'গতির সঙ্গে আপস করিনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেন বন্ড
শেন বন্ড

২০০১ সালে শুরু, ২০১০ সালে শেষ। অথচ টেস্ট খেলতে পেরেছেন মাত্র ১৮টি, ওয়ানডে ৮২টি। টেস্টে ৮৭ উইকেট, স্ট্রাইক রেট সর্বকালের চতুর্থ সেরা। ওয়ানডেতে ১৪২ উইকেট, স্ট্রাইক রেট সর্বকালের সপ্তম সেরা। এই পরিসংখ্যানই বলছে, সব সময়ের সেরাদের তালিকায় থাকার প্রতিভা-সামর্থ্য তাঁর ছিল। পারেননি ক্যারিয়ারজুড়ে পিছু লেগে থাকা চোটের কারণে। সেই আক্ষেপ ভুলে থাকার চেষ্টা করছেন নতুন ভূমিকায়। কয়েক দিন আগে নিউজিল্যান্ডের বোলিং কোচ শেন বন্ড-এর মুখোমুখি হয়েছিলেন আরিফুল ইসলাম
 নাছোড়বান্দা চোটের কারণে আপনার ক্যারিয়ার ফুল হয়ে ফুটতে না-পারা নিয়ে অনেক কথা হয়েছে। অন্য বিষয় দিয়ে শুরু করি। স্যার রিচার্ড হ্যাডলিই তো আপনার আদর্শ ছিলেন, তাই না?
বন্ড: হ্যাডলিই ছিলেন আমার শৈশবের নায়ক। সব সময় রিচার্ড হ্যাডলির মতো হতে চেয়েছি, তাঁর মতো বোলিং করতে চেয়েছি। দিনের পর দিন তাঁর ভিডিও দেখেছি। তাঁর ক্যারিয়ারের খুঁটিনাটি সব আমার মুখস্থ।
 আপনার নায়কও তো একপর্যায়ে গতি কমিয়ে সুইং আর লেংথের দিকে মন দিয়েছেন। চোট-আঘাতে জর্জরিত হয়ে আপনারও কি মনে হয়নি গতি কমিয়ে দিই?
বন্ড: কখনোই না! এই পরামর্শ অনেকেই দিয়েছে। হ্যাডলির উদাহরণ দিয়েছে। কিন্তু গতির সঙ্গে কখনোই আপস করতে চাইনি। আমি বন্ড হয়েছি তো জোরে বোলিং করতে পারার কারণেই! আর আমিই ছিলাম দলের মূল স্ট্রাইক বোলার। তাই কারও কথা শুনিনি। ভেবেছি ক্যারিয়ার ছোট হলে হবে, কিন্তু গতির সঙ্গে আপস করিনি।
 হ্যাডলির পর নিউজিল্যান্ডের সর্বকালের সেরা বলে প্রায় সবাই আপনাকে একবাক্যে মেনে নেন। কীভাবে দেখেন এটিকে?
বন্ড: আমি কোনোভাবেই হ্যাডলির উচ্চতায় নই, ওই ক্লাসেরই নই। হয়তো কখনোই হতে পারতাম না। ম্যাচই খেলতে পেরেছি খুব কম। তবে এই সময়ে যা করতে পেরেছি, তাতে আমি তৃপ্ত। আমার মনে হয়, যেটুকু সুযোগ পেয়েছি, আমি তার পুরো সদ্ব্যবহার করতে পেরেছি। লোকে যখন বলে হ্যাডলির পর সেরা, শুনতে ভালোই লাগে।
 যাঁদের বিপক্ষে বোলিং করেছেন, সবচেয়ে কঠিন মনে হয়েছে কাকে?
বন্ড: দু-একজনকে বেছে নেওয়া মুশকিল। আমাদের সময়টা বিশ্ব ক্রিকেটের জন্যই খুব রোমাঞ্চকর ছিল। অস্ট্রেলিয়া ছিল অবিশ্বাস্য এক দল, ভারতের ব্যাটিং লাইনআপ ছিল দুর্দান্ত। ওদিকে ব্রায়ান লারা তো ছিলই, কার্ল হুপারও খুব ভালো ছিল। টেন্ডুলকার-লারা একটু খাটো ছিল বলে ওদের বিপক্ষে লেংথ খুঁজে পাওয়াটা কঠিন ছিল। ম্যাথু হেইডেন আবার উচ্চতা আর শারীরিক শক্তিকে কাজে লাগিয়ে শুরু থেকেই বোলারদের মনোবল গুঁড়িয়ে দিতে চাইত। তবে আমার তৃপ্তির একটা জায়গা—টেন্ডুলকার, লারা, দ্রাবিড়, ক্যালিস, পন্টিং—সময়ের সব গ্রেটের উইকেটই আমি পেয়েছি।
 সবচেয়ে বেশিবার আউট করেছেন তো পন্টিংকে। বিশেষ কিছু ছিল তাঁর সঙ্গে?
বন্ড: নাহ্। পন্টিং চ্যালেঞ্জ নিতে ভালোবাসত, শট খেলত। কিছু ভালো ডেলিভারি, কিছু ভাগ্যের সহায়তা মিলিয়েই হয়ে গেছে। তবে সেটা আসলে খুব বেশ পার্থক্য গড়ে দেয়নি। কারণ জানতাম, পরের ম্যাচেই পন্টিং আমাকে তুলাধোনা করতে চাইবে!
 কিন্তু সেরাটা তো আপনি জমিয়ে রাখতেন অস্ট্রেলিয়ার জন্যই। ড্যানি মরিসন একটা সাক্ষাৎকারে বলেছিলেন, জীবনের সব ক্ষেত্রেই ট্রান্স-তাসমান একটা প্রতিযোগিতা ক্রিকেটেও কিউইদের তাতিয়ে দিত। আসলেই কি তাই?
বন্ড: সেটার কিছুটা ভূমিকা তো আছেই। প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের এক ধরনের অদৃশ্য প্রতিযোগিতা আছে। আমরা জানতাম, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ লোকে বেশি দেখবে। আরেকটা ভীতিকর উপাদানও ছিল। ওরা এতটাই ভালো ছিল যে জানতাম, ওদের বিপক্ষে ভালো বোলিং করতে না পারলে রক্ষে নেই। স্রেফ পিষে ফেলবে। সেরা দলের বিপক্ষে ভালো করার তাড়নারও একটা ভূমিকা আছে। আমি অবশ্য ওদের বিপক্ষে খেলা হলেই খুব নার্ভাস থাকতাম!
 বোলিংয়ে তো সেটা বোঝা যায়নি একটুও!
বন্ড: আমার অভিষেক টেস্টে পন্টিং-ল্যাঙ্গাররা আমাকে তুলাধোনা করে ছেড়েছিল! আর সত্যি বলতে শুধু অস্ট্রেলিয়া নয়, সব সময়ই ম্যাচের আগে আমি নার্ভাস থাকতাম।
 মাঠে আপনাকে কখনো স্লেজিং করতে দেখা যায়নি, শরীরী ভাষাতেও ছিল না ডাকাবুকো ভাব। ফাস্ট বোলারদের জন্য যেটিকে ব্যতিক্রমই বলতে হবে...
বন্ড: আমার ধরনই অমন। মুখে নয়, বোলিংয়েই কথা বলতে চাইতাম। কিন্তু ব্যাটসম্যানকে বাউন্সার ছুড়তে, ভড়কে দিতে, ব্যাকফুটে ঠেলে দিতে উপভোগ করতাম।
 সবচেয়ে স্মরণীয় বল?
বন্ড: আমার প্রথম আন্তর্জাতিক সিরিজেই (পঞ্চম ম্যাচে) একটা ইয়র্কারে বোল্ড করেছিলাম অ্যাডাম গিলক্রিস্টকে। গিলক্রিস্টও পরে বলেছিল, ওর খেলা অন্যতম সেরা বল ছিল সেটি। মজার ব্যাপার হলো, আমি করতে চেয়েছিলাম লেংথ বোলিং, হাত থেকে ফসকে হয়ে গিয়েছিল ইয়র্কার!
 নিজের খেলা দ্রুততম বোলার?
বন্ড: ব্রেট লি, ওকে খেলা ছিল ভয়ংকর অভিজ্ঞতা!
 নাম যেহেতু বন্ড, ০০৭-সংক্রান্ত প্রশ্ন নিশ্চয়ই অনেক শুনতে হয়েছে জীবনে?
বন্ড: শুরুতে খারাপ লাগত না। তবে সবাই বেশি বেশি বলার পর বিরক্ত লাগত। স্রেফ ‘বন্ডি’ শুনতেই ভালো লাগে।
 প্রিয় জেমস বন্ড সিনেমা?
বন্ড: ড্যানিয়েল ক্রেগের প্রথমটি, ক্যাসিনো রয়্যাল।
 পেশাদার ক্রিকেটার হওয়ার আগে ছিলেন পুলিশ কর্মকর্তা। দুই জীবনের যদি তুলনা করতে বলা হয়?
বন্ড: পুলিশে চাকরি করার সময় প্রতিদিন কাজে যাওয়ার সময় জানতাম না, আজ আমার জন্য কী অপেক্ষা করছে। সব সময়ই চাপে থাকতে হতো। পুলিশ জীবনে দেখেছি সমাজের আরেকটা অধ্যায়, যা আমাদের চেনা জগতের বাইরে। ক্রিকেটেও চাপে থাকতে হয়েছে, তবে অন্য রকম। ব্যাটসম্যানকে সামলানোর চাপ, জেতার চাপ, এমনকি দর্শকদের চাপের সঙ্গে মানিয়ে নেওয়া, বিশেষ করে অস্ট্রেলিয়ায়। তবে পুলিশের চাকরি আর ক্রিকেট খেলা, এই দুটি কাজই আমি সব সময় করতে চেয়েছি। আমি ভাগ্যবান, জীবনে দুটোই করতে পেরেছি।