‘গিগস-সম্পদ’ রক্ষাকল্পে...
প্রতিপক্ষ আর্সেনাল। ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য ম্যাচটি কখনোই সহজ নয়। কঠিন ম্যাচটি জিতলে প্রিমিয়ার লিগে ১৯তম শিরোপার আরও কাছে চলে যাবে অ্যালেক্স ফার্গুসনের দল। আজ ম্যানইউর গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলছেন না রায়ান গিগস।নিজের ১৭তম জন্মদিনে পেশাদারি ফুটবলে পা রাখেন ম্যানইউর হয়ে। সেই থেকে গিগস ম্যানইউতেই আছেন। ‘রেড ডেভিল’দের লাল জার্সি গায়ে খেলে ফেলেছেন ৮৭৩টি ম্যাচ। ম্যানইউর অনেক গুরুত্বপূর্ণ জয়ের রূপকার আজকের ৩৭ বছর বয়সী গিগস। এককথায় এখন তিনি ম্যানইউর প্রতীক হয়ে গেছেন। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর মতো খেলোয়াড় থাকছেন না কেন? চোট-টোট নেই, গিগসকে ফার্গুসন এ ম্যাচে খেলাচ্ছেন না ‘সম্পদ রক্ষার চিন্তা’ থেকে। গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে অসাধারণ খেলেছেন গিগস। সবচেয়ে বয়সী গোলদাতার রেকর্ডও গড়েছেন শালকের বিপক্ষে ম্যাচটিতে। তবে গিগসকে ‘চিরতরুণ’ বলা হলেও মানবশরীর তো একটা যন্ত্রের মতোই। অতিরিক্ত ব্যবহারে যা বিকল হতেই পারে। ম্যানইউর ‘গিগস-যন্ত্র’ যাতে মুখ থুবড়ে পড়ে না যায়, সেই সতর্কতা থেকেই ফার্গুসনের এই উদ্যোগ। ‘সে (গিগস) এই ম্যাচে খেলবে না। এই ৩৭ বছরেও ও মোটেই ক্লান্ত নয়। ওকে আসলে বিশ্রাম দিচ্ছি। বুধবার চ্যাম্পিয়নস লিগে শালকের বিপক্ষে খেলবে রায়ান। আর এখন ওকে এভাবেই ব্যবহার করতে হবে। সতেজ থাকলে ক্লান্তি ওকে পেয়ে বসবে না’—বলেছেন ম্যানইউ কোচ।তবে গিগস নেই বলে ম্যানইউ শক্তিহীন হয়ে যাবে—এমনটা মানতে রাজি নন ফার্গুসন। এই দলটিকে তাঁর কাছে লাগে অন্য রকম, ‘পরাজয় যে কী, এই দলটি সেটা জানেই না। আমার এই দলটি দৃঢ়প্রতিজ্ঞ, সাহসী এবং পেশাদার। এই দলে রোনালদো-ফ্যাক্টর হয়তো নেই, তবে এ মৌসুমে বেশ কয়েকজন খুব ভালো খেলেছে।’মৌসুমের শুরুটা খুব একটা ভালো না গেলেও এখন আবার ছন্দে ফিরেছেন ওয়েইন রুনি। ভালো খেলছেন এ মৌসুমেই ম্যানইউতে নাম লেখানো মেক্সিকান স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজ। গিগস মনে করেন, এ দুজনের যে কেউই ম্যানইউকে জেতাতে পারেন। ওয়েবসাইট।