'খ্যাপা ষাঁড়' হয়ে ফিরবেন মেসি!

ইনজুরির ছোবলে নভেম্বরে ছিটকে পড়লেন লিওনেল মেসি। ডিসেম্বরজুড়ে চলল পুনর্বাসন-প্রক্রিয়া। প্রত্যাশার চেয়েও দ্রুত সেরে উঠছেন মেসি। সব ঠিকঠাক থাকলে ৫ জানুয়ারিই মাঠে নামতে পারেন মেসি। প্রিয় সতীর্থের ফেরায় উদ্বেলিত সেস্ক ফ্যাব্রিগাস! বললেন, ‘খ্যাপা ষাঁড়’ হয়েই ফিরবেন মেসি!
যাঁর কাজ একটার পর একটা মোহনীয় গোলে মানুষকে মোহাবিষ্ট করা। ইনজুরির ফাঁড়ায় পড়ে সেই মেসির দিনগুলো কেমন কাটছিল? পা দুটো কি একটুও নিশপিশ করছিল না? করছিল হয়তো। সে যা হোক, মেসির প্রিয় বন্ধু ফ্যাব্রিগাস স্প্যানিশ দৈনিক ‘মার্কা’কে বললেন, ‘শারীরিকভাবে ওর বিশ্রাম প্রয়োজন ছিল। কেননা ও ইনজুরিতে ভুগছিল। এ অবস্থায় খেলা বন্ধ করার বিকল্প ছিল না।’ মেসির প্রত্যাবর্তন সম্পর্কে বার্সা তারকার মন্তব্য, ‘কিছুতেই সে থামবে না। ফিরবে “খ্যাপা ষাঁড়” হয়ে!’
ফ্যাব্রিগাস ভুল কিছু বলেছেন? ষাঁড় ঝাঁপিয়ে পড়ার আগে সামনের পা দিয়ে মাটিতে আঁচড় কেটে নেয়। গত একটা মাস সে কাজই করেছেন চারবারের ফিফা বর্ষসেরা! এ ব্যাপারে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর একটি মজার মন্তব্য রয়েছে, ‘মনে রাখবেন, ওর বিশ্রাম মানে ব্যাটারিতে চার্জ করে নিচ্ছে!’
পুনর্বাসন-প্রক্রিয়ার শেষে মেসি বার্সেলোনায় ফিরেছেন বুধবার। ৫ জানুয়ারি এলচের বিপক্ষে শীতকালীন বিরতির পর প্রথম ম্যাচেই মেসিকে মাঠে নামানোর কথা ভাবছেন কোচ জেরার্ডো মার্টিনো।