'গার্দিওলাতে' চোখ মার্টিনোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেরার্ডো মার্টিনো
জেরার্ডো মার্টিনো

প্রথমবারের মতো পা রেখেছিলেন ইউরোপিয়ান ফুটবল অঙ্গনে। সেটাও আবার বার্সেলোনার মতো সর্বজয়ী দলের কোচ হিসেবে। জেরার্ডো মার্টিনো কেমন করতে পারবেন সেটা নিয়ে হয়তো শুরুতে সংশয়েই ছিলেন অনেকে। কিন্তু পেপ গার্দিওলা আর টিটো ভিলানোভার সাফল্যের ধারাবাহিকতা ঠিকই ধরে রেখেছেন এই আর্জেন্টাইন কোচ। অনেক ক্ষেত্রে বরং তাদেরকে ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাসই দিচ্ছেন টাটা মার্টিনো।

নতুন এই কোচের অধীনে শুরু থেকে এ পর্যন্ত টানা ২০টি ম্যাচ হারের মুখ দেখেনি বার্সেলোনা। আজ চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আয়াক্সের বিপক্ষে জিততে পারলেই টানা ২১ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করবেন মার্টিনো। ২০১১-১২ মৌসুমে রেকর্ডটি করেছিলেন গার্দিওলা। তবে মার্টিনো এ নিয়ে রেকর্ড নিয়ে মাথা ঘামাচ্ছেন না বলেই দাবি করলেন। গার্দিওলার রেকর্ড তিনি চান বটে। তবে এটি নয়। অন্য আরেকটি। তিনি চান এক বছরে ছয়টি ক্লাব শিরোপার সবগুলোই জেতার যে বিস্ময়কর কীর্তি গড়েছিলেন গার্দিওলা, সেটাই স্পর্শ করতে।

মার্টিনো বলেছে, ‘আমি ২০০৯ সালে বার্সেলোনার ছয়টি শিরোপা জয়ের রেকর্ডটা স্পর্শ করতে চাই। অপরাজিত থাকার এই রেকর্ড কোনো অর্থ বহন করে না।’

তবে মার্টিনো খুব একটা পাত্তা না দিলেও অপরাজিত থাকার রেকর্ডটা হয়তো অনুপ্রেরণাই জোগাবে কাতালানদের। ২১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটা ছোঁয়ার জন্য আজ অবশ্য কঠিন পরীক্ষাতেই নামতে হবে মার্টিনোকে। ডাচ লিগ চ্যাম্পিয়ন আয়াক্সের বিপক্ষে বার্সেলোনাকে খেলতে হবে দলের বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে ছাড়াই। ইনজুরির কারণে মাঠে নামতে পারবেন না মেসি, ভালদেস, জর্ডি আলবা, আদ্রিয়ানো ও দানি আলভেজ। ভালো ফর্মে থাকা আলেক্সিস সানচেজও খেলতে পারবেন না নিষেধাজ্ঞার জন্য।

প্রতিপক্ষের কিছুটা সুবিধা হবে স্বীকার করলেও এটাকে খুব বড় সমস্যা হিসেবে দেখছেন না মার্টিনো, ‘মেসি, জাভি, আলবাদের মতো খেলোয়াড়দের ছাড়া খেলাটা খুব একটা সহজ নয়। কিন্তু আমার বিশ্বাস, এই পরিস্থিতি মোকাবিলা করার মতো সামর্থ্য আমাদের আছে। প্রতিপক্ষ হয়তো কিছুটা সুবিধা পাবে কিন্তু আমাদের জন্য এটা খুব বেশি সমস্যা হবে না।’

শুধু ক্রিকেটের সর্বশেষ স্কোর জানতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে। যেকোনো খেলার আপডেট পেতে S লিখে এসএমএস করুন 2221 নম্বরে।