‘গাধা’ কুকের পাল্টা জবাব
ব্যাট হাতে ঝড় তোলার অভ্যাস খুব একটা নেই। মাঠের বাইরেও অ্যালিস্টার কুকের ভাবমূর্তি তেমনটাই, শান্ত-সুস্থির। কিন্তু পূর্বসূরির কড়া সমালোচনায় খোলস থেকে বেরিয়ে এলেন ইংল্যান্ডের নতুন ওয়ানডে অধিনায়ক। ইংল্যান্ডের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরুর আগে কুককে মাইক আথারটন বলেছেন ‘মন্থর’ আর ‘গর্দভ’। সাবেক অধিনায়কের এমন ‘শুভেচ্ছায়’ নতুন অধিনায়কের জবাব, ‘যে যেমন, সে তো সবাইকে তেমনই ভাববে!’ইংল্যান্ডকে ৫৪ টেস্ট ও ৪৩ ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া আথারটন এখন দ্য টাইমস-এর ক্রিকেট প্রতিনিধি, একই সঙ্গে স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার। গত বছর ব্রিটিশ প্রেস অ্যাওয়ার্ডে বর্ষসেরা ক্রীড়া সাংবাদিকও নির্বাচিত হয়েছেন। পরশু স্কাই টিভির আলোচনাতেই আথারটন বলেন, ‘টপ অর্ডারে সে (কুক) মন্থর একজন ব্যাটসম্যান, ফিল্ডিংয়ে এক প্রকারের গর্দভ।’ ওয়ানডের সঙ্গে ব্যাটিংটা মানানসই নয় বলেই ৫ বছরে মাত্র ২৬টি ওয়ানডে খেলতে পেরেছেন কুক। একটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটিতে রান ৫৮৫, স্ট্রাইক রেট ৭১.৩৮। স্বপ্নের মতো একটা অ্যাশেজ কাটানোর পরও জায়গা হয়নি বিশ্বকাপ দলে। তবে বাঁহাতি ওপেনার ওয়ানডেতে ফিরেছেন অধিনায়ক হয়ে।মজার ব্যাপার হলো, ব্যাট হাতে শম্বুক গতির জন্য আথারটন নিজেই ছিলেন ‘বিখ্যাত’। তাঁর ক্যারিয়ার স্ট্রাইক রেট ৫৮.৬৪, নব্বই দশকের বিবেচনাতেও যেটাকে বলতে হয় বেশ খারাপ। ওয়ানডেতে কমপক্ষে ১৫০০ রান করা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম ছয় মারার রেকর্ড (মাত্র একটি) তাঁরই। ফিল্ডিংয়েও অসাধারণ কিছু ছিলেন না। ১১৫টি টেস্ট খেললেও ওয়ানডে খেলতে পেরেছিলেন তাই মাত্র ৫৪টি।নিয়মিত অধিনায়ক হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে অনাকাঙ্ক্ষিত প্রসঙ্গটি নিয়ে কথা বলতে হলো কুককে। জবাবটাও হলো জুতসই, ‘আমার মনে হয়, যে যেমন, সে সবাইকে তেমনই ভাবে। তবে কে কী ভাবল, এ নিয়ে আমার ভাবনা নেই। আমি নিজে জানি, আমি যথেষ্ট দ্রুত রান করতে পারি। ওয়ানডেতে আমার একটি সেঞ্চুরি আছে, আমি জানি আরও করতে পারব। এ ক্ষেত্রে স্ট্রাউস আমার জন্য আদর্শ উদাহরণ। শুরুতে ওর স্ট্রাইক রেট ছিল ৬০-এর মতো, কিন্তু শেষের দিকে ৮০। আশা করি, আমি স্ট্রাউসকে অনুসরণ করতে পারব।’ ওয়েবসাইট।