইচ্ছে ছিল ফুটবলার হব। পরে আর সেটা হয়নি, কিন্তু খেলা দেখার নেশাটা ছাড়তে পারিনি।