‘গতির রাজা’ আহমেদ জামাল
পাকিস্তানে এমন দিন আসবে, সেটা বোধ হয় একসময় অভাবনীয়ই ছিল। ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতারদের মতো বোলার জন্ম দিয়েছে যেই দেশ, তাদেরও কিনা পেসার খুঁজতে প্রতিযোগিতার আয়োজন করতে হয়! ‘কিং অব স্পিড’ নামের এই প্রতিযোগিতায় জয়ী হয়েছেন অ্যাবোটাবাদের তরুণ আহমেদ জামাল।পাকিস্তানের ফাস্ট বোলারদের স্বর্ণযুগ এখন কেবল স্মৃতিচারণার উপলক্ষ। কিছুদিন আগে ভালো পেস বোলারের অভাব নিয়ে প্রধান নির্বাচক ইকবাল কাসিম হাপিত্যেশ করার পর পিসিবি আয়োজন করে এই প্রতিযোগিতার। এতে সেরা হয়ে ১০ লাখ রুপি পুরস্কার জিতেছেন ২৪ বছর বয়সী জামাল, যিনি ঘণ্টায় ১৪৩ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পেরেছেন স্পিডগানে। এএফপি।জামাল স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত, ‘আমি রোমাঞ্চিত, দারুণ খুশিও। জেতার আগে আমার পা মাটিতেই ছিল, জেতার পরও তা-ই থাকবে। এখন আমি সবার কাছে চেনাতে চাই নিজেকে।’ ৬ ফুট ৪ ইঞ্চির এই পেসার তাঁর আদর্শ হিসেবে বলেছেন শোয়েবের কথা, ‘শোয়েবকে দেখার পরই আমি অনুপ্রাণিত হয়েছিলাম। আমি তার মতো গতিতেই বোলিং করতে চাই।’পাকিস্তানের ১০টি শহর থেকে বাছাই করা ২০ ফাস্ট বোলারকে নিয়ে ট্রেনিং ক্যাম্প হয়েছে ওয়াসিম আকরামের নেতৃত্বে। এই কিংবদন্তি বাঁহাতি পেসার এটাকে মনে করছেন মাত্র শুরু, ‘এটা ছিল সংক্ষিপ্ত একটা ক্যাম্প। আমরা এখানেই থামব না। যা খেয়াল করলাম, সব বোলারই খুব উৎসুক, শেখার আগ্রহও আছে। এটাই প্রমাণ করে, আগামী পাঁচ বছরে পেস বিভাগে কোনো সমস্যা হবে না।’ জামালকে নিয়েও আশাবাদ ঝরেছে তাঁর কণ্ঠে, ‘আমি প্রথম দিনেই ওকে লক্ষ করেছিলাম, খুবই প্রতিভাবান মনে হয়েছে ওকে। আমি মনে করি, পরিশ্রম করলে সে তার গতি বাড়াতে পারবে এবং দেশের জন্য সম্পদ হতে পারবে।’