'গরিব' অ্যাটলেটিকোর বীরত্বগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই মৌসুমের বিস্ময় অ্যাটলেটিকো
এই মৌসুমের বিস্ময় অ্যাটলেটিকো

‘গরিব’ শব্দটি যদি কেবল অর্থসংক্রান্ত পরিমাপক হয়, তাহলে অ্যাটলেটিকো মাদ্রিদ সেটাই। আক্ষরিক অর্থেই একটি দরিদ্র ফুটবল ক্লাব। অথচ এই দলটিই কিনা এই মৌসুমে স্প্যানিশ লা লিগার শিরোপা জেতার পথে। ইউরোপ-সেরার লড়াইয়ের ব্যাপারটা তো থাকছেই। কেউ কি ভেবেছিল এই দলটিই ইউরোপের ‘ধনী’ দলগুলোকে কুপোকাত করে পৌঁছে যাবে চ্যাম্পিয়নস লিগের শেষ চারে?

ফুটবলের লড়াইয়ে অ্যাটলেটিকো দরিদ্র নয়। তারা এই জায়গাটিতে যথেষ্ট সম্পদশালী। ঐতিহ্যের দিক দিয়েও তারা কম যায় না। কিন্তু আধুনিক ফুটবল জগতের নিঠুর বাস্তবতায় তারা দরিদ্র। কারণ তাদের অর্থ নেই। আয় কম। এই দলটিই যখন তারকাবিহীন একটা দল নিয়ে লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করে, চ্যাম্পিয়নস লিগে চেলসি, বায়ার্ন মিউনিখকে চোখরাঙানি দেয়, তখন একে কী বলবেন? মিরাকল! কিন্তু এমন নয়, এ সবই তাদের পড়ে পাওয়া। যোগ্যতা দিয়েই বীরের মতো এগিয়ে চলেছে অ্যাটলেটিকো।

অ্যাটলেটিকোর বার্ষিক রাজস্ব কত জানেন? মাত্র ৮৯ মিলিয়ন পাউন্ড। জ্ঞাতি ভাই রিয়াল মাদ্রিদের আয় ৫০০ মিলিয়ন পাউন্ড। ইউরোপীয় ফুটবলের এই মৌসুমটা সত্যিই রোমান্টিসিজমে ভরা। ইংলিশ প্রিমিয়ার লিগের দিকেই তাকান। ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, চেলসিকে পেছনে ফেলে ২৪ বছর পর প্রিমিয়ারশিপের রঙ্গমঞ্চে আবারও রাজা সাজার পথে লিভারপুল। ইংলিশ ফুটবলের প্রেক্ষাপটে লিভারপুল কিন্তু ‘দরিদ্র’ই। ম্যানচেস্টার সিটি বছরে যেখানে ২৩৩ মিলিয়ন পাউন্ড খরচ করে শুধু খেলোয়াড়দের বেতন দিতে, সেখানে লিভারপুলের এই খাতে খরচ ১১৬.৫ মিলিয়ন পাউন্ড।

অ্যাটলেটিকো মাদ্রিদের অবস্থাটা লিভারপুলের চেয়ে আরও খারাপ। হিসাব-নিকাশের ‘ফাইনাল অ্যাকাউন্ট’ মেলাতে নাকি এই মৌসুম শেষে অ্যাটলেটিকোকে বিক্রির জন্য তোলা হবে!

টাকায় বাঘের দুধও মেলে—এই দর্শনটাই প্রতিষ্ঠিত হতে চলেছিল ফুটবলে। দেদার টাকা ঢেলে যখন চেলসিকে অনুসরণ করে ম্যানচেস্টার সিটিও বড় ক্লাবের মর্যাদা পেয়েছে, যখন বায়ার্ন মিউনিখ এমন একটা স্কোয়াড গড়ে তুলেছে যাদের রিজার্ভ বেঞ্চও অন্য অনেক দলের চেয়েও শক্তিশালী, যখন রিয়াল অবলীলায় ১০০ মিলিয়ন ইউরো খরচ করছে মাত্র একটা খেলোয়াড়ের পেছনেই, যখন তরুণ প্রতিভায় বিনিয়োগে বিশ্বাসী বার্সেলোনার মতো ক্লাবও দেদার টাকা ঢালছে ট্রান্সফার মার্কেটে; সেই সময় অ্যাটলেটিকো সাধারণ একটা দলকে নিয়েই অসাধারণ রূপকথার জন্ম দিয়েছে।

শুধু তা-ই নয়, মনে রাখবেন, মাদ্রিদের এই ক্লাবটি কিন্তু ধনী ক্লাবগুলোর লোলুপ দৃষ্টি থেকে বাঁচাতে পারেনি তাদের গত মৌসুমের তারকা রাদামেল ফ্যালকাওকে। ফ্যালকাওকে বেচে বড় কোনো তারকাও কেনেনি। আস্থা রেখেছে ডিয়েগো কস্তার ওপর। সেই কস্তা ফ্যালকাওয়ের অভাব পূরণ করেও বাড়তি কিছু দিয়েছেন।

অ্যাটলেটিকো প্রমাণ করে দিয়েছে, ফুটবলে টাকার বাইরেও আরও অনেক কিছু আছে। পথ কিন্তু দেখিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড। যে ক্লাবটি নিজের সেরা খেলোয়াড়দের ধরে রাখতে অক্ষম কেবল অর্থের অভাবে, যে ক্লাবকে ঋণ দিয়ে একসময় টিকে থাকার দৌড়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল চির প্রতিদ্বন্দ্বী বায়ার্ন, সেই বরুসিয়ায় কীভাবে যেন গত মৌসুমে উঠে গেল চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।

আজ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো খেলতে নামবে চেলসির বিপক্ষে। যেকোনো বিচারেই অ্যাটলেটিকোর চেয়ে চেলসি অনেক ধনী একটি ক্লাব। রিয়াল, বার্সা, বায়ার্নের মতো না হলেও চেলসির বার্ষিক আয় ২৫৫ মিলিয়ন পাউন্ড। এমন একটি ক্লাবের বিপক্ষে লড়াইয়ে অনেকেই মনে করেন অ্যাটলেটিকোর মূল মন্ত্র তাদের কোচ ডিয়েগো সিমিওনের ফুটবল দর্শন।

এই দর্শন অনুসরণ করে ধীরলয়ে তিনি খেলোয়াড়দের পারফরম্যান্সে উন্নতি ঘটিয়েছেন। দলকে উদ্বুদ্ধ করেছেন জয়ের নেশায়। সাফল্য এমন একটা ব্যাপার, যেটা একবার পেয়ে গেলে আর পেছনে ফিরে তাকানোর জো থাকে না। সিমিওনে তাঁর দলকে গড়েছেন ঠিক এই ধারণায়।

সিমিওনের সবচেয়ে বড় সাফল্য মেসিকে একেবারেই অকার্যকর করে ফেলার সবচেয়ে কার্যকর উপায় আবিষ্কার করা। এই মৌসুমে পাঁচবার মুখোমুখি হয়েছে অ্যাটলেটিকো-বার্সা। একটি গোলও করতে পারেননি মেসি! অন্যগ্রহের মেসিকে পাড়াতো ফুটবলার বানিয়ে ফেলার সিমিওনের এই আশ্চর্যমন্ত্রের কাছে এখন হাত পাতছে সবাই। 

এবার সবকিছু ভুলে যান। লুইস আরাগোনেসকে স্মরণ করুন। সেই আরাগোনেস যিনি ২০০৮ সালে স্পেনকে দিয়েছিলেন নতুন দিনের সন্ধান। যাঁর হাত ধরেই স্পেন ২০০৮ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতে এক নতুন পথচলার সূচনা করেছিল। অ্যাটলেটিকোকে একসময় ‘নিজের জীবনের অংশ’ হিসেবে অভিহিত করা এই আরাগোনেসও কিন্তু আছেন এবারের অ্যাটলেটিকোর সাফল্যের নেপথ্য নায়ক হিসেবে। হ্যাঁ, নেপথ্য নায়ক। এই ফেব্রুয়ারির পয়লা তারিখে জীবন নদীর ওপারে আশ্রয় নেওয়া আরাগোনেস নাকি ওপর থেকে আশীর্বাদ করে চলেছেন পুরো দলকে। একটু অদ্ভুত লাগল? অ্যাটলেটিকোর প্রতিটি সদস্য কিন্তু বিষয়টিকে এভাবেই দেখতে পছন্দ করেন। বিজ্ঞানবাদীরা বিব্রত হতে পারেন, কিন্তু অ্যাটলেটিকোর এই আবেগের জায়গায় হাত দেওয়ার ধৃষ্টতা কিন্তু কারোরই নেই! সূত্র: ওয়ার্ল্ড সকার, এএফপি ও অন্যান্য ওয়েবসাইট।