‘খ্যাপাটে’ সময়টা ভুলে যেতে চান আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলে ডাক পেয়েই শহীদ আফ্রিদি জানিয়ে দিলেন, হারানো সময় কেড়ে নেয়নি কিছুই। আগের মতোই ফিট আছেন, মানসিকভাবেও আছেন দারুণ অবস্থায়। দলের বাইরে থাকার সময়টাকে নিজেই বলছেন ‘খ্যাপাটে’ সময়। ওই অধ্যায়কে পেছনে ফেলে তাকাতে চান সামনে। সিনিয়র ক্রিকেটার হিসেবে দলের জন্য উজাড় করে দিতে চান নিজেকে। কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে মতানৈক্য এবং এ ভূমিকায় সদ্য সাবেক পিসিবির প্রধান ইজাজ বাটের ভূমিকায় ক্ষোভে গত ৩০ মে শর্ত সাপেক্ষে অবসর নিয়েছিলেন আফ্রিদি। অসুস্থতাকে কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন ওয়াকার ইউনুস, মেয়াদ শেষ হয়েছে বাটের। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই নতুন পিসিবির প্রধান জাকা আশরাফের সঙ্গে দেখা করেন আফ্রিদি। কয়েক ঘণ্টা পরই জায়গা পান শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে।আবার দলে ফেরায় আফ্রিদি স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত, ‘এভাবে দলের বাইরে থাকা ছিল সত্যিই দুঃখজনক। সময়টা ছিল খুব কঠিন, আমি খুশি যে আবার ফিরতে পেরেছি। আমি পুরোপুরি ফিট এবং খুব ভালো অবস্থায় আছি। অবসরের ওই খ্যাপাটে সময়টাকে পুষিয়ে দিতে চাই। অধিনায়ক থাকার সময় আমি মিসবাহসহ দলের অন্য সিনিয়র ক্রিকেটারদের সমর্থন পেয়েছিলাম পুরোপুরি। এখন একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে দলের জন্য অবদান রাখতে চাই।’সাবেক অধিনায়ক মুগ্ধ নতুন পিসিবি-প্রধানের সঙ্গে কথা বলেও, ‘জাকাকে আমার খুব সহায়তাপরায়ণ লোক বলে মনে হয়েছে। কখনো ক্রিকেট না খেললেও আমার মনে হয়েছে, তিনি ক্রিকেটারদের সমস্যাগুলো বুঝতে পারেন এবং সবকিছু ভালোভাবে সামলাতে পারেন। আমার ধারণা, পাকিস্তানের ক্রিকেটের ভালোর জন্য সম্ভব সবকিছুই তিনি করবেন।’বাইরে থাকার সময়টাতে পুরোপুরি ক্রিকেটবিহীন ছিলেন না আফ্রিদি। ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে খেলেছেন হ্যাম্পশায়ারের হয়ে। ওয়েবসাইট।